
সৈয়দ জাহাঙ্গীরের ইঙ্ক ড্রয়িং, ড্রয়িং অ্যান্ড কালার প্রদর্শনীটি দেখার পর একে প্রকৃতি ও নিসর্গ-ঘনিষ্ঠ মানুষের প্রতি মুগ্ধতার বিবরণী হিসেবে পাঠ করার একটি ফুরসত তৈরি হয়। পঞ্চাশের দশকের এই শিল্পীর চিত্রচর্চার খতিয়ান দেখে আমরা উচ্চ স্বরে বলতে পারি যে কৃষিভিত্তিক নানা পার্বণকে উজ্জ্বল রং দিয়ে উদ্যাপনের একটি দীর্ঘ অভ্যাস তাঁর কাজকে সহজেই চিনিয়ে দেয়। প্রাথমিক শ্রমের অধিকারী যেমন কৃষক ও জেলে তাঁর কাজের প্রোটাগনিস্ট বা প্রধান চরিত্র। এ দেশের মাস্টার শিল্পী যেমন জয়নুল, কামরুল ও সুলতানের শিল্পজগতের প্রধান বিচরণশীল চরিত্রেরাও কিন্তু ওই কৃষকশ্রেণী। তবে আমাদের মাস্টার শিল্পীদের কাজে কৃষকদের উপস্থিতি ঘটেছে রাজনৈতিক অর্থ-তাৎপর্যসমেত। জয়নুল বা সুলতান কৃষককে গ্রামবাংলার ভূ-দৃশ্যের সৌন্দর্যবর্ধক উপাদানরূপে বিবেচনা করেননি। একটি সামন্ত ও আধা সামন্ততান্ত্রিক ব্যবস্থার অধীনে ভূমিপুত্র হিসেবে কৃষকের অস্তিত্ব, ভাগের দাবি ও যাপনের জন্য কৃষকশ্রেণীর সমগ্র লড়াইটিকে তুলে ধরার এই রাজনৈতিক বয়ানের বাইরে অবস্থিত জাহাঙ্গীরের কৃষক ও জেলেরা। সুলতানের কাজে কৃষক ও কৃষিজমি রূপায়িত হয় উৎপাদন-সম্পর্কের নিম্নবর্গীয় রাজনৈতিক বাস্তবতার নিরিখে। ফলে শ্রেণীবিভক্ত সামাজিক ব্যবস্থার বাস্তবতায় যে কৃষককে আমরা লড়তে লড়তে বাঁচতে দেখি, সেই একই কৃষক যখন জাহাঙ্গীরের ক্যানভাসে উঠে আসছে, তখন কিন্তু সেই কৃষক রূপমুগ্ধ শিল্পীর কাল্পনিক সৃষ্টি হিসেবেই চিত্রিত হচ্ছে।
১ থেকে ৭ মে পর্যন্ত শিল্পাঙ্গন গ্যালারিতে হয়ে যাওয়া এই প্রদর্শনীর কাজগুলোর প্রধান বিষয় হলো ফসল ও নদীলগ্ন শ্রমজীবী মানুষের বিভিন্ন কর্মমুখর মুহূর্ত। ফসল কাটার মুহূর্ত বা ফসল কেটে দল বেঁধে বাড়ি ফেরার মুহূর্ত; কিংবা মাছ ধরার জন্য জেলেদের জাল ফেলার প্রস্তুতি অথবা ফেরিঘাটে গ্রামীণ মানুষের অপেক্ষমাণ অবয়বের সারি নিয়ে এই প্রদর্শনীতে হাজির হয়েছেন সৈয়দ জাহাঙ্গীর। অধিকাংশ কাজই শিল্পী কালি দিয়ে ড্রয়িং করেছেন, তবে কিছু আছে জলরঙে আঁকা। জাহাঙ্গীরের এসব কাজ দর্শককে উনিশ শতকের শেষ ভাগের প্যারিসভিত্তিক ইম্প্রেশনিস্ট শিল্পীদের কাজের কথা মনে করিয়ে দেবে। স্বতঃস্ফূর্ত আঁকার ধরন দিয়ে শিল্পী দর্শকের চোখের সংবেদনায় সাড়া তুলতে আগ্রহী। দুর্লভ মুহূর্ত বা বিরল কোনো বিষয়বস্তুর নাটকীয় এমনকি পুঙ্খানুপুঙ্খ রূপায়ণের চেয়ে বরং নদীমাতৃক গ্রামীণ কৃষিজীবনের আটপৌরে মুহূর্তের সঙ্গে আলোর বিক্রিয়ায় সৃষ্ট ফলাফলের চিত্রানুচিত্রণ এই প্রদর্শনীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
শিল্প সম্পর্কে শিল্পীর দৃষ্টিভঙ্গি কী—তা এই প্রদর্শনীর নামকরণ থেকে একপ্রকার উপলব্ধি করা যায়। বিষয়বস্তু নয়, বিষয় উপস্থাপনের মাধ্যমটি কি তা-ই শিল্পীর চেতনাকে অধিকার করে রাখে। সে কারণেই নৌকার মাঝি, নৌকার আরোহী, নদীর তীর ধরে বোঝা মাথায় হেঁটে চলা শ্রমিক—এই সবকিছুই যেন সারফেস বা উপরতল দিয়ে বানানো কোনো বিষয় যাতে তিনি রূপারোপ করেন। ছবির নামকরণ কিংবা প্রদর্শনীর নামকরণে করণকৌশলগত দৃষ্টিভঙ্গির প্রয়োগ এ দেশে এরই মধ্যে একটি প্রভাবশালী প্রবণতায় পর্যবসিত হয়েছে। অথচ শিল্পীর কাজ তো কোনো এক বোধ হাজির করা। সৈয়দ জাহাঙ্গীরের প্রদর্শনীটির নামকরণ বোধতাড়িত নয়, করণকৌশলের চিন্তা দিয়ে গঠিত।
তিনি এমনকি বন্যা ও ভাঙনেরও নানা ড্রয়িং এই প্রদর্শনীতে রেখেছেন। বন্যার দুর্গতি, ভাঙনের দুঃখ সবই একসময় শিল্পীর সৌন্দর্য-পিপাসা মেটানোর বাহন হয়ে ওঠে। সুজলা-সুফলা শস্য শ্যামলা সোনার বাংলার আবহমানতার অর্থে প্রচলিত গ্র্যান্ড ন্যারেটিভ বা বিশাল বয়ানের শিল্পী জাহাঙ্গীর। তাঁর কাজে নৈর্ব্যক্তিক সমাজ-অর্থনীতির বাস্তবতা গরহাজির থাকলেও ব্যক্তিক দেখা থেকে গঠিত একটি কল্পবাস্তব ঠিকই আছে। এর ফলে তাঁর জেলে ও কৃষকদের ঐতিহাসিক চারিত্র্য-বৈশিষ্ট্য লোপ পায়। শিল্পীর রোমান্টিক চাহনির লক্ষ্যবস্তু হয়ে ওঠে এই জেলে, এই কৃষকেরা—যারা সুখী ও সুন্দর। এর ফলে আমরা দেখছি যে শিল্পীর চাহনিতে আছে এক অপার মুগ্ধতা। আর যেকোনো মুগ্ধতারই উৎস বিচ্ছিন্নতা। শিল্পীর সঙ্গে শিল্পের বিষয়বস্তু অর্থাৎ জাহাঙ্গীরের সঙ্গে ‘আবহমান গ্রামবাংলা’ বা নাগরিক মধ্যবিত্ত শ্রেণীর সঙ্গে স্মৃতিময় গ্রামের বিচ্ছিন্নতার আলামত হিসেবে এই প্রদর্শনীর কাজকে দর্শক পাঠ করতে পারেন; কিংবা বর্ষপঞ্জিশোভিত বাংলার কৃষিজীবনের প্রশ্নহীন সৌন্দর্যের স্মারক ভেবে উদ্যাপনও করতে পারেন।