কনটেস্টেড উইল: হু রোট শেক্সপিয়ার বইটির লেখক জেমস সাপিরো। প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের সিমন অ্যান্ড সুস্টার প্রকাশনী থেকে। বইটির এ আলোচনা দ্য ইকনোমিস্ট-এর ২৫ মার্চ ২০১০ সংখ্যা থেকে অনূদিত হলোউইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে জেমস সাপিরোর প্রথম বইট বেরিয়েছিল ২০০৫ সালে, ১৫৯৯ নামে। আবার তিনি উদ্যত হয়েছেন সেই পুরোনো পেঁয়াজের খোসা ছড়াতে, অর্থাৎ শেক্সপিয়ারের লেখাগুলো আদতেই শেক্সপিয়ারের লেখা কি না এই পুরোনো বিতর্কের একটা ইতি টানতে। মূলধারার শেক্সপিয়ার বিশেষজ্ঞরা বিষয়টিকে সব সময় পাশ কাটিয়েই চলেছেন। কিন্তু ফ্রান্সিস বেকন, এডওয়ার্ড দ্য ভেরে কিংবা ক্রিস্টোফার মার্লো—এঁদের যাঁরা আসল শেক্সপিয়ার মনে করেন তাঁদের দাবিও ক্রমে সোচ্চার হচ্ছিল। চক্রান্ততত্ত্বের প্রতি মানুষের অনিবার আকর্ষণ, বিষয়টিকে কিছু মহলের ব্যালান্স করার চেষ্টা এবং ইন্টারনেটের উত্থান বিষয়টিকে আবার নতুন করে হাজির করেছে। মানুষ এ নিয়ে কথাবার্তা শুনতে আগ্রহী। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়েও বিষয়টি পড়ানো হয়। অনেক বিখ্যাত লোকও আটকে ছিলেন এই বিভ্রান্তিতে। এমনকি মার্ক টোয়েন, হেলেন কেলার এবং সিগমুন্ড ফ্রয়েডের মতো ব্যক্তিত্বও। ‘নাটকগুলো কে লিখল এটা জানা কি এতই জরুরি?’ একজন প্রশ্ন করেছিলেন লেখককে। জেমস সাপিরোর (যিনি শেক্সপিয়ারকেই আসল লেখক মনে করেন) মতে এটা আসলেই জরুরি। বইটি পড়ার পর পাঠকেরাও তাঁর সঙ্গে একমত হবেন।লেখক-স্বত্বের এই বিতর্কের ভিত্তি দুটো: একটি আভিজাত্যের অহমিকাবোধ। আরেকটি হলো কোনো লেখকের রচনা তার ব্যক্তিত্বেরই প্রতিফলন—এ রকম ধারণা। কী করে একজন অশিক্ষিত, ঘরকুনো হাতমোজা কারিগরের ছেলে রাজনীতি, দর্শন, সংগীত, আইন, রাজপ্রাসাদ, অভিজাতদের সম্পর্কে এত গভীর ধারণা অর্জন করলেন, এত গূঢ় সংবাদ আয়ত্ত করলেন তা অনেকের কাছেই বোধগম্য নয়। তাই বিতর্ক চলছেই। এর চেয়ে নিদারুণ যুক্তিও তাদের আছে। ব্যবসামনস্ক, সম্পদ-সন্ধানী, ঋণের কারবারি—এ রকম বিষয়ী একজন লোক (তাঁকে নিয়ে যে তথ্যচিত্রগুলো আছে, তাতে এ রকম একজন মানুষকেই আমরা পাই) আর এই মহৎ রচনাগুলোর স্রষ্টা একই ব্যক্তি হন কী করে? এই প্রশ্নগুলোতে সন্নিহিত সাংস্কৃতিক আধিপত্যবাদ, ইতিহাসের অন্ধগলি ও ভ্রান্তির ধারাবাহিকতাগুলো সাপিরো চিহ্নিত করেছেন। অষ্টাদশ শতকের আগে কেউ লেখকের জীবন-পর্যালোচনার আকর হিসেবে তাঁর রচিত নাটকগুলো পড়ার কথা চিন্তাও করেনি। নাটকগুলোর পারম্পর্য বা রচনাক্রম তৈরির চেষ্টাও কেউ কখনো করেনি। সাহিত্যকর্ম লেখকের ব্যক্তিত্বকে ধারণ করে, আরও বিশদভাবে বললে, লেখালেখিতে, অক্ষরের মধ্যে লেখকের প্রতিবিম্ব ধরা থাকে—এগুলো আসলে একেবারেই সামপ্রতিক চিন্তাভাবনা। বইটিতে সাপিরোর আাালোচনার মূল বিষয় ছিল উনিশ শতক আর বিশ শতকের শুরুর সময়টার ইতিহাস, যখন কিনা বিকল্প শেক্সপিয়ারদের হাজির করা হচ্ছিল। তার এই ইতিহাস পরিক্রমার মূল দুই চরিত্র হলো ডেলিয়া বেকন ও জে টি লুনি। ১৮৫৭ সালে ডেলিয়া বেকন রেনেঁসা-দার্শনিক ফ্রান্সিস বেকনকে (না, কোনো আত্মীয়তার সম্পর্ক তাঁদের মধ্যে নেই) এবং ১৯২০ সালে জে টি লুনি এলিজাবেথিয়ান অভিজাত এডওয়ার্ড দ্য ভেরেকে আসল শেক্সপিয়ার বলে দাবি করেন। জনাব সাপিরো দুজনকেই খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন, ধৈর্যসহকারে পাঠ করেছেন তাঁদের জীবন ও কাজ। আশ্চর্য নয় যেডেলিয়া বেকন যখন এই কাজে মাঠে নামেন তত দিনে শেক্সপিয়ার সাধারণের মনে ঈশ্বর হিসেবে আবির্ভূত হয়েছেন। কন্টেস্টেড উইল যুক্তি-তক্কো-গপ্পো ও জীবনের এক অভিনব সন্নিবেশ। এটি সুপাঠ্যও। আসল শেক্সপিয়ারের খোঁজে মানুষ হন্যে হয়ে উঠেছিল। এতে আছে অনেক গোপন সংকেত ও প্রতীক আর সেই প্রতীক উদ্ধারের এক প্রাণান্তকর চেষ্টা। আর আছে পুরোনো পাণ্ডুলিপির খোঁজে মোহাবিষ্ট নাছোড়বান্দা এক অভিযাত্রীর কথা। জেমস সাপিরো একজন গোয়েন্দার অধ্যবসায় ও দূরদর্শিতা কাজে লগিয়ে ওই সব শেক্সপিয়ার-বিশেষজ্ঞের বিকল্প শেক্সপিয়ার তৈরির অর্থহীন প্রচেষ্টাকে খারিজ করে দিয়েছেন। শেষ পরিচ্ছেদে তিনি অনেক বেশি নিবিষ্ট ও সংহত। শাণিত যুক্তিতে তিনি আসল শেক্সপিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন স্ট্র্যাটফোর্ড অন অ্যাভনের সেই নগণ্য মানুষটিকেই। একে একে তিনি খাড়া করেছেন তাঁর যত তথ্য-প্রমাণ। সমসাময়িকদের বয়ান, ছাপাখানা ও থিয়েটারে রেখে যাওয়া তাঁর একান্ত পদচ্ছাপ—এ রকম অসংখ্য নিদর্শন তিনি হাজির করেছেন আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে যে শেক্সপিয়ারকে নিয়ে এহেন বিভ্রান্তি কতটা হাস্যকর। আর এটাই তাঁর বইয়ের সারবস্তু।অনুবাদ: তামিম ইয়ামিন