মূর্তের বিমূর্ততায় অবগাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিরোনামহীন–৬৫’, শিল্পী: নিয়ামুল বারী
‘শিরোনামহীন–৬৫’, শিল্পী: নিয়ামুল বারী

নিয়ামুল বারীর একক চিত্রপ্রদর্শনীতে কী ধরনের উপকরণসমৃদ্ধ দৃশ্যভাষার সম্মুখীন হতে পারেন শিল্পরসিক দর্শক, ‘ক্ষণিকের ইতিবৃত্ত’ (মোমেন্টারি হিস্টোরিজ) শিরোনামের ছবির মধ্য দিয়েই তা টের পাওয়া যায়। এখানে টুকরা টুকরা অজস্র ক্ষণ যূথবদ্ধ ইতিহাস আকারে উঠে এসেছে। নিয়ামুলের চিত্রপট অনেক তল, অসংখ্য উপকরণ ও টেক্সচারের এক বিস্ময়কর জগৎ। ফর্ম এখানে গুরুত্বপূর্ণ।
যেহেতু বিমূর্ত ভাবধারায় মূর্ত জগৎকে আবিষ্কারের প্রচেষ্টা, তাই খুব মোটা রং, বুনট ও প্রতিমুহূর্তের তাৎক্ষণিকতার মেলবন্ধন আছে, ক্যানভাসগুলোয় আছে দীর্ঘ সময়ের ব্যাপ্তি। নিয়ামুল ভাস্কর্য ও সিরামিকে সিদ্ধহস্ত। দীর্ঘদিন এই দুই মাধ্যমেই কাজ করেছেন। ভাস্কর্যের পুরোটাই যেন তিনি পেইন্টিংয়ে নির্মাণ করতে চান। তাই তাঁর ক্যানভাসে একই সঙ্গে দ্বিমাত্রিক ভাস্কর্যের মতো ত্রিমাত্রিক উপাদানের দেখা মিলবে। এই প্রদর্শনীর ক্যানভাসে নানা ধরনের উপাদান বা বস্তু লেপনের প্রবণতা যেন শিল্পীর তীব্র এক তৃষ্ণা মেটানোরই প্রচেষ্টা।

‘শিরোনামহীন'
‘শিরোনামহীন'

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে ৮২টি শিল্পকর্ম নিয়ে চলছে নিয়ামুল বারীর একক চিত্রপ্রদর্শনী। মার্ক রথকোর প্রভাবে মোহাম্মদ কিবরিয়া যেভাবে উৎসাহিত হয়েছিলেন—আঙ্গিকগতভাবে না হোক, চেতনাগতভাবে নিজস্বতা তৈরি করেছিলেন—একইভাবে নিয়ামুলেরও উৎসাহ রয়েছে নতুন কিছুর প্রতি। তাঁর নিরীক্ষাপ্রবণতা এর অন্যতম কারণ। নকশি কাঁথা, জামদানি শাড়ি, নকশা করা কাপড়ের পাড়, শার্টের অংশ, লোহালক্কড়—কী নেই নিরীক্ষায়! মনে হতে পারে, পৃথিবীটাই সেঁটে দিলে হয়তো-বা শান্তি হতো নিয়ামুলের!
ভারী রং দিয়ে তৈরি করা বুনটের পরতে পরতে তিনি তৈরি করেছেন গভীরতা। দর্শক যখন ক্যানভাসে পরিমিত জামদানি শাড়ি অথবা অন্য কোনো উপাদান খুঁজে পান, অজান্তেই মূর্ত জীবনের সঙ্গে যৌথ সংস্কৃতির সংযোগ স্থাপিত হয় তখন। এরপর প্রথমত সেটি বাংলাদেশের, অতঃপর হয়ে ওঠে আন্তর্জাতিক।
তুলি বা ব্রাশের বদলে নিয়ামুল প্রায়ই ভাস্কর্য ও সিরামিক টুলস দিয়ে কাজ করেন। বলার কথা হলো, নিয়ামুলের ক্যানভাসগুলোর কোনো শিরোনাম নেই; তার বদলে ছবিগুলো চিহ্নিত করা হয়েছে কেবল সংখ্যার মাধ্যমে। শিল্পের সঙ্গে দর্শকের সক্রিয়তাকে হয়তো-বা কোনো পূর্বারোপিত সংজ্ঞায় বাঁধতে চাননি শিল্পী। আরেকটি ব্যাপার, নিয়ামুল বারী স্বাক্ষর করেন ক্যানভাসের পেছনে। যেহেতু একটি ছবি শেষ করতে তাঁর অনেকটা সময় লাগে, তাই শুধু সনই লিখে রাখেন ক্যানভাসের পেছনে। মূল সারফেসে কোনো রকম স্বাক্ষর করেন না তিনি।
প্রদর্শনীতে কিছু ড্রয়িং আছে—ফিগার ড্রয়িং। এগুলো অনুশীলনধর্মী ও অভিব্যক্তিবাদী। এ ছাড়া রয়েছে বিশালাকার কিছু পেইন্টিং, রয়েছে ছোট কিছু কাজও। এই সবকিছু মিলিয়েই ‘ক্ষণিকের ইতিবৃত্ত’-এর অবস্থান।
নিয়ামুল নতুন মাধ্যমে কাজ করছেন না; বরং বলা যায় নতুন মাধ্যমের প্রতি দুনিয়ার আকর্ষণ তাঁকে নতুন কিছু আবিষ্কার করার দিকে উসকে দিচ্ছে, সম্ভাবনা জাগাচ্ছে।
১২ আগস্ট শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ৩০ আগস্ট পর্যন্ত।