মেঘ ভেঙেছে ডিম পাহাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

হিরু কন্ট্রাক্টরের অ্যাসিস্ট্যান্ট টুইট মিয়া। তিনি হুটহাট গাছে উঠে যান। ডালে বসে পাখির মতো ডাকাডাকি করেন। কিচিরমিচির শব্দ হয়। গাছের ডালে বসা টুইট মিয়াকে ছোটরা প্রশ্ন করে, আপনার নাম কী? টুইট টুইট। বাচ্চাকাচ্চা কয়জন? টুইট টুইট। শরীর ভালো? টুইট টুইট।

এই অ্যাসিস্ট্যান্ট টুইট মিয়ার সঙ্গে হিরু কন্ট্রাক্টরের খুব ভাব। শুধু তা-ই নয়, তিনি ভয়ও পান তাঁকে। আর কাকে ভয় পান হিরু কন্ট্রাক্টর? আকাশ মিয়াকে। আকাশ মিয়া? হ্যাঁ, মাথার ওপরের আকাশ আর কি! যেদিন হিরু কন্ট্রাক্টরের ঘাড়ে আকাশ ভেঙে পড়েছিল, সেই দিন থেকে তিনি আকাশকে ভয় পান। কেমন করে ভেঙে পড়ল আকাশ? দুম করে পড়েনি নিশ্চয়ই! আসলে আকাশ থেকে ভেঙে পড়ার মতো একটা জিনিসই আছে। তা হচ্ছে মেঘ। দুনিয়ার কেউ কখনো শুনেছে যে মেঘ ভেঙে পড়েছে? কেউ শুনলে শুনুক না শুনলে নাই। সেদিন সত্যি সত্যি হিরু কন্ট্রাক্টরের ঘাড়ে মেঘ ভেঙে পড়েছিল। মেঘ যেহেতু আকাশের দেশে থাকে, তাই মেঘ ভেঙে পড়া মানে আকাশ ভেঙে পড়া। মানুষ যেমন খামখেয়ালি করে বিপদ ডেকে আনে; প্রকৃতিও তেমনি খামখেয়ালি করায় মেঘ ভেঙে পড়ে।

এই মেঘ ভেঙে পড়ার আরেক নাম ক্লাউডবার্স্ট। শুধু বান্দরবানের রুমা বাজারে নয়; পৃথিবীর নানা দেশে ক্লাউডবার্স্ট হয়। এতে মানুষের সঙ্গে ঘরবাড়িও লাপাত্তা হয়ে যায়! কিন্তু লাপাত্তা হয়নি হিরু কন্ট্রাক্টরের ঘাড় থেকে মাথা। কেবল উল্টো দিকে ঘুরে গেছে। কী ঘুরে গেছে? মাথা। ভূতদের পা উল্টো হয় এটা জানা কথা, কিন্তু মানুষের ঘাড় থেকে মাথা উল্টো ঘুরে যায়, তা দেখা গেল এই প্রথম। তো ঘাড় উল্টে যাওয়ার পর কোনো শব্দ শুনলেই সোজা দৌড় দেন হিরু কন্ট্রাক্টর। একেবারে সো-ও-জা। কোন দিকে? উল্টো দিকে। টুইট মিয়ার কিচিরমিচির ডাক কানে এলেও দৌড়ান। আর দৌড়ান মোবাইলের রিংটোন শুনে।
তিনি দৌড়াতে থাকুন। আমরা মেঘ ভেঙে পড়া বিকেল থেকে ঘুরে আসি চলো। বান্দরবানের রুমা বাজার থেকে কেওক্রাডং রাস্তার কন্ট্রাক্ট পেয়েছেন হিরু কন্ট্রাক্টর। কাজ শুরু হয়েছে। পাহাড়ি রাস্তা। খুব খাটাখাটনি যাচ্ছে শ্রমিকদের। অথচ তিনি খুব আয়েশ করে পান চিবাচ্ছেন আর গলায় ঝোলানো দুরবিনে চোখ ডুবিয়ে পাহাড় দেখছেন। দূরের পাহাড় দেখে মনে মনে ভাবছেন, এই রাস্তাটা হয়ে গেলে একটা পাহাড় কিনবেন। সেই পাহাড়ে জুমচাষ করবেন, হাতি পুষবেন। আর কী কী করবেন—এসব ভাবতে ভাবতে গড়াগড়ি খাচ্ছেন।

সূর্য পশ্চিমে হেলে পড়েছে অনেক আগেই। রোদের তেজও কমে আসছে। তার ভাষায়, এই হচ্ছে মিঠে রোদ। মন ভালো থাকলে তিনি প্রায়ই এই মিঠে রোদে গড়াগড়ি খান। রুমা-কেওক্রাডাং পথের সবচেয়ে উঁচু এই পাহাড় দেখতে অনেকটা ডিমের মতো! তাই তিনি নাম দিয়েছেন ডিম পাহাড়। স্থানীয় বমদের কাছে তা ‘আউটাউ’। মিঠে রোদের ডিম পাহাড়ে হিরু কন্ট্রাক্টর গড়াগড়ি খাচ্ছেন আর চিকিচিকি হাসছেন। ওই যে লাকা চিকিচিকি-চিকি-চিকি-ই-ই...মোবাইলের রিংটোনটার মতো। তার হাসির শব্দ প্রতিধ্বনিত হয়। পাহাড় থেকে পাহাড় হয়ে পুরো বান্দরবানে ছড়িয়ে পড়ে।
হুট করে কিসের একটা ঝাপটা এসে লাগে ডিম পাহাড়ে। অমনি ইয়াব্বড় পাহাড় তলিয়ে যায়। ভাগ্যিস পাহাড় তলানোর আগে টুইট মিয়া তাকে একটা খাবলা দিয়ে টেনে নিয়ে আসেন। এভাবে কেউ কাউকে বাঁচাতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। বিশ্বাস করেন না হিরু কন্ট্রাক্টরও। তাই তিনি টুইট মিয়াকে ভূতটুত ভেবে ভয় পান। ভূত না হলে তলিয়ে যাওয়া পাহাড়ে না থেকেও হাত বাড়িয়ে চোখের ইশারায় কী করে তাকে টেনে আনলেন টুইট মিয়া? তার হাত এত বড় হলো কেমন করে?

ভয় পাওয়া হিরু কন্ট্রাক্টর সেদিন থেকে আরও অনেক কিছুকে ভয় পান। সেই ভয় থেকে কন্ট্রাক্টরি ছেড়ে ‘হিরু কন্ট্রাক্টরের ভাতঘর’ খুলে বসেন। হোটেলের রান্নাবাড়া থেকে সব কাজ সামলান টুইট মিয়া। হিরু কন্ট্রাক্টরের ভাতঘরের পেছনেই শঙ্খ নদ। সেই নদের পানি দিয়েই চলে রান্নাবাড়া আর ধোয়ামোছা। কিন্তু তাঁকে নদীতে যেতে হয় না। পানির দরকার পড়লে এদিক-সেদিক তাকিয়ে হোটেলে বসেই নদীর দিকে হাত বাড়িয়ে বালতি পুরিয়ে টুই-ই-ইট করে টান দেন। অমনি বালতি ভরে চলে আসে পানি।

বড়রা এ কথা বিশ্বাস করে না, কিন্তু ছোটরা প্রায়ই দেখে এ দৃশ্য। টুইট মিয়াকে নদের এপার থেকে ওপারে লাফিয়ে যেতেও দেখেছে ছোটরা। আর হিরু কন্ট্রাক্টরের ভাতঘরে যে মাছ খাওয়ানো হয়, তা-ও টুইট মিয়া হাত ডুবিয়ে নদী থেকে তুলে আনেন। এর সঙ্গে পাহাড়ি বম ছেলেমেয়েরা আরেকটা জিনিস বের করেছে। তা হচ্ছে, হিরু কন্ট্রাক্টরের উল্টো ঘাড়ের মতো টুইট মিয়ার পা দুটোও উল্টো। অনেক অনেক আগে হারমোনিয়াম হারমোন নামে এক ভূতরাজার পায়ে আকাশ ভেঙে পড়েছিল। এতে তার পা উল্টে গিয়েছিল। সেই থেকে ভূতেরা তাদের প্রিয় বিজ্ঞানীর সম্মানে পা উল্টো ঘুরিয়ে নিয়েছে। এবার বিখ্যাত হিরু কন্ট্রাক্টরের ঘাড় থেকে মাথা উল্টো ঘুরে গেল; এতে তারা কী করবে? বলবে, হিরু কন্ট্রাক্টরের মাথা ঘুরলে তাদের কী? কিছু না হলে নাই। তবে পাহাড়ি ছোট ছেলেমেয়েরা আরেকটা জিনিস বের করেছে। তা হচ্ছে, হিরু কন্ট্রাক্টরের পা-ও আস্তে আস্তে উল্টো ঘুরে যাচ্ছে। তিনি আধো উল্টো পা দুলিয়ে ছড়া বানান-
মেঘ ভেঙেছে ডিম পাহাড়ে
উল্টে গেল মাথা
ভূতের পা-টা উল্টো হলেই
বলতে পারো যা-তা!