মেদ ও মেলানিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: কাইয়ুম চৌধুরী
অলংকরণ: কাইয়ুম চৌধুরী

নিষ্ঠুর, হার্মাদ ওই সূর্য। তার মকরক্রান্তীয় কূট কট্টর ক্রোধের
বিরুদ্ধে দাঁড়িয়ে, তার একটানা রোষরশ্মি চাবুকের
ঝিলিক ঠেকিয়ে দিতে
চামড়ার নিচে গড়ে তুলেছ দুর্ভেদ্য কালো পিগমেন্ট-প্রতিরোধ।

তোমাদের বাড়ে কালো মেলানিন, তাদের বাড়ে শাদা চর্বি
তুমি চাও খর্ব করে দিতে ওই চর্বিরাশি, অট্টহাসি...
তারা চায় খামোশ করতে
তোমার উদ্ধত কালো মেলানিন-স্পর্ধা
এক রশ্মিরহিত ফাটকে আটকে রেখে যাবৎ-জীবন।

তুমি সেই ফাটকে ও দুর্গে
ভয়ংকর ফাটল ধরিয়ে দিলে মেরামতের অতীত।

ক্যানসার-ছড়ানো যত ক্রূর, ধূর্ত রশ্মিরাশির বিরুদ্ধে
মানুষের সাধ আর সংকল্পের সর্বোচ্চ শিখর তাক করে
ছুড়ে দিয়েছিলে নম্র-অথচ-দৃপ্ত দৃষ্টিরশ্মি তোমার।
মেদ ও মেলানিনের ভেদ ভেঙে-দেওয়া
তোমার সে-চোখের আলোক আজ

ছড়িয়ে পড়ছে দিগিদগন্ত পেরিয়ে, দূরে,

ভবিষ্যতে, রামধনু-বিচ্ছুরণে...