
‘রবিঠাকুরের বউয়ের সুখ-দুঃখ: মৃণালিনীর আরও কিছু কথা’ নামের লেখাটিতে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বই আমি রবিঠাকুরের বউ: মৃণালিনীর লুকোনো আত্মকথা বিষয়ে কিছু সমালোচনা ও পর্যালোচনা আমি করেছিলাম, যা প্রথম আলোর ‘শিল্পসাহিত্য’ পাতায় প্রকাশিত হয় (৮ মে ২০১৫)। সেই লেখার প্রসঙ্গ ধরে ১৫ মে ২০১৫-তে প্রথম আলোয় প্রতিক্রিয়া হিসেবে গোলাম মুরশিদের যে লেখাটি ছাপা হয়েছে, তা দেখে বিস্মিত হয়েছি। আমি মনে করি, অযৌক্তিক ও অপরিশীলিত কোনো লেখা পড়ে আরও প্রতিক্রিয়া ব্যক্ত করাটা সময় অপচয়। তবু গোলাম মুরশিদের লেখায় আমার লেখার মর্মার্থ অনুধাবনে ব্যর্থতা এত প্রকট যে সংক্ষিপ্তভাবে সেটা না জানালে যেসব পাঠক শুধু তাঁর লেখাটি পড়েছেন, আমারটি পড়েননি, তাঁরা ভাবতে পারেন তাঁর বক্তব্য সঠিক।
তিনি লিখেছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায় ও অন্যদের নামোল্লেখ করে, ‘সমালোচনা কেউ করেনি,...বরং...(আমার ধারণা) একই পথে এগিয়ে যাওয়া সম্ভব।...‘সেই পথ ধরলেন’ (আমাকে লক্ষ্য করে বলা)। অথচ আমার পুরো লেখাটিই রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বইয়ের সমালোচনা। শুরুর দিকেই সেটা পরিষ্কারভাবে ব্যক্তও হয়েছে। যেমন, ‘ইস, কেন আমার এই আত্মকাহিনী প্রকাশিত হলো...এই আত্মকাহিনী লুকানো থাকাই ভালো ছিল।...নিজের ওপর এ কেমন অবিচার আমি করলাম...।’
তারপর বইটির কিছু অংশকে বিশেষভাবে সমালোচনা করেছি। সেসব করেছি সেই সময়ের আর্থসামাজিক অবস্থা ও তথ্য বিবেচনার মাধ্যমে। সেগুলো এখানে উদ্ধৃত করছি না। যাঁরা আগ্রহী হবেন, মূল লেখাটি আশা করি পড়বেন (ই-প্রথম আলোয়)। গোলাম মুরশিদ সম্ভবত আমার লেখা পড়েননি। কারণ, লেখাটি এত সহজ এবং সবার জন্য বোধগম্য ভাষায় রচিত যে কেউ সেটা বুঝতে অক্ষম হবেন, এটা ভাবা কঠিন।
আমার রচনাটির বিশেষ মনোযোগ ছিল, সমাজবিজ্ঞানী হিসেবে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বইয়ের কিছু অংশের ওপর তথ্যভিত্তিক সমালোচনা। সেই সঙ্গে নারীবাদী দৃষ্টিভঙ্গিতে আলোচনাকে একটি প্রগতিশীল ধারাতে নেওয়া হয়েছে। হয়তো এই নারীবাদী ধারার বিরোধিতা সরাসরি করা যায় না বলে এ ধরনের লেখার বিরুদ্ধে অহেতুক সমালোচনা করা রক্ষণশীলদের একটি কৌশল।
আমার লেখাটিতে যে সমালোচনামূলক বক্তব্য, সেটা গোলাম মুরশিদের না বোঝার একটি কারণ হয়তো এই যে সমালোচনা করা হয়েছে মৃদু কণ্ঠে ও পরিশীলিত ভাষায়। আমি মনে করি, সেটাই হওয়া উচিত সমালোচনা সাহিত্যের ধারা।
একটি প্রশ্ন: রঞ্জন বন্দ্যোপাধ্যায় বা সুনীল গঙ্গোপাধ্যায়ের বইগুলো প্রকাশিত হওয়ার পর কোনো সমালোচনা লেখার সময় কারও হলো না কেন? সেই সচেতন দায়িত্ববোধ এ দেশের বা বিদেশের কোনো বাংলাভাষী লেখক দেখাননি কেন? এই সংক্ষিপ্ত ও অযৌক্তিক লেখা দিয়ে গোলাম মুরশিদ হাততালি পেতে পারেন, কিন্তু রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের অগ্রহণযোগ্যতাকে যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি, যেটা আমি চেষ্টা করেছি আমার প্রবন্ধে।
এটাই হয়তো তাঁর ক্রুদ্ধ ভাবের পেছনে আসল কারণ। অন্য কেউ একটি ভালো পর্যালোচনা করে ফেলল। হয়তো ভয় হয়েছে সাহিত্যক্ষেত্রে প্রতিযোগী বেড়ে যাচ্ছে। না, আমার সেই প্রতিযোগিতাতে থাকার আগ্রহ নেই। ‘মৃণালিনীর আরও কিছু কথা’ আমি লিখেছি খ্যাতির জন্য নয়, গবেষণা-প্রকল্প পাওয়ার জন্য নয়, পদোন্নতি বা পদ রক্ষার জন্যও নয়। এই লেখার উদ্দেশ্য রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মৃণালিনীর লুকোনো আত্মকথা বইয়ের অগ্রহণযোগ্য ও অযৌক্তিক বিষয়গুলোর পরিশীলিত সমালোচনা। আর একজন নারীর নারীবাদী ধারণাগুলো ব্যক্ত করার সামাজিক দায়িত্ব পালন আজকের এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়ারও উদ্দেশ্য।
ঢাকা, ২০ মে ২০১৫।