মেলা মাসব্যাপী হওয়া খুবই দরকার
১
আমরা এবার একটা জমজমাট বইমেলা দেখতে চাই। প্রকৃতি বিরূপ না হলে আমার মনে হয়, এবার এটা আনন্দঘন সফল বইমেলাই হবে। সোহরাওয়ার্দী উদ্যানের দীর্ঘ পরিসরে আমরা শুধু একটা বইমেলাই করব না, না দেখা বইগুলো দেখব, দুই বছর দেখিনি এমন অনেক সুহৃদ সুজনকে দেখব। এবার সপ্তাহ পার হওয়ার আগেই পেয়ে যাব অমর একুশে ফেব্রুয়ারি। ২১ তারিখ মেলার একটা বিশেষ দিন। সেদিক থেকে এবারের মেলা প্রথম সপ্তাহেই জমে ওঠার কথা। অর্থাৎ এবারের বইমেলার প্রথমার্ধে অন্য বছরগুলোর মতো মাছি মারতে হবে না।
২
গত বছর, ২০২১-এ বইমেলা মাঝপথে বন্ধ হয়ে যায়। মহামারির কারণে প্রকাশ করা ব্যাপক ক্ষতির মুখে ছিলেন। গত মেলায় দু–একটি প্রকাশনা সংস্থার কথা বাদ দিলে প্রকাশকেরা তাঁদের খরচই তুলতে পারেননি। তারপর আরও একটি বছর গেল নিষ্ফলা। সব মিলিয়ে এসব ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠতে না পারলে অনেক প্রকাশনা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। এ জন্য এবারের মেলা মাসব্যাপী হওয়া খুবই দরকার।
৩
অর্থনৈতিক বিবেচনায় আমাদের দেশে প্রকাশনা খাত এখনো অনেক ছোট। কয়েকজন প্রকাশকের কথা বাদ দিলে বাংলাদেশের প্রকাশকদের বার্ষিক আয় খুবই কম। বইয়ের বিক্রি কম বলে প্রকাশক বেশি বিনিয়োগ করতে আগ্রহী হন না। ভালো প্রুফ রিডারের সম্মানী বেশি, প্রকাশকেরা কাম্য সম্মানী দিতে পারেন না বলে কপি এডিটর বা সম্পাদক সেভাবে গড়ে উঠছেন না। এ পেশায় আগ্রহও তৈরি হচ্ছে না। তবু কিছু প্রকাশনা সংস্থা এসব দিকে নজর দিচ্ছেন। পরিস্থিতিরও খানিকটা উন্নতি হচ্ছে। আমরাও সীমিত পরিসরে চেষ্টা করছি। এককথায় বলতে গেলে ‘সুসম্পাদিত ও নির্ভুল’ বই করতে হলে যোগ্য লোক লাগবে, খরচ বাড়বে। সংগত কারণে ফর্মা ধরে বইয়ের দাম রাখার যে রীতি প্রচলিত আছে, তা পাল্টাতে হবে।