মৃত্যু থেকে জীবনে
সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীর প্রাণ হারানোর মুহূর্তে পাশে ছিলেন বন্ধু ঢালী আল মামুনও। তিনি ফিরে আসেন কেবল প্রাণটুকু নিয়ে। বেঁচে থাকবেন কি না, তা নিয়ে ছিল প্রবল সংশয়। এই গল্পের বিষয় মৃত্যুর সঙ্গে এক শিল্পীর জীবনের লড়াই। লিখেছেন বিশ্বজিৎ চৌধুরী২০১১ সালের ১৩ আগস্ট। এই দিনটিকে বাকি জীবনে কখনো ভুলতে পারবেন না শিল্পী ঢালী আল মামুন। এই দিনে তিনি হারিয়েছিলেন তাঁর প্রিয় দুই বন্ধুকে। একজন কীর্তিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ, আরেকজন চলচ্চিত্রগ্রাহক ও সংবাদকর্মী মিশুক মুনীর। মৃত্যুর আগ পর্যন্ত তাঁরা ছিলেন একই গাড়িতে।সেই সড়ক দুর্ঘটনা মামুনের স্মৃতি থেকে একেবারেই মুছে গেছে। শুধু মনে আছে, মানিকগঞ্জের একটি গ্রামে তারেক মাসুদের পরবর্তী ছবির লোকেশন দেখে মাইক্রোবাসে ফিরছিলেন তাঁরা। তারেক তাঁর কাছ থেকে চেয়ে নিয়ে একটি পেয়ারা খেয়েছিলেন। ফিরছিলেন তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, মামুনের স্ত্রী শিল্পী দিলারা বেগম জলিও। সব মিলিয়ে জনা দশেক যাত্রী। টিপটিপ বৃষ্টি হচ্ছে। সবাই পিকনিকের মেজাজে। ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন দলের পাঁচজন। যাঁরা বেঁচে ছিলেন, তাঁদের মধ্যে মামুনের অবস্থা ছিল সবচেয়ে গুরুতর। সারা শরীর তছনছ হয়ে গিয়েছিল। বেঁচে থাকার কোনো কথাই ছিল না। বেঁচে উঠলেন চিকিৎসাবিজ্ঞানের মায়াবী কীর্তিতে। দেশের মানুষের ভালোবাসাই হয়তো মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছিল তাঁকে।মৃত্যুকে এত কাছ থেকে দেখার পর আতঙ্কে বা দৈবে মুখ গুঁজেই বাকিটা জীবন কেটে যেতে পারত ঢালী আল মামুনের। কিন্তু না, তাঁর গল্পটা আলাদা। নতুন জীবন পেয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়লেন তিনি তাঁর শিল্পকর্মে। শিল্পীর কাজ জীবনকে অর্থময় করে তোলা। শরীরের বাধা অগ্রাহ্য করে সেই কাজটিই এখন করে চলেছেন তিনি। সেই গল্পে ঢোকার আগে চকিতে দেখে আসা যাক তাঁর পুনরুজ্জীবনের দিনগুলো।দুর্ঘটনার পর পর মামুন ছিলেন একেবারে সংজ্ঞাহীন। তাঁর প্রথম পাঁচ দিন কাটে স্কয়ার হাসপাতালে। এরপর উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে। চেতনাহীন ওই সময়ে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার সময়কার ছায়া ছায়া স্মৃতিই শুধু আবছা মনে আছে তাঁর। চারপাশে বহু লোকের কোলাহল, বারবার জ্বলে ওঠা ফ্ল্যাশ লাইট। চেতন-অচেতনের মাঝামাঝি তখন মনে হচ্ছিল, কিছু একটা ঘটেছে। পুরোপুরি বোঝার অবস্থা তখনো হয়নি।বলছিলাম, মানুষের ভালোবাসার কথা। তারেক মাসুদ ও মিশুক মুনীরকে হারিয়ে দেশের মানুষ তখন বেদনায় উদ্বেল। যে করেই হোক, বাঁচাতে হবে মামুনকে—সবার মধ্যে কাজ করছিল এমন এক দুর্মর আকাঙ্ক্ষা। কিন্তু দরকার ছিল অনেক অস্ত্রোপচারের, অনেক প্রত্যঙ্গ রীতিমতো নতুন করে গড়ে তোলার। আর সেসবের জন্য বিপুল ব্যয়ভার। সেটিকে সম্ভব করে তুলল বহু মানুষের ভালোবাসার হাত। সুস্থ হয়ে দেশে ফিরে তাই বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন মামুন। বারবার বলেছেন, ‘এই ভালোবাসার প্রতিদান আমাকে দিতেই হবে।’ব্যাংকক জেনারেল হাসপাতালে জ্ঞান ফেরার পরপরই মামুন জানতে চেয়েছিলেন তারেক আর মিশুকের কথা। তাঁকে জানানো হয়, সিঙ্গাপুরে তাঁদের চিকিৎসা চলছে। আরও পরে ধাপে ধাপে জানানো হয় সব ঘটনা। শুনে নির্বাক হয়ে পড়েছিলেন তিনি। ঘটনার আঘাত সামলানোর জন্য তাঁকে মানসিক শক্তি জোগাতে খুবই সাহায্য করেছিলেন চিকিৎসক আর নার্সরা। ‘আলাপে-হাসি-তামাশায় আমার অসুস্থতাকেও ভুলিয়ে দিতেন তাঁরা।’ বলেন মামুন। তাঁর মাথায় অস্ত্রোপচার হয় দুবার। চিকিৎসককে রসিকতা করে তিনি বলেছিলেন, ‘আমার মাথায় কিন্তু অনেক স্বপ্ন। মাথায় অস্ত্রোপচারের সময় যেন সেগুলো হারিয়ে না যায়।’ চিকিৎসক খুব হেসেছিলেন। কথা দিয়েছিলেন, স্বপ্নগুলো তাঁরা বাঁচিয়ে রাখবেন।গুঁড়ো হয়ে গিয়েছিল মামুনের চোয়াল। থুতনির কাছে ও ঠোঁটের ওপর সেলাইয়ের গাঢ় দাগ এখনো দৃশ্যমান। ডান হাত বাহুমূলের সঙ্গে লোহার স্ক্রু দিয়ে আটকানো। তার ব্যথা এখনো ফিরে ফিরে আসে। হাতটা আগে খুব ওপরে তুলতে পারতেন না। কঠোর শ্রমে তা অনেকটা সম্ভব করেছেন। মনোবল কখনোই হারাননি মামুন। ফিজিওথেরাপিস্ট হাতে কাগজ-কলম ধরিয়ে ছবি আঁকতে বলতেন। প্রচণ্ড যন্ত্রণার মধ্যেও ড্রয়িং করতেন। এঁকে দিয়েছিলেন সেই ফিজিওর একটি প্রতিকৃতি।‘ভাবতাম, হাত অবশ হয়ে গেলেও আমি কাজ ছাড়ব না। গতানুগতিকতার বাইরে গিয়েই নিজেকে প্রকাশ করব, তুলে ধরব নিজের সৃজনশীলতা।’ তাঁর এই মনোবলের পেছনে ছিল দুজন সৃষ্টিশীল মানুষের প্রেরণা। এক পা কেটে বাদ দেওয়ার পরও কী প্রবলভাবে আখতারুজ্জামান ইলিয়াস বেঁচে ছিলেন, সে উদাহরণ তাঁর সামনে ছিল। আর ছিল মেক্সিকোর শিল্পী ফ্রিদা কালোর আশ্চর্য গল্প। সড়ক দুর্ঘটনায় ছিন্নভিন্ন ফ্রিদার শরীরে অস্ত্রোপচার হয়েছিল ৩০ বার। সেই বিপর্যয়ই তাঁকে শিল্পী করে তোলে।ব্যাংকক থেকে ফিরে এলেন মামুন দেড় মাস পর। এবার শুরু হলো শিল্পী হিসেবে নিজেকে কর্মক্ষম করে তোলার নিরন্তর চেষ্টা। ছবি আঁকতে গিয়ে আড়ষ্ট হাত ঠিকমতো চালাতে পারছিলেন না। মামুন বলেন, ‘শরীরের বাধা আমি পেরোতে চেয়েছি মন দিয়ে। ড্রয়িং করার সময় হাতে জোর পাচ্ছিলাম না। ব্যথা অসহনীয় হয়ে উঠেছে। মনে হয়েছে, আমি আর কোনো দিন পারব না। পরে ভেবেছি, কাজ করতে হলে এ যন্ত্রণা আমাকে মেনে নিতে হবে। নিজের শারীরিক অক্ষমতাকেও আমি আমার শিল্পের ভাষার অংশ করে নিয়েছি।’তাঁর সে লড়াইয়ের ফল গত ৬ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারিতে হয়ে যাওয়া প্রদর্শনী ‘অপনয়ন’, বিষয় যার মুক্তিযুদ্ধের গণহত্যা। তাতে স্থান পেয়েছিল চারটি বড় স্থাপনাশিল্প ও ৪৪টি ড্রয়িং। প্রদর্শনীটি ছিল নতুন জীবনে মামুনের অভিষেকের এক প্রক্রিয়া। তিনি ফিরে পেয়েছেন তাঁর আত্মবিশ্বাস। এই প্রত্যাবর্তনে যাঁরা তাঁকে সহযোগিতা করেছেন—তাঁর স্ত্রী, বন্ধু, শুভার্থী ও ছাত্ররা—মামুনের কণ্ঠে ঝরে পড়ল তাঁদের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা।ঢালী আল মামুনের এ প্রদর্শনী তো শুধু গণহত্যার গল্পই বলেনি। বলেছে মৃত্যুর মুখ থেকে এক শিল্পীর জীবনে ফিরে আসার গল্পও।