মৃতলোকে আলাপচারিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের ইংরেজি কাব্যগ্রন্থ—এই দুই কবিকে একসূত্রে গেঁথে রেখেছে। রবীন্দ্রনাথ সে গ্রন্থের লেখক ও অনুবাদক বটে, কিন্তু ইয়েটস সে গ্রন্থের সম্পাদক এবং সে গ্রন্থের একটি অসাধারণ ভূমিকার লেখক। ১৯১২ সালে সাক্ষাতের আগে তাঁরা একে অপরের সম্পর্কে কার্যত কিছুই জানতেন না। কিন্তু প্রথম সাক্ষাতেই তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। গীতাঞ্জলির অনুবাদ পড়ে বিস্মিত হন ইয়েটস। সে বইয়ের খসড়া বগলদাবা করে দিনের পর দিন তিনি ঘুরেছেন ট্রেনে-বাসে; তা একান্ত অভিনিবেশ নিয়ে পড়েছেন। অন্যদিকে ইয়েটসের মেধায় বিস্মিত রবীন্দ্রনাথ এই আইরিশ কবির কাছে ফিরে এসেছেন বারবার। একসঙ্গে পাশাপাশি চেয়ারে বসে কবিতার সংস্কার করেছেন। কোন শব্দটি সঠিক, তা নিয়ে তর্ক-বিতর্ক করেছেন। ইয়েটসের মৃত্যুর পর সে কথা স্মরণ করে রবীন্দ্রনাথ লিখেছিলেন, প্রথম যখন দেখা হয়, তিনি ছিলেন প্রবল প্রাণবন্ত এক পুরুষ। ‘আমার স্মৃতিতে সেই প্রতিভাধর ব্যক্তির দীপ্তি ও ব্যক্তিত্ব এখনো অমলিন।’সম্প্রতি জেনেছি, অন্য আরও একটি বিষয় এই দুই কবিকে একসূত্রে বেঁধেছে। রবীন্দ্রনাথ ও ইয়েটস—দুজনই বিশ্বাস করতেন, মৃত মানুষের সঙ্গে কথোপকথন সম্ভব। হলিউডের ফিল্ম ঘোস্ট যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই লক্ষ করেছেন, মৃত্যুলোকের মানুষদের সঙ্গে কথা বলার এই ব্যাপারটা বেশ ভুতুড়ে। একজন ‘মিডিয়াম’ চাই, যার মাধ্যমে মৃত মানুষের আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়। দরজা-জানালা বন্ধ করে ঘরের এক কোণে হালকা বাতি জ্বালিয়ে অপেক্ষা করতে হয়, কখন প্রার্থিত প্রেতাত্মা এসে হাজির হবে। তারপর সেই মিডিয়ামের হাত দিয়ে পেনসিল বা কলম ঘুরিয়ে মৃতের কাছ থেকে জবাব মিলবে নানা প্রশ্নের। কোনো কোনো প্রশ্নের জবাব একেবারেই বিস্ময়কর। রবীন্দ্রনাথ মন্তব্য করেছেন, যুক্তি দিয়ে বুঝি না বলে সব কথা উড়িয়ে দেব, এমন সাহস করি কী করে?শৈশবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে প্লানচেটের মাধ্যমে মৃত ব্যক্তিদের সঙ্গে কথার চল ছিল। বালক রবীন্দ্রনাথও কখনো কখনো সে কাজে অংশ নিয়েছেন। পরিণত বয়সে এই খেলা তাঁকে আরও পেয়ে বসে। ১৯২৯ সালে প্লানচেট ছেড়ে মৃতের সঙ্গে কথা বলা শুরু করেন এক সশরীরী মিডিয়ামের মাধ্যমে। কবির বন্ধু মোহিতচন্দ্র সেনের কন্যা উমা দেবী—ডাকনাম বুলা—নাকি মিডিয়াম হয়ে মৃতের সঙ্গে কথা বলতে পারেন। তাঁর হাতে পেনসিল ধরিয়ে দিলেই হলো। চারদিকে ঘর অন্ধকার করে, টিমটিমে আলোয় বসে অপেক্ষা করতে হতো, কখন আত্মা আসবে। একসময় সেই আত্মা এসে হাজির হলে বুলা তাঁর কথা ঝড়ের বেগে লিখে ফেলতেন। ঘন ঘনই বসত মৃতের সঙ্গে আলাপচারিতা। একা রবীন্দ্রনাথ নন, আরও দু-চারজন আগ্রহী দর্শকও জুটে যেত। অবশ্য প্রশ্নকর্তা প্রায় সময়ই রবীন্দ্রনাথ। রবীন্দ্রজীবনীকার প্রভাত মুখোপাধ্যায় কাগজপত্র ঘেঁটে জেনেছিলেন মৃতের সঙ্গে আলাপচারিতায় কবির এই গভীর আগ্রহের কথা। এমন সব প্রশ্ন করতেন, যার উত্তর তিনি হয়তো জানতেন, কিন্তু বুলার জানার কথা না। সে কারণেই কবি জোর দিয়ে বলেছেন, ব্যাপারটা মিথ্যে নয়। অমিতাভ চৌধুরীও রবীন্দ্রনাথের মৃতের সঙ্গে আলাপচারিতার বিস্তারিত বিবরণ দিয়েছেন তাঁর একত্রে রবীন্দ্রনাথ গ্রন্থে (দে’জ পাবলিশিং, কলকাতা, ১৯৮৩)। তাঁর দাবি, ঠাকুরবাড়িতে কয়েকখানা বাঁধানো খাতা রয়েছে, যাতে মৃতের সঙ্গে আলাপচারিতার এই বিবরণ এখনো সংরক্ষিত আছে। সে বইয়ে তিনি নানাজনের সঙ্গে, যেমন বৌদি কাদম্বরী দেবী, স্ত্রী মৃণালিনী বা শিশুপুত্র শমীর সঙ্গে আলাপচারিতার বেশ কিছু উদাহরণ দিয়েছেন।অন্যদিকে ইয়েটসের বেলায় এই মিডিয়াম হতেন তাঁর পরিণত বয়সের তরুণী স্ত্রী জর্জি হাইড লিস, অধিকাংশের কাছে যাঁর পরিচয় জর্জি ইয়েটস নামে। মৃত আত্মার সঙ্গে এই আলাপচারিতার ব্যাপারে ইয়েটসের আগ্রহ খুব ছোটবেলা থেকে। তরুণ বয়সে তিনি ডাবলিনে ‘ভূতের ক্লাব’ নামের একটি দল গড়ে তোলেন। মোহিনী চ্যাটার্জি নামের এক বাঙালির সঙ্গেও তাঁর পরিচয় হয় ডাবলিনে। ভারতীয় মিস্টিসিজমে অভিজ্ঞ মোহিনী মৃত মানুষের সঙ্গে কথা বলতে সক্ষম—এমন দাবি তরুণ উইলির মনে গভীর প্রভাব ফেলে। এই নিয়ে তিনি নিজেও কমবেশি এক্সপেরিমেন্ট চালান। তবে আগ্রহটা জমে ওঠে জর্জির সঙ্গে তাঁর বিয়ের পর। ১৯১৭ সালে বিয়ের পর পর তাঁরা এসে ওঠেন এক হোটেলে। সেখানেই জর্জি প্রথমবারের মতো মিডিয়ামের ভূমিকায় নামেন। প্রতি রাতে কয়েক ঘণ্টার জন্য মিডিয়াম হতে হতো তাঁকে। একের পর এক প্রশ্ন করতেন ইয়েটস। কোনো কোনো প্রশ্ন সাহিত্য-শিল্প নিয়ে, কিন্তু অনেক প্রশ্ন তাঁদের দুজনের সম্পর্ক নিয়েও। নির্জন আলো-আঁধারিতে পাতার পর পাতা লিখে সারতেন জর্জি। এরপর আরও দীর্ঘ সময় তাঁদের মৃত আত্মার সঙ্গে কথোপকথন চলে। এই আলাপচারিতাকেই ‘অটোমেটিক রাইটিং’ নাম দিয়ে বিশ্বের কাছে পরিচিত করান ইয়েটস তাঁর বই এ ভিশন-এ।রবীন্দ্রনাথ মৃত আত্মার সঙ্গে কথোপকথনে বিশ্বাস করতেন, সে কথার নানা প্রমাণ রয়েছে তাঁর লেখায়। দিলীপকুমার রায় ও মৈত্রেয়ী দেবীর সঙ্গে কথোপকথনেও তাঁর সে বিশ্বাসের প্রমাণ মেলে। ইয়েটসও কি সত্যি সত্যি বিশ্বাস করতেন, তাঁর স্ত্রীর মাধ্যমে তিনি মৃতের সঙ্গে কথা বলছেন? অ্যান স্যাডলমায়্যার—যিনি জর্জ ইয়েটসের প্রামাণিক জীবনীগ্রন্থ বিকামিং জর্জি গ্রন্থের লেখক—সম্প্রতি ইয়েটস ও তাঁর স্ত্রীর চিঠিপত্রের এক সুবিশাল সংকলনের সম্পাদনা শেষ করেছেন (ইয়েটস অ্যান্ড জর্জি ইয়েটস, অক্সফোর্ড, ২০১১)। তাঁর ধারণা, মিসেস ইয়েটস আসলেই বিশ্বাস করতেন, কোনো এক অদৃশ্য হাত তাঁকে দিয়ে এসব লিখিয়ে নিচ্ছে। অন্য অনেকে অবশ্য দাবি করেছেন, পুরো ব্যাপারটাই জর্জির বানানো। খ্যাপাটে স্বামীকে বশে রাখার এক চেষ্টা। সব মিলিয়ে সাড়ে তিন হাজার পাতা লিখে শেষ করেন জর্জি। তাঁর সব অবশ্য রক্ষিত হয়নি। পরে জর্জ মিলস হার্পার অনেক যত্নে সেসব রচনা সম্পাদনা করে যে গ্রন্থ প্রকাশ করেন, তা-ও আয়তনে বিশাল।এর সবই যে তাঁর স্ত্রীর ভণিতা, সে কথা ইয়েটস বিশ্বাস করতেন বলে মনে হয় না। তবে সন্দেহ হয়তো জেগেছিল। এই আলাপচারিতাকে তিনি ‘মেটাফোরস ফর পোয়েট্রি’ বলে ব্যাখ্যা করেছেন। মৃত্যুর কিছু আগে পুরো ব্যাপারটা তাঁদের দুজনের ‘ঊর্ধ্বতন কোনো অস্তিত্ব’ থেকে আহরিত সত্য ও সত্যের ‘ইন্টারপ্রিটেশন’ বলে গোঁজামিল দেওয়া এক ব্যাখ্যার চেষ্টাও করেছিলেন।আমার সন্দেহবাদী মন বলে, এ সবই বুজরুকি। ভীষণ অসুখী অথচ সুখের কাঙাল এই দুই কবি জীবন-মরণের সীমানা পেরিয়ে ছুটে গেছেন সুখের সন্ধানে। পেয়েছিলেন সে সুখ? তাঁদের কবিতা পড়ে তো সে কথায় আস্থা জাগে না!৭ জুন, ২০১১, নিউইয়র্ক