মুখোশেরা নৃত্য করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

মুখোশেরা নৃত্য করে—আজ বড় আনন্দের দিন!
বয়ে যাচ্ছে রক্তস্রোত—পুড়ে যাচ্ছে প্রার্থনার ঘর;
পথে পথে সর্বস্বান্ত মানুষের ঢল; হামলে পড়েছে ফের
ঠগি-বর্গীদের দল; যা-কিছু মহৎ আজ বিপন্ন সকল।

মুখোশেরা নৃত্য করে—আজ স্বপ্নপূরণের দিন!
যত দূর চোখ যায়—শুধু লেলিহান অগ্নিশিখা—
সভ্যতার ছাইভস্ম পোড়ামাটি—ধর্ষিতার নিঃশব্দ রোদন;
রক্তস্রোতে ভেসে যায় মানবতা—মানুষ দেবতা।

মুখোশেরা নৃত্য করে—আজ মহা উল্লাসের দিন!
হায়েনালাঞ্ছিত আজ শহীদ মিনার—অপমানে অবনত
শহীদের রক্তস্নাত জাতীয় পতাকা; মুখোশেরা স্বপ্ন দেখে—
ইতিহাস উল্টে যাবে—আবার কায়েম হবে শৃগালের কাল!