মৃত্যুবিলাসী জীবনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন সত্যিকারের বিজ্ঞানী যখন কল্পবিজ্ঞান লেখেন, তখন শুধু কল্পনার ফানুস উড়িয়ে স্রেফ বিজ্ঞানের ফ্লেবার মিশিয়ে ছেড়ে দেওয়া কোনো রূপকথার মোড়কে বন্দী থাকে না সেই কল্পবিজ্ঞান, কল্পনাগুলোও বাস্তবের চলে আসে খুব কাছে। বৈজ্ঞানিক সত্যাসত্যও যাচাই করার সুযোগ পান সব ঘরানার পাঠকই। দীপেন ভট্টাচার্য যত বড় সাহিত্যিক, তার চেয়ে বড় বিজ্ঞানী। গবেষণা করেছেন নাসার গর্ডাড স্পেস সেন্টারেও। বিজ্ঞানবিষয়ক লেখালেখিও করেন নিয়মিত। লেখক হিসেবে কল্পবিজ্ঞানেই তাঁর মুনশিয়ানার দীপ্তি শতভাগ দেখা যায়। রূপকথার আদল থেকে কল্পবিজ্ঞানকে বের করে সত্যিকার উপন্যাসের ঢঙে গল্প বলার রীতি তাঁর আগের কল্পবিজ্ঞানগুলোর মতো তাঁর সাম্প্রতিক বই অদিতার আঁধার–এও ধরে রেখেছেন। তাই বলে ভারী ভারী তত্ত্ব আর তথ্যের জেরবার হয়ে ওঠেনি অদিতার অদ্ভুত আঁধারের ভুবন। এতে থ্রিলারের গতি হয়তো পাঠক পাবেন না, কিন্তু সত্যিকারের এক বদলে যাওয়া সমাজের চিত্রনাট্য পাবেন, যে চিত্রনাট্যের মঞ্চায়ন হবে এখন থেকে তেইশ শ বছর পরের পৃথিবীতে।

অদিতার আঁধার–এ দেখা যায় চুয়াল্লিশ শতাব্দীর পৃথিবী। বিশ্বমানচিত্র থেকে বহু আগেই মুছে গেছে দেশ-জাতির সীমানা, পৃথিবীটা পরিণত হয়েছে একটি মাত্র গ্লোবাল ভিলেজে। মৃত্যর স্বাদ কেমন, তা ভুলে গেছে মানুষ। সেই পৃথিবীতে স্বপ্ন নেই, উথাল-পাথাল বারি উছলানো ভালোবাসার অনুভূতিও নেই। রোগ, শোক, জ্বরা-মৃত্যকে জয় করা মানুষ আক্ষরিক অর্থেই পরিণত হয়েছে হিউম্যান রোবটে। চাইলে সেখানে আত্মহত্যার অনুমতিও মেলে না। অভাব নেই, ক্ষুধা-দারিদ্র্য নেই, তাই বেঁচে থাকার অর্থও সেভাবে অনুধাবন করতে পারে না ওই পৃথিবীর মানুষ। তবু সেখানে একজন স্বপ্ন দেখে, মাতৃস্নেহ তাকে আকুল করে, মৃত্যুর হাতছানি শুনতে পায় ডামুরী অরণ্যের গহন ছায়ায়, এক অদ্ভুত আঁধার তাকে তাড়া করে ফেরে। অদিতা নামের সেই মেয়েটি জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে মৃত্যুর অনুমতি চায়। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি মেলে না। আত্মহত্যা করেও লাভ নেই, সে জানে। সেই সুপার হিউম্যানিক পৃথিবীতে মানুষের স্মৃতি কপি করা যায়, মৃতদেহেও প্রাণ পুনঃস্থাপিত আগের স্মৃতি ফিরিয়ে দেওয়া সেখানে কঠিন নয়। অথচ সেই অদিতাই একদিন খুন হয়ে যায় তার প্রিয় ডামুরী অরণ্যে!

অপরাধ-লালসাহীন সেই পৃথিবীতে কে খুন করল তাকে? বুকের গভীরে তৈরি ক্ষত বলে দেয় আদিম পৃথিবীর বুশম্যানদের মতো বিষাক্ত তির ছুড়ে হত্যা করা হয়েছে অদিতাকে। এক গোপন সংঘ বহুদিন ধরে বুনে চলেছে আদিম ষড়যন্ত্রের জাল। অত্যধুনিক পৃথিবীর অতি উন্নত প্রযুক্তি-সভ্যতার চোখ ফাঁকি দিয়ে। ওরা কারা? কী ওদের উদ্দেশ্য? অদিতার মতো স্বেচ্ছামৃত্যু কামনা করা মেয়েকে খুন করেই বা তাদের স্বার্থ সিদ্ধি কীভাবে হবে?

বর্তমানের চেয়ে দুই সহস্রাব্দ এগিয়ে গিয়ে কি মানুষ নতুন কোনো অন্তর্দ্বন্দ্বে ভুগবে? সভ্যতার শিখরে উঠে, সকল রিপুকে হারিয়ে দিয়েও কি মানুষ ভুগবে অস্তিত্ব সঙ্কটে?

এমনভাবে পাঠক হয়তো প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে পড়ে যাবেন পাতার পর পাতা। আর হয়তো অবচেতন মনেই ভেবে নেবেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যদি কল্পবিজ্ঞান লিখতেন, সেই কাহিনির বর্ণনা কি অদিতার আঁধার-এর মতো হতো? কিংবা এই বইয়ের লেখক কি চুয়াল্লিশ শতকের পৃথিবীর প্রেক্ষাপটে আরেকটা আরণ্যক লেখার চেষ্টা করেছেন? এ প্রশ্নের জবাব অবশ্য পাঠক পেয়ে যাবেন বইয়ের শেষ পৃষ্ঠায় গিয়ে। তার আগে অন্তর্দ্বন্দ্বে ভোগা পাঠক নতুন করে আবিষ্কার করবেন সভ্যতার সংকটকে। মনে মনে বলবেন, মৃত্যুর দিকে এগিয়ে যেতে যেতে মানুষের জীবনকে আঁকড়ে ধরার যে তীব্র আকাঙ্ক্ষা, মৃত্যুকে দীর্ঘায়িত করাবার যে আপ্রাণ চেষ্টা, সেটাই সত্যিকারের স্বপ্নবিলাসী জীবন। দীর্ঘ জীবন নিশ্চিত হওয়ার পর সেই বেঁচে থাকার কাঙ্ক্ষাটাই হয়তো মরে যাবে, তখন কি মৃত্যুবিলাসী হয়ে উঠবে মানবজীবন?

অদিতার আঁধার

দীপেন ভট্টাচার্য

প্রচ্ছদ: নিয়াজ চৌধুরী

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৯

১২৮ পৃষ্ঠা, দাম: ২৬০ টাকা।