মুনার চোখে জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

মুনার কাছে ভাইটি তার দেবতুল্য। মর্তের কোনো এক দেবী হবে তার ভাইপত্নী, এমন বাসনা নিয়েই চলে একের পর এক পাত্রী দেখা। কিন্তু বাধা একটাই। ভাইকে সে এমন আসনে অধিষ্ঠিত করেছে, সে আসনতুল্য ভাইপত্নী মেলানো দায়। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সহপাঠী বন্ধুরাও এই ভাইয়ের এত বেশি গুণকীর্তন শুনেছে মুনার মুখে, ভাইটিকে একপলক দেখার বাসনায় উদগ্রীব ছিল প্রত্যেকেই।

বাস্তবেই ভাইটি তার দেবতুল্য। দু-চারজন সহপাঠী, যাদের সঙ্গে তার সাক্ষাতের সুযোগ হয়েছে, সবাই মুনার সঙ্গে একমত। ভাইটি তার অনেক বেশি মিশুক-পরোপকারী-আন্তরিক-সদালাপীসহ যাবতীয় ভালো গুণে গুণান্বিত। এমন ভাইয়ের জন্য দেবীতুল্য পাত্রী আশা করতেই পারে আদরের বোনটি।

ভাইয়ের বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনায় বিভোর মুনা। অনেক আনন্দ-উল্লাস করার বাসনায় বারবার পিছিয়েছে নিজের মা হওয়ার বাসনা। চার বছর হলো বিয়ে করেছে সে। সন্তান নেওয়ার বাসনা নিজের যেমন, তেমন পরিবারের মানুষগুলোরও। বারবার সেই বাসনা উপেক্ষা করেছে সে।

অবশেষে যখন দেবীর সন্ধান পাওয়া গেল, মুনার তখন তিন মাসের প্রেগন্যান্সি। এ সময় তার বিশ্রাম- চিন্তামুক্ত সময়ের প্রয়োজন হলেও, ভাইয়ের বিয়ের যাবতীয় কেনাকাটায় ঝাঁপিয়ে পড়ে সে। এমন অবস্থায়ও আন্তরিকতা-উচ্ছ্বাসের কমতি ছিল না এতটুকু। বিয়ের যাবতীয় আয়োজন শেষ হলো। মহা ধুমধামে দেবী ভাবিকে তুলে আনা হলো। ভাইয়ের বিয়ে দিতে পেরে ভালো লাগার পুলক বুঝি ধরে না মুনার ছোট্ট বুকে।

পরের দিন বৌভাত। গোটা আয়োজনে ছোটাছুটি করে অনেকটা ক্লান্ত মুনা। পেটে তার তিন মাসের চাঁদের কণা। ভাইটি তার মার্কেটে যাওয়ার বায়না ধরে। নতুন বউয়ের বৌভাতের শাড়ি কিনতে হবে। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ক্লান্ত শরীরেও না বলতে পারেনি মুনা। বিপত্তিটা ঘটল তখনই। ছয়-ছয়বার বোমিটিং হলো যাত্রাপথে। সন্ধ্যার সূর্যাস্তের মতো নিভে গেল বৌভাতে অংশ নেওয়ার সম্ভাবনার আলোটুকু। নিস্তেজ শরীরে বিছানায় এপাশ-ওপাশ করে সে।

সন্ধ্যা ঘনাল। বৌভাতে যাওয়ার সাজসজ্জায় ব্যস্ত সবাই। মহাকালের ক্লান্তিভরা চোখে তাকিয়ে আছে মুনা। ভাইটি তার তড়িঘড়ি বেরিয়ে পড়ে আয়োজনস্থলের উদ্দেশে। যাওয়ার বেলায় বোনকে একটিবার বলারও সুযোগ হয় না তার। একে একে সবাই বেরিয়ে পড়ে। শূন্য ঘরে মুনা। চোখের জলে ভেজে।