চট্টগ্রাম বাংলাদেশের শিল্পচর্চায় দ্বিতীয় তীর্থভূমি। পাহাড়ি প্রকৃতি আর লোনা জলের আহ্বানে সাড়া দিয়েই শিল্পীরা সাধনায় মগ্ন হন। হয়তো সে কারণেই চট্টগ্রামের শিল্পীদের কাজে খুঁজে পাওয়া যায় কিছুটা আলাদা বিশেষত্ব। সেই বৈশিষ্ট্যের সাবলীল বাহন হয়ে এসেছে সঞ্জীব দত্তের উজ্জ্বল অর্গানিক ক্যানভাস।‘আমি তুমি সে ইহারা’ শিরোনামে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শেষ হয়েছে শিল্পী সঞ্জীব দত্তের তৃতীয় একক চিত্রকর্ম প্রদর্শনী। দীর্ঘ সময় ধরে আমাদের পারিপার্শ্বিক জীবনের নানাবিধ ঘটনাকে উপজীব্য করে ছবি আঁকছেন সঞ্জীব দত্ত। সমাজ পর্যবেক্ষণের এক নিজস্ব পদ্ধতির প্রয়োগ করেন তিনি। ভিন্ন দৃষ্টিভঙ্গি ও আস্বাদ সৃজনের প্রয়োজনে করে চলেছেন বিভিন্ন নিরীক্ষা। শিল্পী একটি ক্ষুদ্র পতঙ্গকে বহুমাত্রিক রূপে দেখিয়েছেন। একটি সত্যের উপলব্ধির জন্য দীর্ঘ অভিজ্ঞতার প্রয়োজন। বৈরী পরিস্থিতিতে সহিষ্ণু হয়ে পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে খাপ খাওয়ানো এবং প্রচলিত সমাজব্যবস্থা আর রাজনীতির সঙ্গে কম্প্রোমাইজ করে টিকে থাকে আলাদা এক ধরনের অস্তিত্ব। আর ব্যতিক্রম হলেই সংঘাত হয়; আত্ম-অনুসন্ধিৎসু-আত্মমগ্নতা বা আত্মোপলব্ধি অবচেতনভাবেই মুক্তির পথ খুঁজে বেড়ায়। একটি চিত্রপটে অবজেক্টের বিভাজন মুখ্য করে তোলে কখনো বা; শিল্পকর্মের শিরোনামেও এর তাৎপর্য ব্যাপ্তিময়। ‘কষ্টগুলো নদী হওয়ার আগে’, ‘বাতাসে যে কথা’, ‘ফাঁদ’, ‘চিত্রকল্প’, ‘অচিন পাখি’, ‘নির্দেশ ব্যতীত যন্ত্র কাজ করে না’, ‘সে’, ‘বশীকরণ’ প্রভৃতি শিল্পকর্মকে রঙ-রেখা কৌণিক কম্পোজিশনে নতুন ভাবের সঞ্চার করে। চতুষ্কোণ ক্যানভাসে তার ভাবনাকে সীমায়িত করতে চাননি সঞ্জীব দত্ত তাই ক্যানভাসের আকার-আকৃতি ও কৌণিক বিন্যাস নিয়েও ভেবেছেন নতুন আঙ্গিকে।বাংলাদেশের শিল্পচর্চার অন্যতম পুরোধা শিল্পী রশীদ চৌধুরী। তিনি চট্টগ্রাম চারুচর্চার প্রধান ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়ে ১৯৬৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ খোলেন। তাঁর শিল্পচিন্তার প্রত্যক্ষ-পরোক্ষস্পন্দন নিরন্তর দৃষ্টিগোচর হয়ে চলেছে। চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ প্রত্যেক শিল্পীর ওপর অবচেতনেই কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করে। তাদের স্বাতন্ত্র্য চোখে পড়ার মতোই। রশীদ চৌধুরী ছিলেন রোমান্টিক আর জীবনমুখী শিল্পী। তিনি সব সময় চেষ্টা করেছেন, যাতে ঢাকা চারুকলার একাডেমিক প্রভাব চট্টগ্রামে ছায়া না ফেলে। ফোক আর্টের প্রধান রঙ স্টাইলাইজেশন আর কনসেপচুয়াল আইডেন্টিফিকেশনে এক অনবদ্য শিল্পক্রিয়া খুব সহজেই ঢাকা থেকে এই শহরের শিল্পীদের আলাদা বৈশিষ্ট্যে স্বতন্ত্র করে তোলে। মাধ্যমগত নিরীক্ষার সঙ্গে সমাজ পর্যবেক্ষণের দৃষ্টিভঙ্গিও নির্মাণের প্রচ্ছন্ন প্রয়াস থাকে এই শিল্পীদের। রশীদ চৌধুরীর পরবর্তী প্রজন্মের অনেকের মাঝেই তার ছায়া রয়েছে। যাঁরা দীর্ঘদিন চট্টগ্রামে শিক্ষকতা করেছেন এবং এখনো করছেন, সেই শিল্পীদের হাত ধরেই সঞ্জীব দত্তের শিল্পচর্চায় পথচলা। তাঁর বেড়ে ওঠার সময়ের মধ্যেই চট্টগ্রাম শহর একটি মেট্রোপলিটন শহর হিসেবে নির্মিত হয়েছে। পাহাড়ি অঞ্চলের মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়ে থাকে। তাঁরা জীবনের প্রতিটি দৃশ্যকল্প বিভিন্ন স্তরে, নানা ডাইমেনশনে দেখার সুযোগ পান, যা তাঁর মনোভূমিতে কখন প্রভাব ফেলে, তা নিজেই হয়তো জানেন না। শিল্পী সঞ্জীবের শিল্পকর্মেও এ প্রক্রিয়া বিদ্যমান। তিনি প্রধান চরিত্র হিসেবে ‘ফড়িং’কে বেছে নিয়েছেন এবং এই ক্ষুদ্র পতঙ্গের সমাজে ঘুরে বেড়ানো-ভাসমান তাঁর দৃষ্টিতে শহরকে দেখা এর সবকিছুই রয়েছে এই শিল্পীর চিত্রকর্মে। মেট্রোপলিটন শহরের নির্মিত বড় বড় দালান, দোকানপাট সবকিছুতেই মিররের ব্যবহার মাত্রাতিরিক্ত। এসব মিররে নানাভাবে ভিন্ন ভিন্ন দিক থেকে রিফ্লেলকশন দেখা যায়; ফর্মে ডেসটোরশন হয়; এই সম্ভাবনা দেখা যায় তাঁর ক্যানভাসে। শিল্পী সেতার বাজান অনেক দিন ধরে। সুরের মূর্ছনা আর ফ্লেক্সিবিলিটি রয়েছে শিল্পী সঞ্জীবের শিল্পভাবনা আর দৃশ্যপটে। হয়তো সে কারণেই মূর্ত-বিমূর্তের দোলাচলে সঞ্জীব দত্তের চিত্রকর্ম কখনো আমাদের ছুঁয়ে যায় অথবা অধরাই থেকে যায়।সঞ্জীব দত্ত: জন্ম ১৯৬১ সালে, চট্টগ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে এমএফএ শেষ করেন। সঞ্জীব তিনটি একক ও বহু যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এবং নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি ফ্রিল্যান্স শিল্পী এবং চট্টগ্রামের স্কুল অব ফাইন আর্টসের দায়িত্বে রয়েছেন।