মৃৎশিল্পের আকাশ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহমান বাংলার লোকশিল্পের মধ্যে প্রাচীনতম হচ্ছে মৃৎশিল্প। কিন্তু এখন এই মাটির পণ্যের ব্যবহার নেই বললেই চলে। তার পরও পটুয়াখালীর বাউফলের কয়েকজন মৃৎশিল্পী নানা প্রতিকূলতায় তাঁদের এই পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তাঁরা রীতিমতো প্রতিযোগিতা করে মান্ধাতা আমলের কারুকার্য ও রুচির পরিবর্তন ঘটিয়ে নান্দনিক ও শৈল্পিক চিন্তা-চেতনা দিয়ে নতুন নতুন শৌখিন মৃৎসামগ্রী তৈরি করতে শুরু করেন। তাঁদের এসব পণ্য এখন সমাজের বনেদি ও শৈল্পিক পরিবারের কাছে গ্রহণযোগ্য করতে সক্ষম হয়েছেন। বাউফলের নান্দনিক মৃৎসামগ্রী দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশে যাচ্ছে। মৃৎশিল্পের এ আকাশজয়ের কৃতিত্ব বাউফরবাসীর।পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ছোট্ট একটি গ্রামের নাম মদনপুরা। এই গ্রামে পাল সম্প্রদায়ের লোকজনের বসবাস। তাঁরা মূলত মাটি দিয়ে হাঁড়ি-পাতিল, তাওয়া, বাসন, বাতি, সরা, সাজ, কাধা, কলসি, হাতুয়া ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তৈরি করে আসছিলেন। রুদ্র পাল সম্প্রদায়ের লোকজনই মূলত এসব মৃৎসামগ্রী তৈরি করতেন। পুঁজির অভাব, সহজ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা না থাকা এবং বাজারে প্রচলিত মৃৎসামগ্রীর চাহিদা কমে যাওয়ায় এ পেশায় টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায় পাল সম্প্রদায়ের। অনেকে পেশা ছেড়ে অন্যত্র চলে যেতে থাকেন। পেশা ধরে রাখতে রাজেশ্বর পাল ও বিশ্বেশ্বর পাল দুই ভাই শৌখিন মৃৎসামগ্রী তৈরিতে এগিয়ে আসেন।১৯৭৭ সালের কথা। বড় ভাই রাজেশ্বর পাল নানা ধরনের বাহারি ডিজাইনের তৈরি শৌখিন মৃৎসামগ্রী নিয়ে লঞ্চযোগে বরিশাল শহরে এসে একটি হোটেলে ওঠেন। সারা দিন বরিশাল টাউন হলের সামনে ফুটপাতে শৌখিন মৃৎসামগ্রী সাজিয়ে হাতে কেটে বিক্রি শুরু করেন। তাঁদের শৌখিন মৃৎসামগ্রী দেখে অনেকেই আগ্রহসহকারে কিনে নিয়ে যান। ১৯৮২ সালে ঢাকার আড়ং তাদের শৌখিন মৃৎসামগ্রী নেওয়ার আগ্রহ প্রকাশ করে এবং বিভিন্ন ডিজাইনের সামগ্রী অর্ডার দেয়। এ ছাড়া ঢাকার কারিতাসের একটি প্রতিষ্ঠান থেকেও তাদের সামগ্রী অর্ডার দিয়ে কিনে নিচ্ছে। এভাবে চলতে থাকে তাদের ব্যবসা। ১৯৮৬ সালে আড়ংয়ের ডিজাইনার চন্দ্র শেখর সাহা এবং কারিতাসের সুকুমার পাল তাঁদের যে ডিজাইন দেন, সেই ডিজাইন অনুযায়ী সামগ্রী তৈরি করে তা সরবরাহ করা হচ্ছে। বিশ্বেশ্বর পাল বলেন, এর পর থেকেই তাঁদের এই ব্যবসায় প্রসার ঘটে। বর্তমানে তাঁরা প্রচলিত সামগ্রীর পরিবর্তে কাপ, প্লেট, টি-পট, ফুলদানিসহ কারুকার্য ও নকশা আঁকা শৌখিন সামগ্রী তৈরি করছেন। এ ছাড়া মাটির ঘণ্টা, ফুটস্ক্রাফট, কলমদানি, আগরদানি, মোমদানি, শিশুদের খেলনা প্রভৃতি নজরকাড়া ডিজাইনের সামগ্রীগুলোর বিপুল চাহিদা রয়েছে দেশে ও দেশের বাইরে। ঢাকার আড়ংসহ কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁদের উৎপাদিত পণ্য আমেরিকা, ফ্রান্স, কানাডা, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যে রপ্তানি হচ্ছে বলে জানান তিনি। খুকু রানী জানান, তাঁদের পালপাড়ায় ১১টি পরিবার বর্তমানে শৌখিন মৃৎসামগ্রী তৈরি করছেন। আর কারিগর রয়েছেন নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৩০০ জন। হিন্দুদের পাশাপাশি অনেক মুসলিম পরিবারও এই শৌখিন মৃৎসামগ্রী তৈরিতে যুক্ত রয়েছেন। তিনি জানান, তাঁর কারখানায় ১২ জন নারীসহ মোট ২৭ জন কারিগর রয়েছেন। সরেজমিনে দেখা যায়, কারখানায় বর্তমানে বৈদ্যুতিক মোটরচালিত চাকা ঘুরিয়ে মৃৎসামগ্রী তৈরির কাজ চলছে। মৃৎশিল্প কারিগর জলিল মৃধা জানান, ১০ বছর ধরে তিনি এ কাজের সঙ্গে যুক্ত। তিনি উৎপাদনের ভিত্তিতে মজুরি পাচ্ছেন। প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকা আয় করছেন তিনি।খুকু রানী জানান, ব্যাপক চাহিদা থাকায় কারখানায় বৈদ্যুতিক মোটরচালিত চাকা স্থাপন করা হয়েছে। এতে করে উৎপাদনও প্রায় পাঁচ গুণ বেড়ে গেছে। তিনি আরও বলেন, তাঁদের তৈরি সামগ্রীর রং সিসামুক্ত, ক্ষতিকারক নয়। কাপাসিয়ার মাটি ও খয়ের মিশিয়ে রং করা হয়, যা অনেকটা হারবাল জাতীয় ও পরিবেশবান্ধব। খুকু রানী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শুধু সাভার নয়, সারা দেশে পর্যটন এলাকাগুলোতে বাউফলের শৌখিন মৃৎসামগ্রী পর্যটকদের কাছে তুলে ধরতে তাঁদের স্টল বরাদ্দের ব্যবস্থা করার হোক। এ ছাড়া উন্নত প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণদান, মাটি প্রসেসিং মেশিন, বৈদ্যুতিক চুল্লি স্থাপন, সরাসরি বিদেশে রপ্তানির ব্যবস্থা করা ইত্যাদি বিষয়ের প্রতি নজর দিলে বাউফলে শৌখিন মৃৎসামগ্রী দেশে-বিদেশে আরও সুনাম কুড়াবে এবং বাউফলের মৃৎশিল্প একটি সম্ভাবনাময় শিল্প খাতে পরিণত হবে।