একুশ শতকের প্রযুক্তিনির্ভর জীবনযাপনে মুখোশের ব্যবহার কমে যায়নি। বাংলাদেশের মুখোশ নির্মাণের দুটি ধারা এখনো অব্যাহত আছে। লোকায়ত বা ঐতিহ্যবাহী ধারা ও প্রাতিষ্ঠানিক শিল্পীদের তৈরি আধুনিক ধারা। ১২ এপ্রিল গ্যালারি জলরংয়ে শুরু হয়েছে এই দুই ধারার ৩০ জন শিল্পীর ১৫৫টি মুখোশ নিয়ে ‘বাংলাদেশের মুখোশ’ প্রদর্শনী। যা জলরংয়ের উদ্যোগে মুখোশ নির্মাণ কর্মশালায় তৈরি করা হয়। কর্মশালাটি গত ৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত জলরংয়ের আজিমপুরের স্টুডিওতে অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীতে তৈরি হওয়া মুখোশগুলোর মাধ্যম হলো কাঠ, মাটি, কাগজের মণ্ড, তামার পাত, পিতলের শিট, লোহা, কংক্রিট, কাপড়, সুতা কপার, ব্রাশ, ধাতব বস্তু। প্রদর্শনীর মুখোশের মধ্যে আধুনিক মাধ্যমের ব্যবহারের সঙ্গে লোকসংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত লোকশিল্পীদের তৈরি প্রথাগত মাধ্যমের মুখোশ দেখা যায়। এমন একজন লোকশিল্পী নন্দল দেব শর্মা কাঠমাধ্যমে তৈরি করেছেন মা কালীর মুখাবয়ব। কালো মুখের মধ্যে লাল হলুদ রঙের সাহায্যে মুখের ভয়ংকর রূপ তুলে এনেছেন। স্পঞ্জ উড বা নরম কাঠে তৈরি করা সুচালো দাঁতের সবুজ মুখের মুখোশে তৈরি করেছেন তপন কুমার হালদার। নিমাই মালাকার স্বভাবশিল্পী। মুখোশ বানানো তাঁর বংশপরম্পরায় প্রাপ্ত। নিমাই মা দুর্গার আলংকারিক মুখের বাইরে শোলা বা নরম কাঠের অলংকার যুক্ত করে তাতে নান্দনিক আবহ তৈরি করেছেন। লোকায়ত মুখোশশিল্পের বাইরে এ প্রদর্শনীতে বাংলাদেশের আধুনিক মুখোশ নির্মাণের শিল্পী সাইদুল হক কাগজের মণ্ডের সাহায্যে তৈরি করেছেন মায়াময় ফুলশোভিত নারীমুখ। মুখোশে অলংকার যুক্ত করেছেন রঙের সাহায্যে। কুমার পাল কাপড় ও সুতার ফোঁড়ে মুখাবয়ব তৈরি করেছেন। শিল্পী তরুণ ঘোষের মুখোশে নন্দনকলা যুক্ত হয়নি। থালার আকৃতিতে জুড়ে দেওয়া চোখ ও নাকের উপস্থিতি দেখান জ্যামিতিক আকৃতি দিয়ে। এ কর্মশালা ও প্রদর্শনীর সমন্বয়ক এ আয়োজন নিয়ে বলেন, অগ্রজ ও অনুজ শিল্পীদের মাঝামাঝি চিন্তার দূরত্ব কাটিয়ে এ প্রজন্মের শিল্পীদের মাধ্যম ও বিষয়ের সম্পর্কে ধারণা পাওয়া যাবে এ আয়োজনে। সন্দ্বীপ কুমার তাঁর কাজে মুখোশের আড়ালে লুকিয়ে রাখা ভিন্ন রূপ তুলে আনেন। মুখোশ নির্মাণের প্রক্রিয়া সময়সাপেক্ষ। শিল্পী পিন্টু দেবের কাঠের কাজে আবহমান বাংলার মানুষের চিরায়ত রূপ স্পষ্ট করে তুলেছেন। পিন্টু দেবের পাঁচটি কাজ দর্শকদের বলে দেয় বাঙালির মুখাবয়বের ভঙ্গি। রঙিন সুতার বুননে মুখোশ নির্মাণ করা সাদিয়া শারমিনের ট্যাপেস্ট্রিতে গতানুগতিক মুখনির্মাণের বাইরে এসে ভিন্ন এক মাত্রা তৈরি করেছে। মুখ থেকে তৈরি হলো মুখোশ। মানব, পশুপাখিসহ নানা প্রাণীর অবয়ব নির্মাণে আমরা প্রাণীটির কদর্য দিক বা অসুন্দর দিককে তুলে ধরি। প্রদর্শনীর উল্লেখযোগ্য অন্যান্য কাজের মধ্যে অমিত কোচের কাঠ মাধ্যমে বানানো লম্বাকৃতির মুখোশ আড়াআড়ি বুননে ঠাসা। শ্যামল সূত্রধরের গাঢ় রঙের কাঠের ভেতর থেকে পেঁচার মুখে আলংকারিক ঢং স্পষ্ট করে তুলেছেন। ঐতিহ্য ও আধুনিক উপকরণ ও বিষয়ের মিশেলে মুখোশের সঙ্গে তৈরি হয়েছে মানুষের নানা ভঙ্গির মুখ। প্রদর্শনীটি শেষ হয় ২৫ এপ্রিল।