মেঘমেদুর মেটান্যারেটিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

কবি ও অকবি যাহা বল মোরে মুখ বুজে তাই সই সবই
— নজরুল ইসলাম

এই মেঘমেদুর মেটান্যারেটিভ আমার ছিল না
এই বৃষ্টিবিজন অ্যানথোলজির পাতায় আমাকে খুঁজো না
কবিতা লিখি না বহুকাল
তার আগে আরও বহু বহুদিন আমি লিখিনি কবিতা
তারও আগে আরও বহুদিন কেটে গিয়েছিল কবিতা না লিখে
এই নিখিল অ-লেখার চাপে, দুর্ঘটনাক্রমে
যা কিছু খুচরো মগজ ছিটকে লেগেছে বাবলাগাছের ডালে
তাতে কারও মনে বাবলাপাতার কষ লেগেছে

কারও বা ব্যক্তিমালিকানা হলো
কেউ ‘পুঁজিবাদ পুঁজিবাদ’ জপে শেয়ারবাজারে প্রোলেতারিয়েত হয়ে গেল
কিন্তু এই মেঘমেদুর মেটান্যারেটিভ কখনোই আমার হলো না
সামনে লগবই আর পেছনে ইরেজার নিয়ে
নিরর্থক ইতিহাসে মুখস্থ হয়ে যাওয়ার ভয়ে আমি কাঁপতে চাইনি
ফলে, হে পাঠক, আমাকে খুঁজো না তুমি বহুদিন, কতদিন
আমিও তোমাকে খুঁজি নাকো
শুধু কিছু আনন্দ হয়েছিল, কিন্তু এই সামান্য যৌথতা
অনিবার্য হয়ে ওঠেনি কখনো
এই ডিসপোজিবল সম্পর্কের দুনিয়ায়

২.

চিরকাল পয়ারে গেঁথে থাকা কত-না দুঃখের
তাই আমি মেটাফোরগুলো জমাই কোনো এক
ভার্চ্যুয়াল মাটির ব্যাংকে
তাতে তারা আমার কাছেই থাকে, কিন্তু কোনো
জবরদস্তি ন্যারেটিভের অংশ না হয়ে
একেকটি মেটাফোর একেকটি নগররাষ্ট্রের মতো
ছোট এবং স্বয়ম্ভর
আমার ব্যক্তিত্ব তৈরি হতে থাকে ওদের ব্যক্তিস্বাতন্ত্র্য দিয়ে
আমার ভেতর আমি যখন নামি
কেবলই কিছু মেটাফোর পাই
যারা দুষ্টুমি করে আমায় একটা আত্মাভিমান বানিয়ে দিয়েছে
ফলে, হে পাঠক, যাকে তুমি ‘কবি’রূপে শনাক্ত করছ
সে জাস্ট এক টুকরো ঝকঝকে আত্মাভিমানমাত্র
কিছু স্বায়ত্তশাসিত মেটাফোর এই মনোরম ফাঁদে ফেলেছে তোমাকে
কিন্তু এই মেঘমেদুর মেটান্যারেটিভ কখনোই আমার হবে না
আমি আত্মঘাতী বোমারুর মতো ওকে ধ্বংস করেছি
আমার অনন্ত মৃত্যুর মধ্য দিয়ে

৩.

তবুও আমাদের দেখা হবে বারবার, প্রতিবার
হে পাঠক, তুমি তুষ্ট মেটান্যারেটিভ, বগলে অ্যানথোলজি ইট
আমারও লজ্জা নাই অযুত-নিযুত প্রত্যাবর্তনে
আমাদের প্রতিটি পরিচয় ফলত নির্ভার নতুন যোগাযোগ
পূর্বপ্রণয়ের দাবি কোনো দিনই সামনে দাঁড়াবে না

আবারও আনন্দ হবে কিছু, আবারও ভুলে যাওয়ার আগে।