মুখোশেরা নৃত্য করে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখোশেরা নৃত্য করে—আজ বড় আনন্দের দিন!বয়ে যাচ্ছে রক্তস্রোত—পুড়ে যাচ্ছে প্রার্থনার ঘর;পথে পথে সর্বস্বান্ত মানুষের ঢল; হামলে পড়েছে ফেরঠগি-বর্গীদের দল; যা-কিছু মহৎ আজ বিপন্ন সকল। মুখোশেরা নৃত্য করে—আজ স্বপ্নপূরণের দিন!যত দূর চোখ যায়—শুধু লেলিহান অগ্নিশিখা—সভ্যতার ছাইভস্ম পোড়ামাটি—ধর্ষিতার নিঃশব্দ রোদন;রক্তস্রোতে ভেসে যায় মানবতা—মানুষ দেবতা।মুখোশেরা নৃত্য করে—আজ মহা উল্লাসের দিন!হায়েনালাঞ্ছিত আজ শহীদ মিনার—অপমানে অবনত শহীদের রক্তস্নাত জাতীয় পতাকা; মুখোশেরা স্বপ্ন দেখে—ইতিহাস উল্টে যাবে—আবার কায়েম হবে শৃগালের কাল!