মৃত্যুর দুয়ার থেকে...
আল-আইন থেকে দুবাই বিমানবন্দর। ঘণ্টা দেড়েকের পথ। সেদিন গাড়ি চালাচ্ছিলেন মাহবুবুল হক নিজেই। পেছনের আসনে দুই মেয়ে আর তাঁদের মা। বড় মেয়ে সাবরিনা যুক্তরাষ্ট্রে একটা প্রশিক্ষণ শেষ করে ফিরেছেন। এখন আবার ফিরে যাবেন ভারতে। কস্তুরভা মেডিকেল কলেজে ইন্টার্ন শেষ হতে আর অল্প কটা দিন বাকি। রাত একটার দিকে দুবাই বিমানবন্দরে পৌঁছালেন তাঁরা। মেয়েকে বিমানে তুলে দিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় সাড়ে তিনটা।আল-আইন থেকে দুবাই বিমানবন্দরে এই যাওয়া-আসা মোটেও নতুন কিছু নয় মাহবুবুল হক এবং রোকেয়া খাতুন দম্পতির। আল-আইনে দুজনই চিকিৎসা পেশায় নিয়োজিত। দুবাই বিমানবন্দরে মেয়েকে পৌঁছে দিয়ে আসার ঘটনাও গেল চার-পাঁচ বছরে মোটামুটি নিয়মিত তাঁদের জন্য। মেয়ে ফিরে গিয়েই ফোন করে, ‘মা, আমি ভালো আছি। আব্বু, আমি ভালো আছি।’ এসব বাদে ইন্টারনেট, ই-মেইল এসব তো আছেই। আদরের মেয়ের কাছ থেকে দূরে থাকার বেদনা এখন মোটামুটি সয়ে এসেছে তাঁদের। সেদিন শেষ রাতের দিকে তাই নিশ্চিন্ত মনেই ঘুমাতে গিয়েছিলেন তাঁরা। সব ঠিকঠাক চলছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে আচমকা বেজে উঠল ফোন। ম্যাঙ্গালোর থেকে ভরত জানালেন, বিমান দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন সাবরিনা। তবে চিন্তার কিছু নেই। ভরত সাবরিনাদের কস্তুরভা মেডিকেল কলেজেই পড়ে। ওর মা-বাবা থাকেন দুবাইতেই। ‘ছোটখাটো কোনো দুর্ঘটনা হবে হয়তো’। মনে মনে নিজেকে প্রবোধ দেন মাহবুবুল হক। কিন্তু ঘণ্টা দুয়েক পরই আবার ফোন করেন ভরতের মা-বাবা। ‘অনেক বড় দুর্ঘটনা। টিভিতে দেখাচ্ছে। তাড়াতাড়ি টিভি চালু করুন।’ ওপাশে তাঁদের উত্তেজিত কণ্ঠ। মাহবুবুল হকের বাড়িতে ভারতের কোনো চ্যানেল দেখা যায় না। তিনি পড়িমরি করে ছুটলেন পাশের বাসায়। টিভিতে যা দেখানো হচ্ছিল, তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না মাহবুবুল হক।রানওয়ে থেকে ছিটকে জঙ্গলের মধ্যে আছড়ে পড়েছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭-৮০০। মারা গেছেন ১৬৬ জন যাত্রীর প্রায় সবাই। এতক্ষণের উৎকণ্ঠা এবার আশঙ্কা হয়ে পাথরের মতো চেপে বসে। ‘ওরা নিশ্চয়ই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যে বলেছে। সাবরিনার নিশ্চয়ই খুব খারাপ কিছু হয়েছে।’ অমঙ্গল আশঙ্কায় কেঁপে ওঠেন মাহবুবুল হক। মনেপ্রাণে তিনি ওপরওয়ালাকে ডাকতে থাকেন।ঘটনাচক্রের বেশ কিছু সময় আগে, ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালোর বিমানবন্দরে বিশাল শরীর নিয়ে এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৩৭-৮০০ ঠিকঠাক নেমে এসেছে রানওয়েতে। ভোরের আলো তখন সবে ফুটতে শুরু করেছে। বিমানের যাত্রীদের মধ্যে আছেন সাবরিনা নাসরিন হকও। রানওয়েতে বিমানের গতি কমতে শুরু করেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে বাইরে। নামার জন্য মনে মনে তৈরি হন সাবরিনা। এর মধ্যেই আচমকা কিছু একটা হয়। গতি বেড়ে যায় বোয়িং বিমানের। গতি বাড়তেই থাকে। যাত্রীদের বুঝে নিতে অসুবিধা হয় না, খুব বড় ধরনের একটা গন্ডগোল হয়ে গেছে কোথাও। আতঙ্কিত চিৎকার আর ছোটাছুটিতে নিমেষে ভয়ংকর রূপ নেয় বিমানের ভেতরের পরিস্থিতি। কিছু বুঝে ওঠার আগেই সাবরিনা আবিষ্কার করেন, তাঁর চারপাশে শুধুই অন্ধকার। চারপাশে কোনো শব্দ নেই। ডান পা আটকে গেছে বিমানের সিটের নিচে কোথাও। সাবরিনা পুরো শক্তি দিয়ে বের করে আনার চেষ্টা করেন তাঁর পা। কোনো লাভ হয় না। চেষ্টা চালিয়ে যান সাবরিনা। একসময় কীভাবে যেন বেরিয়ে আসে তাঁর পা। ঘন জঙ্গলের মধ্যে এসে আছড়ে পড়েছে বিমান। চারপাশে কিছু দেখার উপায় নেই। বিমানের দিকে তাকিয়ে এত বিপদের মধ্যেও সাবরিনার মাথায় সিনেমায় দেখা দৃশ্য ভাসে। দুর্ঘটনাকবলিত বিমান বিস্ফোরিত হতে পারে যেকোনো মুহূর্তে। যেকোনো উপায়ে যত দ্রুত সম্ভব সরে যেতে হবে দূরে। আঘাত পাওয়া ডান পা টানতে টানতে ডালপালা ভেঙে প্রাণপণে জঙ্গলের ভেতর দিয়ে দূরে সরে যেতে থাকেন সাবরিনা। খানিক পরই তাঁর আশঙ্কা সত্যি হয়। প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় বিমানের অয়েল ট্যাংক। আরও কিছু দূরে গিয়ে জঙ্গলের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন সাবরিনা। চোখ মেলার পর সাবরিনা নিজেকে আবিষ্কার করেন এ জে হাসপাতালের শয্যায়। মেয়ের কোনো নিষেধই শোনেননি চিকিৎসক মা রোকেয়া খাতুন। ওই দিনই চলে এসেছেন ম্যাঙ্গালোর। সোজা মেয়ের শয্যাপাশে। মেয়ের সুস্থতার খবর পেয়ে নিশ্চিন্ত হয়েছেন বাবা মাহবুবুল হক। মা রোকেয়া খাতুন ম্যাঙ্গালোর থেকে ফোনে জানালেন, হাসপাতালে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সাবরিনাকে। পায়ের আঘাত সারতে কিছুদিন সময় লাগবে। শরীরের কয়েক জায়গায় এখনো আঘাতের চিহ্ন আছে। তবে বিপদ কেটে গেছে পুরোপুরি। ওই দিন স্থানীয় গ্রামবাসী আহত অবস্থায় জঙ্গলের ধার থেকে উদ্ধার করে সাবরিনাকে। অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। ১৬৬ যাত্রীর মধ্যে প্রাণে বেঁচে গেছেন মাত্র আটজন। তাঁদের মধ্যে একমাত্র নারী বাংলাদেশের সাবরিনা। সাক্ষাৎ মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে জীবন সম্পর্কে তাঁর ভাবনাচিন্তা বেমালুম বদলে যাবে সে-ই তো স্বাভাবিক। হাসপাতালের শয্যায় শুয়েই সাবরিনা বলেছেন, ‘আমি শুধু অপেক্ষা করে আছি, কখন নিজের পায়ে দাঁড়াতে পারব। এখন বুঝতে পারছি, জীবন আসলে কতটা ক্ষণস্থায়ী আর প্রতিটি মুহূর্ত কত মূল্যবান।’ সাবরিনাবাবা মাহবুবুল হক মূলত ফেনীর মানুষ। চট্টগ্রাম মেডিকেল কলেজের পড়ালেখা শেষ করে ১৯৭৮ সালে তিনি ঢাকার মিটফোর্ড হাসপাতালে এসে যোগ দেন ইন্টার্ন চিকিৎসক হিসেবে। ১৯৮১ সালে পাড়ি জমান আরব আমিরাতে। একা। তিন বছর পর বাংলাদেশ থেকে গিয়ে আল-আইন শহরে তাঁর সঙ্গী হন স্ত্রী রোকেয়া খাতুন এবং শিশুকন্যা সাবরিনা নাসরিন হক। সাবরিনা ভর্তি হন শইফাত বিদ্যালয়ে। ইংরেজি মাধ্যমের স্কুল। সেখান থেকে ১২ বছরের হাইস্কুল ডিপ্লোমা শেষ করার পর মা-বাবার পেশাই বেছে নেন সাবরিনা। মাহবুবুল হক এবং রোকেয়া খাতুন আগে থেকেই জানতেন কস্তুরভা ভারতের প্রথম সারির মেডিকেল কলেজগুলোর একটি। সে কারণেই মেয়েকে আল-আইন থেকে কর্ণাটক পাঠাতে দ্বিধা করেননি তাঁরা। বিদেশি নাগরিক কোটায় কস্তুরভাতে পড়ার সুযোগ পেয়ে যান সাবরিনা।