মুখোশে মন্দ্রিত মুখ
মুখোশের বিবিধ ব্যবহারের ধারা প্রাচীনকাল থেকেই প্রবহমান। প্রায় ৪০০০ বছর। আফ্রিকা, উত্তর আমেরিকা বা ন্যাটিভ আমেরিকা, মেক্সিকো প্রভৃতি অঞ্চলের আদি জনগোষ্ঠীর মধ্যে এর ব্যবহার ছিল মূলত জাদুবিশ্বাস বা ধর্মবিশ্বাসকে কেন্দ্র করে। কোনো অঞ্চলে মানুষের মাথার খুলির সঙ্গে নানা উপাদান যোগ করেও মুখোশ তৈরি হতো। নিপুণ দক্ষতায় কাঠের তৈরি আফ্রিকান মুখোশের শিল্পগুণে প্রলুব্ধ হয়ে শিল্পী পাবলো পিকাসো সেখান থেকে অনেকটাই গ্রহণ করেছেন কিউবিজমের স্বার্থে। নানা রকম আত্মা বা প্রভাবশালী পূর্বপুরুষদের প্রতীক, দুষ্টু আত্মাকে ভয় দেখানোর জন্য ভয়ংকর মুখাকৃতির মুখোশ তৈরি করা হতো। এগুলোর ব্যবহার ছিল মূলত বিভিন্ন আচার-অনুষ্ঠান ও ধর্মীয় উপাসনাকে কেন্দ্র করে। ঐতিহ্যবাহী শিল্প হিসেবে কাঠের এবং নানা উপাদানের এসব মুখোশ সভ্যতার ছোঁয়ায় এখন অনেকটাই সাজসজ্জার উপকরণ বা স্যুভেনির পিস হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। টোটেম পোল এ অসাধারণ কাঠের কারুকাজ ও মুখাবয়বের ধরন, মুখোশ না হলেও আধুনিক মুখোশে এর প্রভাব প্রচুর। মুখোশ প্রসঙ্গে জাপানের নোহ্ থিয়েটারের মুখোশ অবশ্য উল্লেখযোগ্য। বাংলাদেশের লোক ঐতিহ্যের অংশ হিসেবেও মুখোশের ব্যবহার উল্লেখযোগ্য। দ্রাবিড় উত্তরসূরিদের মধ্যে বিশেষ করে, ওঁরাওদের বিভিন্ন আচার-অনুষ্ঠানে মুখোশের প্রচলন ছিল নিম্ন শ্রেণীর হিন্দু ও বিভিন্ন আদিবাসী বিশেষত গারোদের মধ্যে। এখনো বিভিন্ন পালা-পার্বণ ও আচার-অনুষ্ঠানে প্রাচীন মুখোশের ব্যবহার লক্ষ করার মতো। কালীপূজা, চৈত্রসংক্রান্তি প্রভৃতি অনুষ্ঠানে মুখোশ পরে শিবনৃত্য ও কালীনৃত্য এখনো বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রচলিত আছে। শুধু মানুষ বা দেব-দেবীই নয়, রামলীলায় হনুমান-জাম্বুবান ইত্যাদি বানর, রাক্ষস, মহিষাসুর, সিংহ, গণেশ—এরাও মুখোশের অংশ ছিল। নিখাদ বিনোদনেও মুখোশের ব্যবহার প্রচলিত। বাংলার মুখোশগুলো কাঠের খোলের ওপর পাতলা কাপড় জড়িয়ে মাটির মসৃণ প্রলেপ দিয়ে তার ওপর রং ও রেখার বিন্যাস থাকত। শুধু মাটির খোলের ওপর কাপড় জড়িয়ে বা লাউয়ের খোলের অংশবিশেষ চিত্রিত করেও মুখোশ তৈরি হতো। শোলা দিয়েও তৈরি হতো এবং এখনো হয়।উত্তরার গ্যালারি কায়াতে শুরু হয়েছে ‘মুখ ও মুখোশ-৩’ শিরোনামে প্রদর্শনী। গ্যালারির স্বত্বাধিকারী গৌতম চক্রবর্তী জানান, অনেক বছর আগেই তিনি ভেবেছিলেন শিল্পীদের সৃজনশীলতাকে নানা মাধ্যমে আরও বিস্তৃত করার। যেসব শিল্পীরা মুখোশ নিয়ে কাজ করছেন, তাঁদের নিয়ে একটি প্রদর্শনীর উদ্যোগ নিয়েছিলেন ২০০৫ সালে। এরই ধারাবাহিকতায় সমসাময়িক নানা মুখোশের সমন্বয়ে এই প্রদর্শনী। বিভিন্ন মাধ্যমে নির্মিত ১৫৮টি মুখোশ রয়েছে এই প্রদর্শনীতে।এখানে লোকশিল্পী ভবেশ মালাকারের লোকজ মোটিফের মুখোশগুলো থার্মোকলে তৈরি, যা এই প্রদর্শনীতে মাধ্যমের নতুনত্ব এনেছে।অংশগ্রহণকারী শিল্পীরা হলেন ভবেশচন্দ্র মালাকার, তরুণ ঘোষ, কাজী রকিব, মাসুদা কাজী, সাইদুল হক, গৌতম চক্রবর্তী, ফারুক আহমেদ, রেজাউল ইসলাম, নগরবাসী বর্মণ, বিশ্বজিৎ পাল, খন্দকার নাসির আহমেদ, আশরাফুল হাসান, মো. আবদুর রহিম, লাফিজা নাজমিন, পিন্টু চন্দ্র দেব, দেবদাস মালাকার, সন্দীপ কুমার দেবনাথ, কনক কুমার পাঠক, সুমন্ত কুমার ও অমিত কুচ।আধুনিক মুখোশ অনেকটাই চিত্রপটের মতো। শিল্পীরা নিজেদের ভাবনাকে ফুটিয়ে তোলেন মুখোশের আড়ালে। শিল্পী ফারুক আহমেদের কাজে আদিম মুখোশের ছাপ পাওয়া যায়। শিল্পী গৌতম চক্রবর্তী পোড়ামাটিতে রং ও গ্লেজের সমন্বয়ে তৈরি করেছেন নিরীক্ষাধর্মী মুখোশ।কাজী রকিব, মাসুদা কাজী মুখাবয়ব নিয়ে নানা নিরীক্ষা করেছেন। মুখোশে যেসব উপাদান বা নকশা থাকে, তা তাঁরা ব্যবহার করেছেন দক্ষতার সঙ্গে।মুখোশ বা মাস্ক শব্দটির আড়াল করা বা ছদ্মবেশ ধারণ করার অর্থকে ছাড়িয়ে এখন শিল্পের একটি অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। এ ধরনের প্রদর্শনী এই শিল্পমাধ্যমকে আরও শক্তিশালী ও কার্যকর শিল্পভাষা হিসেবে প্রতিষ্ঠিত হতে ভূমিকা রাখবে। প্রদর্শনী চলবে ৬ এপ্রিল পর্যন্ত।