
আধুনিক শিল্প নানা রকমফেরের মধ্য দিয়ে আবির্ভূত হয়। যদিও বিশেষ কয়েকটি ভাষার আত্তীকরণের সূত্রে আধুনিকতা এশিয়ার বলয়ে প্রবেশ করে। রবীন্দ্রনাথের চিত্রভাষায় এর ব্যত্যয় লক্ষ করা যায়—তিনি ‘বঙ্গীয়’ আধুনিকতার মান-চিত্রকল্প গ্রহণ না করে শিল্পচর্চায় হাত দেন এবং বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেন। শিল্পী মুর্তজা বশীরের বর্তমান প্রদর্শনীর কাজে চোখ রেখে এই বাংলার শিল্পে আধুনিকতার প্রকাশ ষাট-পরবর্তী দশকগুলোতে কী ধরনের বৈপ্লবিক পরিবর্তন আনে, সে সম্পর্কে দর্শককে সজাগ করে তোলে। পাশাপাশি রবীন্দ্রনাথের শিল্পে বিমানবিকীকরণের যে তুরীয় পন্থা, মনে করিয়ে দেয় তার কথাও। যদিও মুর্তজা বশীর প্রাথমিক বিচারে ঘনবাদের (কিউবিজম) যুক্তিযুক্ত কাঠামো-অনুসারী শিল্পী। কায়া গ্যালারির পরিসরে এই শিল্পীই এবার প্রকাশভঙ্গির অযৌক্তিক পন্থার চিহ্ন হাজির করেছেন সবার সামনে।
তাঁর নব্বই ও একানব্বই সালে করা কোলাজগুলো মনে করিয়ে দেয় সেই সব কবি-শিল্পীর হাতে গড়া নিজস্ব প্রকাশবাদী ভাষার কথা, যাঁরা রবীন্দ্রনাথের বস্তুজগতের চিহ্ন ও নির্বস্তুকতার ফ্লুইড মেলবন্ধনের ফসল।
প্রদর্শনীতে ১৯৫৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ড্রয়িং, প্যাস্টেল ও কোলাজ একত্রে দুটি মাত্রার সন্ধান দেয়। একদিকে স্থানিকতার মূল্যায়ন শিল্পীকে নারীর অবয়ব নির্মাণে উৎসাহী করেছে, অন্যদিকে কোলাজ ব্যবহার করে তৈরি কাজগুলোতে তিনি ছুটি নিয়েছেন স্থান-কাল-পাত্রের সহজ দর্পণ থেকে। কোলাজের ক্ষেত্রে তিনি গোলকায়িত দুনিয়ার রাজনীতি, স্বপ্নের বিশ্লেষণ, সংঘাত, যুদ্ধ ও পাশ্চাত্যশিল্পের ইতিহাসকে বেছে নিয়েছেন বিষয় হিসেবে।

এখানে দেখা যায় বশীরের নানামুখী চর্চার চিহ্ন। সিরিজ ছবি আঁকিয়ে এই শিল্পী আমিনুল ইসলাম ও মোহাম্মদ কিবরিয়ার মতোই ঘনবাদের জ্যামিতিক বিনির্মাণের মধ্য দিয়ে মানব অবয়বকে বিমানবিকীকৃত দশায় রূপান্তর করার ধারণায় স্থির ছিলেন একদা। সেই ভাষার যৌক্তিক বিবর্তনই হয়তো তাঁকে সত্তর দশকে বিমূর্ততামুখী করে তুলেছে। যদিও শিল্পীর ভাষ্য অনুযায়ী, এ বিমূর্ততা ‘বিমূর্ত বাস্তবতা’। তিনি ক্ষুদ্র সারফেস বড় ক্যানভাসে প্রক্ষেপণ করেছেন মাত্র—যেমনটা তাঁর ‘এপিটাফ ফর দ্য মার্টার’ সিরিজে দেখা যায়। নুড়িপাথরকে বহুগুণ বড় করে শিল্পী দ্বিমাত্রিক চরিত্র দেন তাঁর বিখ্যাত এই সিরিজে।
যে অচেনা বশীরকে এই প্রদর্শনীতে দর্শক আবিষ্কার করেন, তিনি দ্বিমাত্রিকতার শাসন থেকে বেরিয়ে অনায়াসে মাত্রাসমূহের সমন্বয় ঘটাতে পেরেছেন। ১৯৯১ সালে আঁকা ‘লিবার্টি নাউ’ ছবিতে হাঁটু গেড়ে বসা যে রমণী, তা মার্কিন গণতন্ত্রের প্রতীক স্ট্যাচু অব লিবার্টির আত্মসমর্পণের দৃশ্য। শৈল্পিক এক অনির্দেশ্য ভাষা এখানে বশীর অর্জন করেছেন; আর এটি সম্ভব হয়েছে ঘনবাদ, দাদাপন্থা ও শিল্পীর নিজস্ব ভাবনার সমন্বয়ে।
মানব অবয়ব নিয়ে যে জ্যামিতিক পরীক্ষা-নিরীক্ষা ষাটের দশকে সূচিত, তার নতুন সূচিমুখ হয়তো বশীরের ‘শি-১’ চিত্রে প্রামাণ্য হয়ে ওঠে। ক্যানভাসে তেলরঙের অভিনব ব্যবহারের সূত্রে যে ফ্লুইডিটি বা গতি অর্জন করা যায়, তার পরিপ্রেক্ষিতে ‘কন্টুর’ ড্রয়িংকে রং দিয়ে বিমূর্ত করে তোলার মধ্যেই এই শিল্পকর্মের সার্থকতা। ‘শি-২’ চিত্রে এর প্রয়োগ প্রশংসনীয়।
আধুনিকতার একটি বড় মাত্রা হচ্ছে শিল্পভাষাকে সার্বক্ষণিকভাবে প্রশ্নের মুখোমুখি রাখা। মুর্তজা বশীরের কাজে এই মাত্রার প্রয়োগ সহজে পাঠযোগ্য। ১২ সেপ্টেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।