
শব্দই চিকিৎসিত করে
সৈয়দ শামসুল হক
প্রচ্ছদ: মাসুক হেলাল, প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৭ ৮০ পৃষ্ঠা, দাম: ২০০ টাকা।
সৈয়দ শামসুল হকের কবিতা নিয়ে অনেকেরই পূর্ব ধারণা আছে। সেই একদা এক রাজ্যে (১৯৬১) থেকে শুরু করে বৈশাখে রচিত পংক্তিমালা (১৯৭০), পরানের গহীন ভিতর (১৯৮০) বা রজ্জুপথে চলেছি (১৯৮৮) প্রভৃতি বেশির ভাগ কাব্যগ্রন্থে তাঁর কবিতা প্রাণ পেয়েছে আখ্যানের আবরণে, কাহিনির ছদ্মপ্রকাশের মাধ্যমে। কবিতায় সচেতনভাবে যেমন মূর্ত করেছেন বঙ্গীয় জনপদের বর্ণিল সুষমা, তেমনি এসেছে বাংলার মানুষের দুঃখ, আনন্দ আর ক্রোধ। ফলে কবিতায় সাধারণত তিনি শব্দ বিন্যস্ত করেছেন খুব সচেতনভাবে, সুনির্মিতির মাধ্যমে এবং অবচেতনকে কঠোররূপে নিয়ন্ত্রণ করে।
এই কবির সাম্প্রতিকতম কবিতার বই শব্দই চিকিৎসিত করেও তাঁর পূর্বজ বৈশিষ্ট্যে উজ্জ্বল। গোটা বইয়ের কেন্দ্রে আছে ‘শব্দ’ নামের এক বিশেষ কুশীলব। ‘শব্দ’ নামপদটি বইটির অসংখ্য কবিতায় এসেছে ঘুরেফিরে, ‘একটি আহ্লাদ-বাক্য একটি বাস্তব/ শব্দের ভেতরে হামা দিয়ে বসে থাকে/ বেরোবার অপেক্ষায়,/সেই মুহূর্তকে পেতে আমি একটি জীবন এই এখনো দাঁড়িয়ে/ উচ্চারিত এই সব স্তব্ধ কিনারায়।’ বইয়ের দুই নম্বর কবিতার এই চরণগুলো পড়ার পর বেশ স্তব্ধ পরিবেশ জেগে ওঠে মনের ভেতর। ভাবি যে, আহ্লাদ-বাক্যের জন্য ‘শব্দের ভেতরে হামা দিয়ে’ যদি বসে থাকা, শব্দকেই যদি শেষে বের করে আনা, তবে কেন আবার স্তব্ধতার সঙ্গে লেনদেন? যুক্তিবাদী মনে প্রশ্নটি সংগত বলে ঠাওর হয়। পরক্ষণেই আবার ভাববাদী মন বলে, কবিতার খেলা এখানেই। কবিতা তো শব্দ ও নৈঃশব্দ্যের যুগলবন্দী। শব্দই চিকিৎসিত করে-এর কবিতা থেকে কবিতায় সেই খেলায় মেতেছেন কবি। ‘মনের মধ্যে ফুটেছে কথা/ বাইরে নীরবতা/ একেই বুঝি মানুষ বলে/ ধ্বনির বিকল্পতা’ (কবিতা: ২৫)। বলার অপেক্ষা রাখে না, এ খেলা ধ্বনির বিকল্পতা অন্বেষণের। বলা ভালো, কবিতাগুলোতে কবির সচেতন বিন্যাস ও সুনির্মাণের অভিলাষ ক্রিয়াশীল, তবে অবচেতনের প্রকাশ আগের মতো আর নিয়ন্ত্রিত নয়।

আলোচনা বিস্তারের শুরুতে শব্দই চিকিৎসিত করে রচনার পটভূমি পরিষ্কার করে নেওয়া দরকার। এ বইয়ের কবিতাগুলো সৈয়দ হক লিখেছেন রোগশয্যায়। কর্কট রোগে আক্রান্ত হওয়ার পর লন্ডনে বা ঢাকার ইউনাইটেড হাসপাতালে শুয়ে তিনি লিখেছেন কবিতাগুলো—প্রথম কয়েকটি নিজে হাতে, পরের দিকে তাঁর সহধর্মিণী ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের সাহায্যে, অনুলিখনের মাধ্যমে। বইয়ের নামটিও তিনি দিয়ে গেছেন জীবিত অবস্থায়। এখন প্রশ্ন যদি এমন হয় যে, কবির অন্তিম সময়ে লেখা এই পুস্তককে কোন বৈশিষ্ট্যে চিহ্নিত করা যাবে? সহজ জবাব হলো, এটি প্রবলভাবে মৃত্যুগন্ধী। ‘লোবানের ঘন গন্ধ’, ‘আচ্ছন্ন ঘুম’, ‘কবরের মৃত্তিকার ঘন অন্ধকার’, ‘কাফনের চাদর’—বিভিন্ন কবিতার ছত্রে ছত্রে রয়েছে মৃত্যুবিষয়ক এমন অজস্র উপাদান। অন্যদিকে বইয়ের নামের মধ্যে মৃত্যুর বদলে আছে ‘চিকিৎসা’র পরশ। মানে শব্দে-শব্দে চিকিৎসা পেতে ব্যাকুল কবি মৃত্যুকে অগ্রাহ্য করে খুঁজছেন জীবনের জিয়ন কাঠি? নইলে এর নাম তিনি শব্দই চিকিৎসিত করে রাখবেন কেন?
বই ঘেঁটে এখন কবির মনস্তত্ত্ব উন্মোচনের প্রয়াস নেওয়া যাক। এখানে রয়েছে ৬০টি কবিতা। কোনোটিরই শিরোনাম নেই, পরিবর্তে আছে নম্বর। প্রায় প্রতিটি কবিতায় দেখা গেল শব্দের নানামাত্রিক ব্যঞ্জনা, ‘শব্দ ভাঙছে/ শব্দ গড়ছে/ শব্দ উঠছে/ শব্দ নামছে/ আমার মুখের মধ্যে/ লাল টকটকে শব্দ/ বেরিয়ে আসতে চাইছে/ জীবনের জয়ধ্বনি উচ্চারণ/ করতে করতে...’ এভাবে ১১ নম্বর কবিতায় শব্দকে বিচিত্র মাত্রায় হাজির করতে করতে কবি যখন বলেন, ‘তোমাদের জনপদের দিকে/ মেধাবী এ মাটির দিকে/ এই তেরো শত নদীর/ জলপ্রবাহের দিকে/ তার বুকে আমার এই শব্দ/ ভাসিয়ে দেবে/ দূরযাত্রার একটি নৌকো/ সে এখন একা হলেও/ শত শত ডিঙার বহর/ এসে জুটবে তার পাশে/ জলযাত্রায় আমার/ শব্দগুলো মুখরিত হয়ে উঠবে।’ তখন আমরা দেখি ব্যক্তি কবি এখানে সমষ্টির প্রতিনিধি হয়ে রেখে যাচ্ছেন জনপদের উদ্ভাস। মৃত্যুর ঘ্রাণ এক পাশে সরিয়ে রেখে যে জনপদে পাওয়া যায় ‘জীবনের অমর মুদ্রা’, সেখানেই তাঁর নোঙর। ফলে কবির প্রিয়তমা ‘মঞ্জু’ (বইয়ে বেশ কয়েকটি কবিতা আছে আনোয়ারা সৈয়দ হক তথা মঞ্জুকে নিয়ে।) থেকে শেষ অব্দি হয়ে ওঠে জন্মভূমি (কবিতা: ১২)।
অন্য কাব্যগ্রন্থগুলোতে যেভাবে তিনি কাহিনি গ্রন্থন করেন কবিতার পঙ্ক্তিতে, এখানেও বিদ্যমান সেই ধারা। মূলত কাব্য ও কাহিনির যুগপৎ মেলবন্ধন সৈয়দ হকের কবিতা-ভুবনকে উনিশ শতকের পঞ্চাশ দশকে তাঁর সমসাময়িকদের চেয়ে পৃথক করে তুলেছে। সেই ধারায় এ বইয়ের কবিতায় কাহিনিমুখীনতা থাকলেও এতে নতুন যা দেখতে পাই তা হলো—কাহিনির চূর্ণ। বিষয়টি প্রমাণের অবকাশ দাবি করে।
বইয়ের ৫৩ নম্বর কবিতার দিকে নজর দিই, ‘প্রশ্নের বোধক হয়ে/ আছে কেন সমুদ্রের জল/ এত লোনা।/সেই লোনা জল থেকে/ জীবনের আশ্চর্য উত্থান।/চোখের লবণ আর/ বুকের ম্যাজিকে/ মিলে যায় মিশে যায়/ আমাদের প্রাণ।’ পুরো কবিতার মধ্যে সুগঠিত কোনো কাহিনি না থাকলেও হাজির আছে কাহিনির চূর্ণ বা আভাস। আর রয়েছে মন্ত্রের মতো উচ্চারণ—এত দিন ধরে পৃথিবীর মুখোমুখি হয়ে যে অভিজ্ঞতা হলো কবির, সেসবের সারাৎসার শেষ লগ্নে তিনি বলে যান দার্শনিকের মতো, ‘গোয়েন্দা গল্পের মতো/ এ জীবন/ থেকে যায়।/নিষ্পাপ তবুও তাকে/ পৃষ্ঠায় পৃষ্ঠায়/ অপরাধী দেখায়...’।
শব্দই চিকিৎসিত করে এমন এক কবিতাগ্রন্থ, যেখানে মৃত্যুর ছায়া, স্মৃতি আর জীবনের বহুমাত্রিক অপচয় ও সঞ্চয়—সবকিছু শব্দে-গন্ধে কেবল কবিকে নয়, পাঠককেও চিকিৎসা দেয়।