মোটা ফ্রেমের চশমাগুলো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখতারুজ্জামান ইলিয়াসের চশমার ফ্রেমটা ছিল মোটা আর কালো। বইমেলায় তিনি হাঁটছেন, বিকেলবেলা, তখনো ফাল্গুনের হলুদ রোদ বর্ধমান হাউসের খিলানে তেরসা হয়ে ঝুলে আছে। আমগাছের নিচে ঝরা মুকুল, সোঁদা গন্ধ। বর্ধমান হাউসের বারান্দার সামনে ইট বিছানো পথে তিনি হাঁটছেন। আজ থেকে বছর কুড়ি আগের কথা। আমি তখন ভোরের কাগজ পত্রিকায় বইমেলা নিয়ে রোজকার প্রতিবেদন লিখি। আমি বলি, স্যার, বইমেলা কেমন লাগছে? তিনি শুধু হাসেন। আমার বয়স কম, ওজনও কম, হালকা-পাতলা এতটুকুন ছেলে আমি, আমি তাঁর হাতের আঙুল ধরে ফেলি। তিনি হাসেন, প্রশ্রয় দেন, কিন্তু আমার প্রশ্নের জবাব দেন না। বইমেলার অনামা প্রতিবেদক তাঁর সাক্ষাৎকার পান না। হুমায়ুন আজাদ আসেন রোজ। এসে বসেন আগামীর স্টলে। সবার সঙ্গে কথা বলেন। প্রথম দিন তাঁর নারী বইটা এল, প্রচ্ছদ ছাড়া, প্রচ্ছদ তখনো ছাপা হয়নি। আমি বললাম, স্যার, কভার ছাড়া বই বেরিয়ে গেল? তিনি রসিকতা করলেন, নারী তো কভার ছাড়াই ভালো। আমি সেটা লিখে দিলাম পরের দিনের কাগজে। তিনি আহত বোধ করলেন। সে কবেকার কথা। আমার গদ্যকার্টুন বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন তিনি। আমাকে পছন্দ করতেন, আমার গদ্য-পদ্য সব...এখনো বইমেলায় গেলে আগামীর স্টলে মনে হয় তিনি বসে আছেন, জিনসের প্যান্ট, টি-শার্ট...মনে পড়ে, ১৯৮৮ সালের বন্যার সময় কবিরা যাচ্ছিলেন বন্যাদুর্গতদের সাহায্য দিতে, ঢাকার চারপাশটা জলমগ্ন, আমরা চলেছি ইঞ্জিনচালিত নৌকায়, হুমায়ুন আজাদও আছেন, সেই মোটা জিনসের প্যান্ট পরা, তাঁকে বললাম, স্যার, নৌকা ডুবে গেলে মোটা জিনসের প্যান্ট নিয়ে তো সাঁতরাতে পারবেন না...সিকদার আমিনুল হকের কথা মনে হলেই ওই মোটা ফ্রেম পুরু লেন্সের চশমার কথাটাই মনে পড়ে। তিনি আসতেন মাঝেমধ্যে। আশির দশকের শেষের দিকে, নব্বইয়ের শুরুতে বইমেলার মধ্যেই চায়ের স্টল থাকত। সিকদার আমিনুল হকের সতত ডানার মানুষ বেরোল। কী অসাধারণ সেই বইয়ের আকার, প্রচ্ছদ, ভেতরের অঙ্গসজ্জা। কবিতাগুলোও অন্য রকম। সিকদার আমিনুল হক এসে বসতেন ওই চায়ের স্টলে। তখন কবিরা, শামসুর রাহমান, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, সিকদার আমিনুল হক—সব গভীর রাত পর্যন্ত আড্ডা দিতেন বইমেলায়।বইমেলার একটা বিশিষ্ট চরিত্র ছিলেন সমুদ্র গুপ্ত। বড় সাদা চুল, বড় সাদা গোঁফ। তারও চোখে ওই পুুরু লেন্সের মোটা ফ্রেমের চশমা। একবার বইমেলায় তাঁর কবিতার বই বেরোল—একাকী রৌদ্রের দিকে। ওই বইয়ে ধুলো নিয়ে একটা কবিতা ছিল। আবার বইমেলায় এক দিন ধুলোও উড়ল খুব। আমি তার সদ্য প্রকাশিত বইটা থেকে ধুলোর কবিতাটা উদ্ধৃত করলাম। আমার ধুলোর বর্ণনাও হলো, আবার তার বইয়ের উল্লেখও হলো। দেখা হলে বললেন, উদ্ধৃতিটা কেজো হয়েছে রে খুব...ওই তো আহমদ ছফা হেঁটে যাচ্ছেন বইমেলায়। তাঁর পেছনে পেছনে একদল তরুণ। আহমদ ছফার বুকে পোস্টার। ভারতীয় পাইরেটেড বই বিক্রি বইমেলায় বন্ধ করো।শামসুর রাহমান এসেছেন বিকেলবেলা। হেঁটে হেঁটে যাচ্ছেন বিউটি বুক হাউসের দিকে। আমি তাঁর পেছন পেছন ছুটছি। (ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে যেমন বাঘের পেছনে পেছনে ফেউ ছোটে:) আমি তাঁর সদ্য প্রকাশিত বই কিনি, তাঁর অটোগ্রাফ চাই, তিনি লাজুক ভঙ্গিতে তাকান, তাঁর কাশফুলের মতো শুভ্র চুল, বড় বড় চোখ, চোখে...তাঁরও চোখে মোটা ফ্রেমের চশমা...রোকনুজ্জামান খান দাদাভাই হাঁটছেন। সঙ্গে লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম। আমি ছুটে যাই, দাদাভাই, আমার বই বেরিয়েছে, কবিতার বই...দাদাভাই রিটন ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আনিস কিন্তু আমাদের ছেলে, কচিকাঁচার মেলার...তার চোখেও চশমা, লেন্স পুরু, ফ্রেমটা কালো নয়, খয়েরি...এবার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কবীর চৌধুরী আসবেন না? লাল জ্যাকেট পরিহিত সবচেয়ে তরুণ অথচ সবচেয়ে বয়সী মানুষটাকে হালকা পায়ে হাসিমুখে দ্রুতগতিতে হাঁটতে দেখব না আর? চশমার নিচ থেকে সারাক্ষণ দ্যুতি ছড়াবে না তার উজ্জ্বল চোখ দুটি? বইমেলায় প্রণব ভট্ট হাঁটতেন না, উলের বলের মতো গড়িয়ে যেতেন। দেখা হলেই মুখে হাসি ছড়িয়ে বলতেন, এইবার আমার বইয়ের কিন্তু অমুককে ছাড়িয়ে যাচ্ছে...আনওয়ার আহমেদ, সেই কবে, তার লিটল ম্যাগাজিন হাতে নিয়ে দ্রুত হেঁটে গেছেন এমাথা-ওমাথা, চলচ্চিত্রকার তারিক শাহরিয়ার লিটল ম্যাগাজিন চত্বরে দাঁড়িয়ে আড্ডায় মেতে উঠেছেন...বইমেলায় আমি তাঁকে কখনো দেখিনি। মাহমুদুল হক, কালো বরফের, খেলাঘরের মাহমুদুল হক...কিন্তু বাংলা একাডেমী চত্বরেই তাঁকে দেখি, সেই প্রথম সেই শেষ, তিনি এসেছিলেন কফিনে শুয়ে। যেমন শহীদুল জহিরের সঙ্গে ফরিদপুরে এক ঘরে থেকেছি এক রাত, কিন্তু তাঁকে বইমেলায় কখনো দেখেছি বলে মনে পড়ে না। অথচ বইমেলায় আমাদের প্রতিবারের অন্বিষ্ট ছিল মাহমুদুল হকের নতুন বই কী বেরোবে এবার, মাটির জাহাজ ভিড়ছে না কেন। আর শহীদুল জহিরের সে রাতে পূর্ণিমা ছিল যেবার বেরোল, সেবার তো হইচই পড়ে গিয়েছিল মেলায়...আবিদ আজাদকে পাওয়া যেত শিল্পতরুতে। তাঁর উঠোনে কি বৃষ্টি নামে এখনো, রেলগাড়ি থামে? শিল্পতরুর স্টলে ভারী ফ্রেমের পুরু লেন্সের চশমা পরে একবারও কি উঁকি দেবেন না আবদুল মান্নান সৈয়দ, তাঁর কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড কি বন্ধ হয়ে গেল? ত্রিদিব দস্তিদার তাঁর রুক্ষ চুল নিয়ে, ময়লা জিনসের জ্যাকেট গায়ে আকাশের দিকে তাকিয়ে আর বলবেন না, ভালোবাসতে বাসতে ফতুর করে দেব?রুদ্র মুহম্মদ শহিদুল্লাহরও চশমা ছিল। রিডিং গ্লাস। তিনি সেটা খাপ থেকে বের করে নিয়ে বই পড়তেন। ১৯৯১ সালে আমার দ্বিতীয় কবিতার বই বেরোল বইমেলায়, বইমেলা থেকে বেরিয়ে আমরা চললাম কমলাপুরে, ট্রেনে উঠে যাচ্ছি ময়মনসিংহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে, রুদ্র আমার কবিতা জোরে জোরে পড়ছেন, মাত্রাবৃত্তে ট্রেন চলে...তিনি পড়ছেন, কেউ কেউ আছে খুব কোকিলস্বভাবী, তারা শুধু ঘর ভাঙে, কাতর কুলায়ে তারা কখনো টেকে না...পড়ে তিনি উদাস হয়ে তাকাচ্ছেন জানালা দিয়ে বাইরে...২৪ বছর ধরে আমি নিয়মিত বইমেলায় যাই। যখন নিজের বই ছিল না, তখনো যেতাম। একটা সময় ‘বইমেলা প্রতিদিন’ ধরনের প্রতিবেদন লিখেছি, দৈনিক পত্রিকায়, রোজ। এখনো ফেব্রুয়ারির বিকেলে পা আপনাআপনিই ছুটতে থাকে বইমেলার দিকে। বইমেলায়, যদি বেঁচে থাকি, এবারও যাব। ভিড়ের মধ্যে খুঁজতে থাকব কিছু চশমা-পরা মুখ। তাঁদের পাব না। তাঁদের বইগুলো অবশ্য পাওয়া যাবে। কারও কারও বই পাওয়া যাবে সামনের দিকে, কারওটা হয়তো পেছনের র‌্যাকে। সময়ের ধূলি পড়বে কোনো কোনো বইয়ে। কোনো কোনো বই, নক্ষত্রের মতো উজ্জ্বল হতে থাকবে—যতই দিন যাবে, ততই বাড়তে থাকবে তাঁদের উজ্জ্বলতা।