মুখোমুখি কুরোসাওয়া ও মার্কেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

১৯৯০ সালের অক্টোবরের কোনো একদিন। সাহিত্যে নোবেলজয়ী কলম্বিয়ার কিংবদন্তি কথাশিল্পী গাব্রিয়েল গারসিয়া মার্কেস জাপানের টোকিওতে হাজির হয়েছিলেন পাম দ্য’র ও অস্কারজয়ী কিংবদন্তি চলচ্চিত্রনির্মাতা আকিরা কুরোসাওয়ার সঙ্গে আলাপ করতে। কুরোসাওয়া তখন র‍্যাপসোডি ইন অগাস্ট সিনেমার শুটিংয়ে ব্যস্ত। সেটে বসেই আলাপ জমে ওঠে দুজনার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকায় এ আলাপটি ছাপা হয় ২৩ জুন ১৯৯১। মার্কেসের প্রয়াণের মাসে সেই সাক্ষাৎকারটি অনুবাদ করেছেন রুদ্র আরিফ

আকিরা কুরোসাওয়ার (২৩ মার্চ ১৯১০—৬ সেপ্টেম্বর ১৯৯৮)
আকিরা কুরোসাওয়ার (২৩ মার্চ ১৯১০—৬ সেপ্টেম্বর ১৯৯৮)

গাব্রিয়েল গারসিয়া মার্কেস: আমি চাই না আমাদের এই দুই বন্ধুর আলাপটিকে পত্রিকার সাক্ষাৎকারের মতো লাগুক; তবে আপনার ও আপনার কাজের অনেকগুলো দিক নিয়ে জানার ব্যাপারে আমার মধ্যে এক সুতীব্র কৌতূহল কাজ করছে। আলাপের শুরুতে আমি আপনার স্ক্রিপ্ট লেখার প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী। এর প্রথম কারণ, আমি নিজেও একজন স্ক্রিপ্ট রাইটার। আর দ্বিতীয় কারণ, সাহিত্যকর্ম অবলম্বনে আপনি তুখোড় সব সিনেমা বানিয়েছেন, অথচ আমার লেখা অবলম্বনে যেসব সিনেমা বানানো হয়েছে কিংবা কোনো সিনেমা আদৌ বানানো সম্ভব কি না—সেসব ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।

গাব্রিয়েল গারসিয়া মার্কেস (৬ মার্চ ১৯২৭—১৪ এপ্রিল ২০১৪)
গাব্রিয়েল গারসিয়া মার্কেস (৬ মার্চ ১৯২৭—১৪ এপ্রিল ২০১৪)

আকিরা কুরোসাওয়া: সিনেমার স্ক্রিপ্টে রূপান্তর ঘটাতে চাই—এমন কোনো মৌলিক আইডিয়া যখন আমি পেয়ে যাই, কাগজ আর পেনসিল নিয়ে নিজেকে কোনো হোটেলে বন্দী করে ফেলি। সেই সময়ে প্লটটি সম্পর্কে আমার একটি সাধারণ আইডিয়া থাকে এবং সেটির সমাপ্তি কীভাবে ঘটবে—কমবেশি জানা থাকে তা-ও। ঠিক কোন দৃশ্যটি দিয়ে শুরু করব—তা যদি না জেনে থাকি, সে ক্ষেত্রে আইডিয়াটির স্বতঃস্ফূর্ত প্রবহমানতা অনুসরণ করে যাই।

মার্কেস: আইডিয়া নাকি ইমেজ—আপনার মাথায় কোনটি আগে আসে?

কুরোসাওয়া: আমি তা ঠিকঠাক বলতে পারব না; তবে আমার ধারণা, বিক্ষিপ্ত কিছু ইমেজের সমারোহেই এর শুরুটা হয়ে যায়। অন্যদিকে আমি জানি, এখানে, জাপানে স্ক্রিপ্ট রাইটাররা প্রথমে স্ক্রিপ্টের একটি সামগ্রিক কাঠামো সৃষ্টি করে নেন: সেটির দৃশ্যগুলোকে সাজিয়ে নিয়ে এবং প্লটটিকে নিয়মনিষ্ঠ করার পরই লিখতে শুরু করেন তাঁরা। তবে আমরা যেহেতু ঈশ্বর নই, তাই আমার কাছে একে সঠিক পথ বলে মনে হয় না।

মার্কেস: আপনি যখন শেকস্‌পিয়ার কিংবা গোর্কি কিংবা দস্তোয়েভস্কির সাহিত্যকর্ম অবলম্বনে স্ক্রিপ্ট লিখেছেন, তখনই কি নিজের এই সহজাত কর্মপন্থাটি অবলম্বন করেছেন?
কুরোসাওয়া: যে চলচ্চিত্রনির্মাতারা আধাআধিভাবে সিনেমা বানান, তাঁরা হয়তো বুঝতেই পারেন না, সাহিত্যের ইমেজকে সিনেমাটিক ইমেজের ভেতর দিয়ে দর্শকের কাছে পৌঁছানো কতটা দুরূহ কাজ। যেমন ধরুন, রেললাইনের পাশে একটি লাশ পড়ে আছে—এমন এক গোয়েন্দা উপন্যাস অবলম্বনে স্ক্রিপ্ট লিখতে গিয়ে জনৈক তরুণ চলচ্চিত্রনির্মাতা একেবারেই সুনির্দিষ্ট সেই জায়গাটির ওপর জোর দিতে চাইলেন—উপন্যাসে যে জায়গাটিতে লাশটি থাকার কথা লেখা ছিল। আমি বললাম, ‘তুমি ভুল করছ। সমস্যাটি হলো, তুমি তো উপন্যাসটি ইতিমধ্যেই পড়ে ফেলেছ, ফলে তুমি জানো, রেললাইনের পাশেই একটি লাশ পাওয়া যাবে। কিন্তু যারা এটি পড়েনি, তাদের কাছে তো এই জায়গার কোনো বিশেষত্ব নেই’। সিনেমাটিক ইমেজকে একেবারেই ভিন্নপথে প্রকাশ করা লাগে—এ সত্য উপলব্ধি না করেই, সেই তরুণ চলচ্চিত্রনির্মাতা সাহিত্যের জাদুকরি শক্তির বশীভূত হয়ে গিয়েছিলেন।

মার্কেস: আপনি কি বাস্তবজীবনের এমন কোনো ইমেজের কথা মনে করতে পারেন, যাকে চলচ্চিত্রে প্রকাশ করা অসম্ভব বলে ধারণা করেন?

কুরোসাওয়া: হ্যাঁ। ইলিদাচি নামে একটা খনির শহর আছে, অল্প বয়সে সেখানে একজন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলাম আমি। প্রথম দেখায়ই পরিচালক জানান দিয়েছিলেন, এই পরিবেশ চমৎকার ও বিস্ময়কর; আর সে কারণেই এটির শুটিং করছি আমরা। কিন্তু ইমেজগুলোতে সেটিকে একেবারেই মামুলি এক শহরের মতো লেগেছিল; আমাদের জানাশোনার মধ্যে কিছু একটা ঘাটতি রয়ে গিয়েছিল: সেগুলো হলো, শহরটিতে কাজের পরিস্থিতি ছিল বেশ বিপজ্জনক এবং খনিশ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে সদা আতঙ্কে জীবন কাটছিল নারী ও শিশুদের। কেউ যখন এ শহরটির দিকে তাকাবে, সে তখন ল্যান্ডস্কেপের সঙ্গে অনুভূতির গোলমাল বাধিয়ে ফেলবে এবং এটি বাস্তবিক যেমন, তার চেয়েও বিস্ময়কর হিসেবে ধরে নেবে একে। কিন্তু ক্যামেরার চোখ তো আর সেভাবে দেখে না।

আকিরা কুরোসাওয়া পরিচালিত রেড বিয়ার্ড ছবির দৃশ্য
আকিরা কুরোসাওয়া পরিচালিত রেড বিয়ার্ড ছবির দৃশ্য

মার্কেস: সত্য হলো, আমার জানামতে নিজেদের সাহিত্যকর্ম অবলম্বনে বানানো সিনেমা খুব অল্পসংখ্যক ঔপন্যাসিককেই তৃপ্ত করতে পেরেছে। সাহিত্য অবলম্বনে নিজের বানানো সিনেমাগুলো নিয়ে আপনার অভিজ্ঞতা কী?

কুরোসাওয়া: আমাকে আগে একটি প্রশ্ন করতে দিন: আমার রেড বিয়ার্ড ছবিটি দেখেছেন?

মার্কেস: গত বিশ বছরে এই সিনেমাটি আমি ছয়বার দেখেছি; এবং আমার সন্তানেরা দেখার আগ পর্যন্ত প্রায় প্রতিদিনই ওদেরকে এটির কথা বলেছি। ফলে ছবিটি আমার পরিবার ও আমার নিজের কাছে আপনার বানানো চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের একটিই শুধু নয়, বরং সিনেমার সমগ্র ইতিহাসের মধ্যে আমার প্রিয় ছবিগুলোরও অন্যতম।

কুরোসাওয়া: রেড বিয়ার্ড আমার বিবর্তনের একটি নির্দিষ্ট বিন্দুতে গড়ে উঠেছে। এর আগে যত সিনেমা আমি বানিয়েছি, সেগুলো এর পরে বানানো ছবিগুলোর চেয়ে আলাদা। এটি ছিল একটি পর্যায়কালের সমাপ্তি এবং আরেকটির সূচনা।

মার্কেস: তা তো পরিষ্কার। তা ছাড়া, এই একই সিনেমায় দুটি দৃশ্য রয়েছে—যেগুলো আপনার কাজের সামগ্রিক রূপের সঙ্গে চূড়ান্তভাবে সম্পৃক্ত এবং দুটি দৃশ্যই অবিস্মরণীয়। একটি হলো প্রার্থিত পতঙ্গের এপিসোড। আরেকটি হাসপাতালের আঙিনার কারাতে ফাইট।

কুরোসাওয়া: হ্যাঁ। তবে আমি আপনাকে যা বলতে চাইছিলাম তা হলো, এই বইয়ের লেখক শুগুরো ইয়ামামোতো তাঁর নিজের লেখা উপন্যাসগুলোকে সিনেমায় রূপান্তরিত করার ব্যাপারে বরাবরই বিরোধিতা করে এসেছেন। কেবল রেড বিয়ার্ড-এর বেলায়ই তাঁর অবস্থান ছিল ব্যতিক্রম; কেননা, [উপন্যাসটিকে সিনেমা-স্ক্রিপ্টে রূপান্তর ঘটাতে] সফল হওয়ার আগ পর্যন্ত আমি আদাজল খেয়ে খেটে গেছি। আর সিনেমাটি দেখা শেষ করেই তিনি আমার দিকে ঘুরে তাকিয়ে বলেছিলেন, ‘বাহ্‌, এটি তো দেখি আমার উপন্যাসটির চেয়েও বেশি ইন্টারেস্টিং’।

মার্কেস: আমার কাছে অবাক লাগছে, কেন এটি তিনি এতটাই পছন্দ করলেন?

কুরোসাওয়া: সিনেমার সহজাত বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটি সুস্পষ্ট সচেতনতার বোধ ছিল তাঁর মধ্যে। তিনি আমার কাছে একটি মাত্র অনুরোধ করেছিলেন: কেন্দ্রীয় চরিত্রটিকে তিনি যেহেতু একজন সম্পূর্ণ ব্যর্থ নারী হিসেবে গড়ে তুলেছেন, আমি যেন তাকে [চরিত্রটিকে] ভীষণ সতর্কতার সঙ্গে সামলাই। তবে আজব ব্যাপার হলো, এই যে একজন ব্যর্থ নারীর আইডিয়া, এ ব্যাপারটি কিন্তু তাঁর উপন্যাসে স্পষ্ট ছিল না।

মার্কেস: হয়তো তিনি ধরে নিয়েছিলেন, তা ছিল। আমাদের, মানে ঔপন্যাসিকদের ক্ষেত্রে এমনটি প্রায়ই ঘটে।

কুরোসাওয়া: হ্যাঁ, তাই। আসলে, নিজেদের লেখা সাহিত্যকর্ম অবলম্বনে বানানো সিনেমাগুলো দেখে কিছু কিছু লেখক বলে থাকেন, ‘আমার উপন্যাসটির এ অংশটি বেশ ভালোভাবেই দেখানো হয়েছে।’ কিন্তু তাঁরা এমন কোনো অংশের উল্লেখ করেন, যেগুলো প্রকৃতপক্ষে চলচ্চিত্রকার নিজে সংযুক্ত করেছিলেন। তাঁরা আসলে কী বলতে চাইছেন, আমি তা বুঝতে পারি; কেননা, তাঁরা যা বোঝাতে চেয়েছিলেন, অথচ লিখে উঠতে সক্ষম হননি—সে রকম অংশ ফিল্মমেকারকে বেশ স্পষ্টভাবে পর্দায় ফুটিয়ে তুলতে দেখেই বোধ করি তাঁরা এমনটা বলে থাকেন।

মার্কেস: ‘কবিরা হলেন বিষের সংমিশ্রণ’—এ তো জানা কথাই। তবে আপনার বর্তমান সিনেমাটির কাছে ফিরে জানতে চাই, রাপসোডি ইন অগাস্ট ছবিতে ঘূর্ণিঝড়ের শুটিং করাটাই কি সবচেয়ে দুরূহ হয়ে উঠবে?

কুরোসাওয়া: না। জীবজন্তুর সঙ্গে কাজ করাটা সবচেয়ে দুরূহ ছিল। জলের সাপ, গোলাপখেকো পিঁপড়া। ডাঙার সাপগুলো মানুষের সঙ্গে অনেক বেশি অভ্যস্ত; ওরা মানুষ এবং ওরা অনেকটা বানমাছের মতোই আচরণ করে। অতিকায় এক বুনো সাপকে বশ করার দরকার পড়েছিল আমাদের, সে পালানোর সম্ভবপর সব প্রচেষ্টাই করছিল এবং পুরোপুরি ঘাবড়ে গিয়েছিল। ফলে নিজ ভূমিকায় অভিনয়টি সে ভালোই করেছে। অন্যদিকে পিঁপড়ার ক্ষেত্রে, একটা গোলাপের চূড়ায় পৌঁছানোর আগ অবধি গোলাপঝাড় ধরে এগুলোর বেয়ে ওঠার ব্যাপার ছিল। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও ওদের দিয়ে সেটা করানো যাচ্ছিল না; অবশেষে ডাঁটাটিতে আমরা মধু দিয়ে একটা রেখা টেনে দিলাম, তারপরই পিঁপড়াগুলো বেয়ে উঠেছিল। আসলে অনেক ঝামেলা পোহাতে হয়েছে আমাদের; তবে তা ফলও দিয়েছে। কেননা, পিঁপড়া সম্পর্কে অনেক বড় একটা শিক্ষা আমরা লাভ করতে পেরেছি।

মার্কেস: হ্যাঁ, আমিও সেটা খেয়াল করেছি। কিন্তু পিঁপড়া নিয়ে ঘূর্ণিঝড়ের মতোই ঝামেলা পোহাতে হচ্ছে—এটি কেমনতর সিনেমা? এর প্লট কী?

কুরোসাওয়া: অল্পকথায় সেটি বলা খুব কঠিন।

মার্কেস: কেউ কাউকে মেরে ফেলছে?

কুরোসাওয়া: না। এটি স্রেফ অ্যাটম বোমার ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়া নাগাসাকি অঞ্চলের এক বৃদ্ধার গল্প, গত গ্রীষ্মে যাঁর সঙ্গে দেখা করতে এসেছিল তার নাতি-নাতনিরা। অসহনীয় হয়ে উঠতে পারে—এমন গায়ে কাঁটা দেওয়ার মতো বাস্তবধর্মী দৃশ্যের শুটিং আমি করিনি; এবং কাহিনিটির ভয়বহতা সম্পর্কে রাখিনি কোনো ব্যাখ্যাও, এমনকি ওদেরকে [নাতি-নাতনি] সম্পৃক্তও করিনি। আমাদের মানুষগুলোর হৃদয়ে অ্যাটোমিক বোমা কী ক্ষত রেখে গেছে, কীভাবে তারা সেটি ধীরে ধীরে সারিয়ে তুলতে শিখেছে, তা-ই আমি ধারণ করতে চেয়েছিলাম। বোমাবর্ষণের দিনটি আমার স্পষ্ট মনে আছে। আমি এখনো বিশ্বাস করতে পারি না, বাস্তব দুনিয়ায় এমন কিছু ঘটা সম্ভব। কিন্তু সবচেয়ে বাজে ব্যাপার হলো, জাপানিরা এ ঘটনাটি ইতিমধ্যেই ভুলতে বসেছে।

মার্কেস: জাপানি মানুষের আত্মপরিচয়ের প্রশ্নে, জাপানের ভবিষ্যতের প্রশ্নে, এই ঐতিহাসিক স্মৃতিভ্রংশের অর্থ কী?

কুরোসাওয়া: জাপানিরা এ বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলে না। বিশেষত যুক্তরাষ্ট্রের ভয়ে আমাদের রাজনীতিকেরা নিশ্চুপ থাকেন। শুধু বিশ্বযুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত করার উদ্দেশ্যেই অ্যাটম বোমাটি নিক্ষেপের আশ্রয় নিয়েছিলেন—[মার্কিন প্রেসিডেন্ট হ্যারি] ট্রুম্যানের এ ব্যাখ্যা তাঁরা [জাপানি রাজনীতিকেরা] বোধ করি মেনে নিয়েছেন। তবু আমাদের জন্য যুদ্ধ থেমে যায়নি। হিরোশিমা ও নাগাসাকিতে নিহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে ২ লাখ ৩০ হাজার বলা হয়েছে। অথচ বাস্তবে নিহত হয়েছেন ৫ লাখেরও বেশি মানুষ এবং এখনো, সেই বিস্ফোরণের ৪৫ বছর পরও, রেডিয়েশনের প্রভাবে নিদারুণ যন্ত্রণায় অ্যাটোমিক বোম্ব হাসপাতালে মৃত্যুর অপেক্ষায় ছটফট করছেন ২ হাজার ৭০০ রোগী। অন্যভাবে বললে, অ্যাটম বোমাটি এখনো জাপানিদের খুন করে চলেছে।

মার্কেস: নিজেদের আগে সোভিয়েত ইউনিয়ন যেন জাপানের দখল নিতে না পারে, এ আতঙ্কেই যুক্তরাষ্ট্র আসলে [অ্যাটম] বোমাটি ফেলে যুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত করতে চেয়েছিল—এমন ব্যাখ্যাকেই সবচেয়ে যৌক্তিক মনে হয়।

কুরোসাওয়া: হ্যাঁ। কিন্তু যে শহরটির অধিবাসীদের যুদ্ধের সঙ্গে কোনো লেনদেন নেই, যারা স্রেফ সাধারণ সভ্য জীবনে অভ্যস্ত—এমন এক শহরকে কেন বেছে নিল তারা? বস্তুতপক্ষে যুদ্ধের ঢাক বাজানো, মিলিটারি সমাবেশগুলো তো ছিলই।

মার্কেস: এমনকি তারা সেটি ইমপিরিয়াল প্যালেসের [রাজভবন] ওপরও ফেলেনি, যা কি না টোকিওর কেন্দ্রস্থলে অবস্থিত। নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট। আমি মনে করি, এসব ব্যাখ্যার ভেতর দিয়ে তারা প্রকৃতপক্ষে রাজনৈতিক শক্তি ও সামরিক শক্তিগুলোকে অক্ষত রাখতে চেয়েছিল, যেন নিজেদের মিত্রপক্ষগুলোর সঙ্গে নিজেদের লুণ্ঠন-সামগ্রীর কোনো ভাগ না করেই একটা দ্রুত বোঝাপড়ায় চলে যেতে পারে। মানব ইতিহাসে আর কোনো রাষ্ট্র আর কখনোই এ ধরনের অভিজ্ঞতার ভেতর দিয়ে যায়নি। কথা হলো, অ্যাটম বোমা ছাড়াই যদি জাপান আত্মসমর্পণ করত, তাহলে জাপানের অবস্থা কি এখনকার মতোই হতো?

কুরোসাওয়া: সে কথা বলা কঠিন। নাগাসাকি ঘটনায় যাঁরা বেঁচে গেছেন, তাঁরা আর সেই অভিজ্ঞতা স্মরণ করতে চান না। কেননা, তাঁদের অধিকাংশকেই, নিজে বেঁচে গেলেও, নিজের বাবা-মা, সন্তান, ভাইবোন বিসর্জন দিতে হয়েছিল। তাঁদের মনে এখনো সুতীব্র এক অনুশোচনাবোধ কাজ করে। পরবর্তী সময়ে যে যুক্তরাষ্ট্রের বাহিনী ছয় বছরের জন্য এ দেশটির দখল নিয়েছিল, তারা এ স্মৃতি ভুলিয়ে দেওয়ার নানা ফন্দি-ফিকির করেছে; এবং তাদের সহযোগিতা করেছে জাপান সরকার। যুদ্ধের ডেকে আনা এই অনস্বীকার্য ট্র্যাজেডিটির অংশ হিসেবে, পুরো বিষয়টিকে আমি ঠিকঠাক বুঝে উঠতে চাই। কিন্তু আমার ধারণা, যে রাষ্ট্রটি এই বোমাবর্ষণ করেছে, তাদের তো জাপানি নাগরিকদের কাছে অন্তত ক্ষমা চাওয়া উচিত। যত দিন তা না ঘটছে, এ কাহিনির শেষ হবে না।

মার্কেস: এটুকুই? সুদীর্ঘকালের হাসিমুখ কেড়ে নেওয়ার ক্ষতিপূরণ কি কিছুতে আদৌ হবে?

কুরোসাওয়া: অ্যাটোমিক বোমার মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধ ও অস্ত্র-দৌড়ের সূচনা ঘটে গেছে; এবং পারমাণবিক শক্তির উৎপাদনপ্রক্রিয়া ও তার ব্যবহারের সূচনাবিন্দুও হয়ে উঠেছে এটি। প্রকৃত হাসিমুখের দেখা বোধ হয় আর কোনো দিনই পাওয়া যাবে না।

মার্কেস: তাই তো! পারমাণবিক শক্তির জন্মই হয়েছে একটা অভিশপ্ত শক্তি হিসেবে; এবং কোনো অভিশাপের অধীনে জন্ম নেওয়া কোনো শক্তি তো কুরোসাওয়ার জন্য একটি পারফেক্ট থিম। কিন্তু আমার কাছে ভাবনার ব্যাপার হলো, আপনি স্বয়ং পারমাণবিক শক্তিকে নয়, বরং একেবারে শুরু থেকেই যেভাবে সেটির অপব্যবহার করা হচ্ছে, তাকে দোষারোপ করছেন: বৈদ্যুতিক চেয়ারের অস্তিত্ব থাকা সত্ত্বেও, বিদ্যুৎ তো ভালো জিনিসই।

কুরোসাওয়া: এ দুটো এক বিষয় নয়। আমার ধারণা, পারমাণবিক শক্তির যে প্রতিষ্ঠা মানুষ করেছে, তা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রাখে। পারমাণবিক শক্তি ব্যবস্থাপনায় যদি কোনো ত্রুটি ঘটে যায়, তাহলে তা মুহূর্তেই অপরিমেয় বিপর্যয় ডেকে আনবে এবং তার রেডিওঅ্যাকটিভিটি শত শত প্রজন্মের মধ্যে ছড়িয়ে থাকার আশঙ্কা প্রবল। অন্যদিকে, পানি যখন ফুটানো হয়, প্রয়োজন ফুরানোর পর সেটিকে ঠান্ডাও করে ফেলা যায়। ফলে বিপদের কোনো ভয় থাকে না। হাজার হাজার বছর ধরে ফুটন্তই থেকে যাবে—এমন উপাদানের ব্যবহার থামানো জরুরি।

মার্কেস: মানবসভ্যতার প্রতি আমার নিজের বিশ্বাসের একটি বড় অংশের জন্য আমি কুরোসাওয়ার সিনেমাগুলোর কাছে ঋণী। তবে শুধু জনসাধারণের ওপরই অ্যাটম বোমা ব্যবহার করা এবং জাপানকে সে ঘটনা ভুলিয়ে দিতে আমেরিকান ও জাপানিদের গোপন আঁতাত—এই নিষ্ঠুর অবিচারের প্রতি আপনার যে দৃষ্টিভঙ্গি, তাও আমি বুঝতে পারি। কিন্তু মানবসভ্যতার জন্য কোনো ভয়াবহ বেসামরিক কর্মকাণ্ড (নন-মিলিটারি সার্ভিস) নিয়োজিত থাকতে পারে—এ বিষয়টি বিবেচনায় না নিয়ে, পারমাণবিক শক্তিকে চিরকালের জন্য দোষারোপ করা আমার কাছে সমান অবিচার বলে মনে হয়। যেহেতু আপনি জানেন, জাপানিরা ভুলে গেছে, এবং যেহেতু যারা অপরাধী, সেই যুক্তরাষ্ট্র এখনো নিজের অপরাধ স্বীকার করেনি, কিংবা জাপানি জনগণের কাছে ক্ষমা চায়নি, ফলে এখানে অনুভূতিগুলোর মধ্যে এমন একটা সংঘাত রয়ে গেছে, যা আপনাকে জ্বালাতন করে।

কুরোসাওয়া: মানুষ যখন ভুল প্রলোভনে ভেসে না গিয়ে বাস্তবতার আসল চেহারা উপলব্ধি করতে পারবে, তখন তারা আরও বেশি ‘মানুষ’ হয়ে উঠবে। চেরনোবিলে [সোভিয়েত-ইউক্রেনের এ অঞ্চলে ১৯৮৬ সালে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল] যা হচ্ছে, তেমন মলদ্বারবিহীন মানবসন্তান কিংবা আট-পেয়ে ঘোড়া জন্ম দেওয়ার কোনো অধিকার আমাদের রয়েছে বলে আমি মনে করি না। আমার ধারণা, আমাদের এই আলাপচারিতাটি এখন সিরিয়াস হয়ে গেছে, যদিও সে উদ্দেশ্য আমার ছিল না।

মার্কেস: আমরা ঠিকই করেছি। যখন কোনো বিষয় এমনতর সিরিয়াস হয়ে থাকে, তখন তার ব্যাপারে সিরিয়ালসি আলাপ না করে কোনো উপায় নেই। আপনি এখন যে সিনেমার নির্মাণ প্রক্রিয়ায় রয়েছেন, সেটিতে এ বিষয়টি নিয়ে আপনার ভাবনার কোনো আলো পড়বে কি?

কুরোসাওয়া: সরাসরি পড়বে না। বোমাটি যখন পড়েছিল, তখন আমি ছিলাম একজন অল্পবয়সী সাংবাদিক; এবং যা ঘটেছে, তা নিয়ে নিবন্ধ লেখার ইচ্ছে ছিল আমার; কিন্তু [মার্কিন] দখলদারি শেষ হওয়ার আগ পর্যন্ত সে ব্যাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি ছিল। এখন, এই ফিল্মটি বানাতে এসে, আমি আবারও এই বিষয়টি নিয়ে গবেষণা ও পড়াশোনা শুরু করেছি। এ ব্যাপারে তখন যতটুকু জানতাম, এখন তারচেয়েও বেশি জেনেছি। কিন্তু আমি যদি সিনেমাটিতে নিজের ভাবনা সরাসরি প্রকাশ করি, তাহলে সেটি বর্তমানের জাপানে কিংবা অন্য কোনোখানেও দেখানো যাবে না।

মার্কেস: আমাদের এই আলাপচারিতার কোনো অনুলিপি কখনো প্রকাশ হওয়া সম্ভব বলে মনে করেন?

কুরোসাওয়া: আমার কোনো আপত্তি নেই। অন্যদিকে, এ এমনই এক বিষয়, যার ওপর কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই পৃথিবীর নানা প্রান্তের নানা মানুষের নিজস্ব মতামত প্রকাশ করা জরুরি।

মার্কেস: আপনাকে অশেষ ধন্যবাদ। সব বিষয় বিবেচনা করে আমার মনে হয়, আমি যদি জাপানি হতাম, তাহলে এই বিষয়বস্তুর ওপর আপনার মতো আমিও নিশ্চয়ই আলো ফেলতাম। আমি আপনাকে পুরোপুরিই বুঝতে পারছি। কোনো যুদ্ধই কারও জন্য মঙ্গল নয়।

কুরোসাওয়া: ঠিক তাই। ঝামেলা বাধে তখনই, যখন কোনো উল্কাপিণ্ড, এমনকি ঈশ্বর-দেব-দেবীরাও সামরিক কর্মকর্তাদের মতো হয়ে ওঠে!