মুরাকামির বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি লেখক হারুকি মুরাকামির জন্ম ১৯৪৯ সালের ১২ জানুয়ারি কিয়োটো শহরে। ওই শহরে জন্ম হলেও তাঁর কৈশোর ও যৌবনের দিনগুলো অতিবাহিত হয় শুকুগাওয়া, আশিইয়া আর কোবে শহরে। তাঁর বাবা ও মা দুজনেই ছিলেন জাপানি ভাষার শিক্ষক।থিয়েটার আর্ট বিভাগের ছাত্র ছিলেন। পাঠ্যবইয়ে তেমন মন ছিল না। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার মিউজিয়াম থেকে ফিল্ম স্ক্রিপ্ট নিয়ে পাঠ করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই স্ত্রী ইওকোর সঙ্গে পরিচয় ও বিয়ে। পড়াশোনা শেষ করে একটা রেকর্ডের দোকানে চাকরি নেন। তারপর ওই চাকরি ছেড়ে দিয়ে টোকিওর কোকুবুকি এলাকায় ‘পিটার ক্যাট’ নামে একটা কফি হাউস খোলেন স্ত্রীকে নিয়ে।ছোটবেলা থেকেই মুরাকামি পশ্চিমা সংস্কৃতি বিশেষ করে, পশ্চিমা সংগীত ও সাহিত্যের প্রতি অনুরক্ত হন। খ্যাতিমান অনেক মার্কিন লেখকের রচনা পাঠ করে সময় কাটান। এসব কারণে তাঁকে প্রচলিত ধারার জাপানি সাহিত্যিকদের থেকে আলাদা করে দেখা হয়। তাঁর অনেক রচনার পটভূমিতেই রয়েছে ক্ল্যাসিকাল সংগীত।একদিন বেসবল খেলা দেখার সময় হঠাৎ করেই তাঁর মাথায় উপন্যাস লেখার পরিকল্পনা আসে। প্রথম ওই বইটির নাম হিয়ার দ্য উইন্ড সিঙ্গস। সেটি ছিল ১৯৭৯ সাল। বইটি একটা প্রতিযোগিতায় পাঠানো হয় আর সেটি প্রথম পুরস্কার জিতে নেয়। এই সাফল্য তাঁকে পরবর্তী বইগুলো লিখতে অনুপ্রেরণা জোগায়। বছরখানেক পরই লেখেন পিনবল, ১৯৭৩। ১৯৮২ সালে এ ওয়াইল্ড শিপ চেজ প্রকাশিত হলে সমালোচকদের প্রশংসা পান। ১৯৮৭ সালে নরওয়েজিয়ান উড প্রকাশিত হলে জাপানসহ সারা বিশ্বে হইচই পড়ে যায়। নানা ভাষায় প্রায় ৬০ লাখ কপি বিক্রি হয় বইটি। ওটি ছিল না-পাওয়ার বেদনা আর যৌনতায় ভরা এক নস্টালজিক কাহিনি। এর আগেই বেরিয়েছিল হার্ড বয়েল ওয়ান্ডারল্যান্ড অ্যান্ড এন্ড অব দ্য ওয়ার্ল্ড। স্বপ্নের মতো ফ্যান্টাসি আর জাদু উঠে আসে বই দুটিতে। ১৯৮৬ সালে মুরাকামি ইউরোপ ভ্রমণে বের হন আর সেখান থেকে ফিরে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নিউজার্সির প্রিন্সস্টোন বিশ্ববিদ্যালয় ও মেডফোর্ডের টাফ্ট বিশ্ববিদ্যালয়ের রাইটিং ফেলো মনোনীত হন তিনি। ওই সময় লেখেন সাউথ অব দ্য বর্ডার, ওয়েস্ট অব দ্য ম্যান এবং দ্য উইন্ড আপ বার্ড ক্রনিকল।২০০৬ সালে পেয়েছেন চেক প্রজাতন্ত্রের ফ্রান্স কাফকা পুরস্কার কাফকা অন্য দ্য শোর উপন্যাসের জন্য। নিজের লেখা ছাড়াও তিনি রেমন্ড কারভার, ফিটজেরাল্ড, জন আরডিং ও পল থরোসহ খ্যাতনামা মার্কিন ও ইংরেজ লেখকদের লেখা জাপানি ভাষায় অনুবাদ করেছেন।উত্তর-আধুনিক সাহিত্যিকদের মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হচ্ছে হারুকি মুরাকামি। গত বছরের নোবেল পুরস্কারের হ্রস্ব তালিকায় তাঁর নাম ওপরের দিকেই ছিল। তাঁর অন্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে: হোয়াট আই টক অ্যাবাউট হোয়েন আই টক অ্যাবাউট রানিং, ডান্স ডান্স ডান্স, স্পুটনিক সুইট হার্ট, আন্ডার গ্রাউন্ড, আফটার ডার্ক, এলিফ্যান্ট ভ্যানিশেস, আইকিউ ৮৪। তাঁর অনেক গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। বাংলাসহ বিশ্বের ৪৩টি ভাষায় তাঁর রচনা অনূদিত হয়েছে।তাঁর ধারণা, যদি একটা ভালো গল্প লেখা হয়, তা যে ভাষারই হোক না কেন, তা মানুষকে নাড়া দেয়, তারা আবেগাপ্লুত হয়, বিষণ্ন কিংবা সুখী হয়। বিভিন্ন জাতির মধ্যে বর্তমান বিশ্বে রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত বাড়ছে। তাঁর বিশ্বাস, এ সংঘাতের ভেতরও সাহিত্য কাজ করছে। সাহিত্যের শক্তি দিয়ে বদলানো যাবে পৃথিবীকে। আর বড় লেখক হওয়ার বিষয়টা কারও ক্ষমতার ওপর নির্ভর করে না; এটা সহজাত বুদ্ধি বা জ্ঞানের বিষয়।দিলওয়ার হাসান