মুর্তজা বশীরের ‘পাখা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুর্তজা বশীরের একটি সিরিজচিত্রের শিরোনাম পাখা। এখানে মুদ্রিত ছবিটি এই সিরিজের একটি চিত্রকর্ম—‘পাখা ১১১’। পাখার শুরু ১৯৯৮ সালে। এর আগে এই শিল্পীর দুটো সিরিজচিত্র বিখ্যাত হয়েছিল—দেয়াল (১৯৬৬—৯২) ও এপিটাফ ফর দ্য মার্টেয়ার্স (১৯৭৩—৭৭)। এ পর্যন্ত পাখা সিরিজে ১৩৭টি ছবি এঁকেছেন। পাখার ৩ থেকে ৩০, মোট ২৮টি ছবি প্রদর্শিত হয় শিল্পকলা একাডেমী আয়োজিত তাঁর একক প্রদর্শনীতে, ১৯৯৯ সালে। ২০০২-এ এই সিরিজের ১৯টি কাজ নিয়ে একক প্রদর্শনী হয়েছিল শিল্পরাগে। ২০০১-এ বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টে আয়োজিত প্রদর্শনীতে ১৪টি পাখা প্রদর্শিত হয়। ২০০৬ থেকে ২০০৮-এ আঁকা ২৪টি পাখা কোথাও প্রদর্শিত হয়নি, ছবিগুলো ব্যক্তিগত সংগ্রহে চলে গেছে। এ বছর, ২০১০-এ পাখা এঁকেছেন ৩৯টি। এর মধ্যে ৩৭টি পাখা প্রদর্শিত হবে গ্যালারি কায়ায়। উত্তরার গ্যালারি কায়ায় তাঁর প্রদর্শনী শুরু হবে ২৫ সেপ্টেম্বর ২০১০। শেষ হবে শিল্পীর পিতামাতার শততম বিবাহবার্ষিকীতে, ১০ অক্টোবর। উল্লেখ্য, তাঁর বাবা ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মা মরগুমা খাতুন।মানুষ ক্রমেই অন্ধকারের দিকে, হতাশার দিকে চলেছে। কিন্তু জীবন শুধু অন্ধকার না, তার মধ্যেও আলোর একটা ইশারা আছে। প্রজাপতির পাখায় শিল্পী সেটা খুঁজে পেয়েছেন। আলোকিত রঙিন বর্ণচ্ছটা এবং জীবনের স্পন্দন তিনি খুঁজে পেয়েছেন প্রজাপতির পাখার মধ্যে। শিল্পী বলেন, ‘এই বর্ণ ও স্পন্দনকে আমি জীবনের জয়গান হিসেবে আমার ছবিতে ধরার চেষ্টা করেছি।’ এই চিত্রকর্মগুলোর সামনে কিছুক্ষণ দাঁড়ালে মনে আনন্দ আসবে বলে শিল্পী বিশ্বাস করেন। প্রথম দিকের কাজে তিনি প্রজাপতির পূর্ণ অবয়ব দিয়েছিলেন। পরে আরও ভেতরে প্রবেশ করলেন। পাখার ক্ষুদ্র একটি অংশে ছোট ছোট ফর্ম, রঙের যে বৈচিত্র্য, এগুলোকে ক্রমে তুলে ধরার চেষ্টা করছেন শিল্পী। তিনি বলেন, ‘আমি দায়বদ্ধ শিল্পী। আমার কোনো শিল্পকর্মই আমার মনোজগতের কাজ নয়, সব উপাদান আমি প্রকৃতি থেকে আহরণ করেছি। গাছ, পাতা, পাথর, নুড়ি, পাখি, প্রজাপতি, দেয়াল, ইটের টুকরো সবকিছু আমি বিষয়বস্তু হিসেবে নিয়েছি। আমার চেষ্টা ছিল রেনেসাঁ শিল্পীদের বাস্তবতা আর ইম্প্রেশনিস্ট শিল্পীদের মেজাজের সমন্বয় ঘটানো।‘পাখা ১১১ ছবিটিকে আপাতদৃষ্টিতে বিমূর্ত মনে হয়। সেখানে কিছু ফর্মকে নানাভাবে সন্নিবেশিত করা হয়েছে। ফর্মগুলো কল্পনাপ্রসূত নয়। এগুলো আমি প্রজাপতির পাখা থেকে নিয়ে সততার সঙ্গে উপস্থাপন করেছি। এটাকে আমি বলি বিমূর্ত বাস্তবতা।’মুর্তজা বশীর ঢাকায় গভর্নমেন্ট ইনস্টিটিউিট অব আর্টে দ্বিতীয় ব্যাচের ছাত্র হিসেবে ভর্তি হন ১৯৪৯ সালে। পরে তিনি কলকাতা, ফ্লোরেন্স ও প্যারিসে শিল্পকলা বিষয়ে পড়াশোনা করেন। ১৯৭৩ থেকে ১৯৯৮ পর্যন্ত শিল্পী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে শিক্ষকতা করেন। —জাফর রাশেদ