মৈত্রীর জন্য শিল্পকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিরোনামহীন’, শিল্পী: ধীরাজ চৌধুরী
‘শিরোনামহীন’, শিল্পী: ধীরাজ চৌধুরী

প্রদর্শনীটিকে বলতে পারি মৈত্রী বন্ধনের প্রদর্শনী। বাংলাদেশ-ভারত দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক বহু পুরোনো। এই প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিল্পীদের কাজে দেখা যায়, প্রকৃতি, ব্যক্তিগত কথন, সাম্য, ভ্রাতৃত্ব আর ঐক্যের সুর।
বাংলাদেশের শিল্পীদের ৩৭টি শিল্পকর্ম এবং ভারতের শিল্পীদের আঁকা ২৩টি ছবি নিয়ে এই প্রদর্শনী।
ভারতের খ্যাতিমান চিত্রশিল্পীদের মধ্যে আছে বিজন চৌধুরী, রবিন মণ্ডল, ধীরাজ চৌধুরী, ওয়াসিম কাপুর, অমিতাভ সেনগুপ্ত ও সমীর আইচের ছবি। আর বাংলাদেশের শিল্পীদের মধ্যে সমরজিৎ রায়চৌধুরী, শহীদ কবির, বীরেন সোম, রণজিৎ দাশের মতো খ্যাতিমান শিল্পীরা হাজির হয়েছেন নিজেদের ছবি নিয়ে। তবে খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি দুই দেশের নবীন শিল্পীদের কিছু কাজও উল্লেখ করার মতো।
প্রথমেই বলা যাক সমরজিৎ রায়চৌধরীর ছবি প্রসঙ্গে। তাঁর দুটি ছবিতে দেখা যায় বিপরীতধর্মী রং—একটিতে গাঢ় সবুজ জমিন, অন্যটিতে হালকা সবুজ, নীল, ছাইরঙা জমিনের গায়ে জ্যামিতিক আকৃতির উপস্থিতি। জ্যামিতিগুলো একটি আরেকটির সঙ্গে তৈরি করেছে বন্ধন।
রণজিৎ দাশের দুটি কাজে মানুষ ও জ্যামিতির বন্ধন স্পষ্ট। শহীদ কবির গাঢ় কালো রঙের ভেতর থেকে চড়া ব্রাশে টেনে নিয়েছেন হালকা উজ্জ্বল সবুজ রং। অগ্রজ শিল্পীদের কাজের পাশে বাংলাদেশের নবীনদের কাজেও নতুন বিষয় সৃষ্টির চেষ্টা লভ্য। বলার মতো অন্যতম নিরীক্ষাধর্মী কাজ হলো মিন্টু দের নিসর্গ নিয়ে করা জ্যামিতিক বিন্যাস। নিসর্গ চিত্রে মিন্টু বাস্তবরীতির করণপদ্ধতি যেমন প্রয়োগ করেছেন, একই সঙ্গে বাস্তবরীতিকে ভেঙে কৌণিক রেখার সাহায্যে গড়ে তুলেছেন জ্যামিতি। এ ছাড়া, তরুণ শিল্পী বিশ্বজিৎ গোস্বামী, আজমির হোসেন, আশরাফুল হাসান, বিপ্লব গোস্বামীর কাজে বিষয়কে সরলভাবে উপস্থাপনের চেষ্টা লক্ষণীয়। এসব কাজেও নিরীক্ষার দেখা মেলে।
ভারতের শিল্পীদের কাজেও বোঝা যাবে ধারাবাহিক নিরীক্ষার একেবারে সাম্প্রতিক প্রচেষ্টা। যেমন—বিজন চৌধুরীর রেখাচিত্রে পূজা-পার্বণের সময়ে মানুষের উল্লাস বোঝা যায়। ছবির মধ্যে বিজন চৌধুরী দেখান আধা বাস্তবরীতির মানুষের গড়ন। সেটি আবার ধীরাজ চৌধুরীর দুটি ছবিতে স্পষ্ট হয় মানুষের বন্ধনের ঐক্য। ধীরাজের ছবির মানুষগুলো ভেঙেচুরে একজনের সঙ্গে লেগে থাকে অন্য জন। রং বাছাইয়ের ক্ষেত্রে এই শিল্পীর পছন্দ আগুনরঙা উষ্ণ রং।
সমীর আইচ কালো মোটা রেখায় দ্রুত এঁকে যান হাঁ করা পশুমুখ। পশুর মুখ থেকে জিব বেরিয়ে আসছে, চোখের মাঝে রাগত চাহনি। অন্যদিকে ওয়াসিম কাপুরের ছবিটিতে দেখা গেল কলকাতার রাস্তা। দালির চিত্রকর্মের মধ্যে যে অতিদর্শন পাওয়া যায়, ওয়াসিম কাপুরও অনুসরণ করেছেন সেই পথ।
রবিন মণ্ডল ভারতের অগ্রজ শিল্পীদের মধ্যে অতিচেনা। তাঁর চেনা সেই মানুষের মুখ নিয়ে এসেছেন প্রদর্শনীতে। রবিনের সবুজ, লাল আর কালো মোটা রেখার ব্যবহারে মানুষের মুখের স্নিগ্ধ রূপটি যেন হারিয়ে যায়।
এই প্রদর্শনীর ছবিগুলোর পাশে শিল্পী এবং তাঁর দেশের পতাকার উল্লেখ থাকলেও যেটি ছিল না তা হলো—ছবির শিরোনাম। হ্যাঁ, ছবিগুলোর শিরোনাম দেওয়া জরুরি ছিল বলেই মনে হয়।
জাতীয় চিত্রশালা ভবনের ২ নম্বর গ্যাল্যারিতে ‘শান্তি ও একতা’ শীর্ষক এই প্রদর্শনী শেষ হবে ২২ এপ্রিল।