মূর্ততার দিকে
বেঙ্গল শিল্পালয়ের ‘সৃজনে ও শেকড়’-এর ষষ্ঠ প্রদর্শনী (২৯ অক্টোবর-৯ নভেম্বর) হয়ে গেল। তাতে ছিল ১০ জন চিত্রশিল্পীর ৪০টি চিত্রকর্ম। গত শতকের সত্তরের দশক থেকে বর্তমানের শূন্য দশকের শিল্পীর সমন্বয়ে এ তালিকা। ১০ জন শিল্পীর কাজ বৈচিত্র্যময় হলেও বিমূর্ততা থেকে মূর্ততার প্রতি তাঁদের প্রায় সবাই ধাবমান। কেউ নিসর্গের রূপমুগ্ধ আবহ নির্মাণ করে চলেছেন, কেউ প্রকৃতিকে আঁকছেন অতিপ্রাকৃত সৌন্দর্য বিলাসে, আবার কেউ কেউ সময়ের তীব্রতাকে ধারণ করে চিত্রপটে তুলে আনছেন সমাজ বাস্তবতার রূঢ়তা। এই শিল্পীরা যে সময়ের প্রতিনিধি, তা বড় ঘটনাবহুল ও তীব্র সংঘাতময়। বাংলাদেশের অভ্যুদয়ের রক্তাক্ত পটভূমি থেকে শুরু করে এই শিল্পী দলের গরিষ্ঠ অংশ প্রত্যক্ষ করেছে রাজনৈতিক হত্যাকাণ্ড, সামরিক শাসন, হানাহানি, মৌলবাদ-জঙ্গিবাদের উত্থান প্রভৃতি। তাঁদের চিত্রপটে সেসব বিষয়ের আনাগোনা। প্রথাসিদ্ধ শিল্পপ্রকরণ, বিষয় উপেক্ষা করে শিল্পকে রূঢ় বাস্তবতার মুখ দেখানোয় এই শিল্পী দলের কেউ কেউ ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন। এই শিল্পীরা হলেন আতিয়া ইসলাম, মোস্তফা জামান, ওয়াকিলুর রহমান, সাইদুল হক ও রনি আহম্মেদ। ওয়াকিল এঁকেছেন কাগজে কালিতে গণহত্যা সিরিজ। সাইদুল হক কাগজ ভাঁজ করে গড়ে তুলেছেন হাত ও পা জড়াজড়ি করে থাকা লজ্জার অনুভূতি ও প্রতিবিম্ব। আতিয়া ইসলাম অশ্লেষে তুলে এনেছেন নারীর প্রতি সহিংসতা ও সাম্প্রতিক বিডিআর বিদ্রোহের প্রতীকী রূপ। করপোরেট বাণিজ্য যুগের নষ্টামি আর পরিবেশ বিপর্যয়কে প্রতীক করে ছবি এঁকেছেন যথাক্রমে অপেক্ষাকৃত দুই তরুণ মোস্তফা জামান ও রনি আহম্মেদ। এই শিল্পী দলের বয়োজ্যেষ্ঠ নাসিম আহমেদ নাদভী কাগজে কালো কালির ওয়াশে এঁকেছেন আসন্ন সন্ধ্যার নদীমাতৃক নিসর্গ। চিরচেনা বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছেন। গোলাম ফারুক এই শিল্পীদলের একমাত্র বিমূর্ত অভিযাত্রী। শিরোনামহীন ও অতীত সংগীত বিষয় নিয়ে শিল্পী স্নিগ্ধ সব রং ও ফর্মের খেলা খেলেছেন আপন মনে। আহমেদ সামসুদ্দোহা ক্রমান্বয়ে স্যুররিয়ালিজমের পথে আরও বেশি করে ঢুকে যাচ্ছেন। স্বর্গীয় সৌন্দর্যের কল্পনা এখানে মূর্ত করেছেন শিল্পী। মনিরুজ্জামান ফিরে গেছেন শৈশবের সোনা রং দিনগুলোয়—কখনো মায়ের কোলের শিশু হয়ে ঘুমপাড়ানি গানে, কখনো মাছ ধরায় কিংবা জলকেলিতে। মোহাম্মদ ইকবাল সমাজজীবনের বাইরের সাধুমন্ত আর ভয়ার্ত শিশুর ছবি এঁকেছেন দক্ষ হাতে। এই যৌথ প্রদর্শনীর বৈচিত্র্য মনে রাখার মতো।