মেলার পরিকল্পনা যেন পর্যাপ্ত সময় নিয়ে করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১

এটা মর্মান্তিক যে ২০২২ সালে মেলা শুরুর বেলায় বলতে হচ্ছে এ মেলাকে কেমন দেখতে চাই। প্রশ্নটা করার প্রয়োজন ছিল বেশ কয়েক মাস আগে। আজ দাঁড়িয়ে এটুকুই বলা যায়, ২০২১-এর মতো নিষ্প্রাণ, জনহীন মেলা এবার দেখতে চাই না। এ সুযোগে বাংলা একাডেমির কাছেও জোর দাবি জানাই যে ভবিষ্যতে মেলার পরিকল্পনা যেন পর্যাপ্ত সময় নিয়ে করা হয়। শুধু তাই নয়, চলমান অতিমারি এবং তার পরবর্তী সময়ের বাস্তবতাকে বিবেচনায় রেখে যেন একটি আধুনিক ও সময়োপযোগী মেলা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয় ২০২৩ থেকে, এ ব্যাপারে এখন থেকেই ভাবা উচিত।

২

একুশে বইমেলা আমাদের মিলন উৎসব। মাসব্যাপী মেলা হলে সুবিধা এই যে এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা মেলায় আসতে চান, তাঁরা যথেষ্ট পরিকল্পনা করে তাড়াহুড়াহীনভাবে মেলায় আসার সুযোগ পাবেন। অন্যদিকে, মেলা যদি মাসব্যাপী হয়, তবে সবাই ছড়িয়ে ছিটিয়ে মেলায় আসার সুযোগ পাবেন, যা বর্তমান অতিমারির স্বাস্থ্যবিধির জন্যও উপযুক্ত। আর প্রকাশকেরাও সুযোগ পাবেন তাঁদের দুই বছরের আর্থিক দুর্ভোগ খানিকটা কাটিয়ে ওঠার।

৩

সত্যিকারভাবে সুসম্পাদিত ও নির্ভুল বই প্রকাশ করতে চাইলে আসলে অসংখ্য বই প্রকাশ করা একজন প্রকৃত প্রকাশকের পক্ষে প্রায় অসম্ভব। আমাদের প্রয়াস থাকে সময় নিয়ে যত্ন করে বই প্রকাশ করার, কিন্তু তার জন্য মূল্য দিতে হয় নানাবিধ। লেখকেরা যদি এ বিষয়ে ওয়াকিবহাল এবং সংবেদনশীল থাকেন এবং প্রকাশককে সহায়তা করেন, তাহলে সুসম্পাদিত বই প্রকাশের বিষয়ে প্রকাশকেরা আরও মনোযোগী হতে পারবেন। আমাদেরও দায়িত্ব আছে লেখককে সম্পাদনার গুরুত্ব সম্পর্কে সচেতন করার। তবে সার্বিকভাবে আমাদের এ কাজে দক্ষতা ও স্পষ্টতার ঘাটতি আছে।