![নেলসন ম্যান্ডেলা [১৮ জুলাই ১৯১৮-৫ ডিসেম্বর ২০১৩], প্রতিকৃতি: মাসুক হেলাল](http://media.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2013%2F12%2F13%2F52aa229e65f44-Untitled-8.jpg?w=640&auto=format%2Ccompress)
একই সময়ে তাঁর সঙ্গে কারও বাঁচা এবং একই দেশে, এ রকমই আমরা নেলসন ম্যান্ডেলার অভিভাবকত্বের আশ্রয়ে দক্ষিণ আফ্রিকায় বেঁচে থাকার সুযোগ পেয়েছি। আমি অবশ্য তাঁর বন্ধুতার সংস্পর্শে আসারও সুযোগ লাভ করেছি। তাঁর সঙ্গে আমার প্রথম দেখা ১৯৬৪ সালে। সরকারের বিরুদ্ধে নাশকতার অভিযোগে তখন তাঁর বিরুদ্ধে রিভোনিয়া মামলা চলছে। যেদিন তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, সেদিন আমি আদালতে উপস্থিত ছিলাম।
১৯৭৯ সাল। বিপ্লবী শিশুদের নিয়ে বারজারস ডটার নামের উপন্যাস লিখলাম। জানি না, কীভাবে যেন দক্ষিণ আফ্রিকায় নিষিদ্ধ এ বইটি রোবেন আইল্যান্ডে ম্যান্ডেলার কারাগারে পৌঁছে গেল। কিন্তু তিনি, যাকে মনে হতো শুধু জরুরি লেখাপত্র পড়েন, আমাকে একটা চিঠি লেখেন। তিনি যে বইটি গভীরভাবে বুঝেছেন, চিঠির ছত্রে ছত্রে তার চিহ্ন উৎকীর্ণ ছিল।
১৯৯০ সাল। প্রেসিডেন্ট এফ ডব্লিউ দে ক্লার্ক বুঝতে সমর্থ হয়েছিলেন যে বর্ণবাদের অবসান অবশ্যম্ভাবী। এএনসি ও এর মিত্র আর সহায়ক সংগঠনের ওপর থেকে তিনি নিষেধাজ্ঞা তুলে নিলেন। ছেড়ে দিলেন অবশিষ্ট রাজবন্দীদের। আমার তো বিশ্বাসই হচ্ছিল না জর্জ বিজো যখন বললেন, সদ্য কারামুক্ত ম্যান্ডেলা আমার সঙ্গে দেখা করতে চান। আমার মনে হচ্ছিল, লেখকের অহমিকা থেকেই বলব, হয়তো তিনি বারজারস ডটার নিয়েই কথা বলবেন।
জোহানেসবার্গে দুজনের একান্তে দেখা হলো। আমার বই নিয়ে নয়, কিন্তু তিনি কথা বললেন উইনি ম্যান্ডেলাকে নিয়ে। মুক্তির প্রথম দিনেই তিনি আবিষ্কার করেছিলেন, উইনির একজন প্রেমিক আছে। আত্মপীড়নমূলক এ কথা মুক্তির ছয় বছর পর বিচ্ছেদ না হওয়া পর্যন্ত তিনি প্রকাশ করেননি। আমি নিজেও কাউকে বলিনি। কেননা আমি জানতাম, কতখানি আত্মত্যাগ তিনি করেছেন।
দুঃখ-কষ্ট ম্যান্ডেলাকে প্রতিহিংসাপরায়ণ করে তোলেনি, করেছে আরও মানবিক। এমনকি তাদের প্রতিও তিনি মানবিক ছিলেন, যারা বর্ণবাদের সৃষ্টি করেছে, তাঁকে জেলে ঢুকিয়েছে। এই সময়েই তাঁকে দেখা গেল লাখ লাখ কৃষ্ণাঙ্গকে, যারা ঘিরে রেখেছিল, তাদের সঙ্গেও তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন। তিনি মনে করতেন, তারাও দেশের নাগরিক। দক্ষিণ আফ্রিকাকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠিত করার জন্য কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের মধ্যে তখন আলাপ-আলোচনা চলছে। কখনো কখনো আলোচনা থমকে যাচ্ছে, সহিংস হয়ে উঠতে চাইছে, পুলিশ আর বর্ণবাদীদের মধ্যে সংঘাত ঘটছে। এক মাস পর অচলায়তনের মধ্য দিয়ে ভেঙে গেল এই কনভেনশন। কিন্তু এর মাধ্যমেই প্রণীত হলো সেই নতুন সংবিধান, যেখানে দক্ষিণ আফ্রিকার সাদা-কালো সব মানুষের সম-অধিকার নিশ্চিত হলো।
১৯৯৩ সাল, ঘোষণা করা হলো ম্যান্ডেলা শান্তি পুরস্কার পাচ্ছেন। কিন্তু আমাদের আনন্দ কিছুটা ফিকে হয়ে গেল, যখন জানা গেল নোবেল কমিটি এফ ডব্লিউ দে ক্লার্ককেও পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উভয়ের জন্যই অসলোতে একটা অনুষ্ঠানই হবে। জর্জ বিজোর সঙ্গে ম্যান্ডেলার সফরসঙ্গী হিসেবে আমাকেও আমন্ত্রণ জানানো হলো। এএনসির অন্য নেতাদের সঙ্গে আমরা অসলোতে পৌঁছেই মুখোমুখি হলাম অভূতপূর্ব এক অভিজ্ঞতার। বাইরের পৃথিবীর মানুষ যে ম্যান্ডেলাকে কতটা সম্মান করে, সেদিন সেটা উপলব্ধি করেছিলাম।
অনুষ্ঠান শেষ হলে আমরা আরেক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হলাম। সফরসঙ্গী হিসেবে মাদিবাসহ আমরা হোটেলের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। বাইরে তখন মানুষ আর মানুষ। হাত নেড়ে সবার অভিবাদনের জবাব দিয়ে চলেছেন। স্ক্যান্ডেনেভিয়ার বলুন আর অন্য দেশের, সবাই এএনসির স্বাধীনতার গানটি গাইছে আর হর্ষধ্বনি করছে। সে এক অভূতপূর্ব উদ্যাপন। আমি আর জর্জ দেখলাম, ক্লার্ক ও তাঁর স্ত্রী পাশের ব্যালকনিতে দাঁড়িয়ে। এরপর যা দেখলাম, তাতে তাঁদের বাহবা দেওয়ার কিছু ছিল না। ক্লার্ক ও তাঁর স্ত্রী উৎফুল্ল জনতাকে পৃষ্ঠদেশ দেখিয়ে হোটেলের মধ্যে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। ক্লার্ক কি সেদিন ভেবেছিলেন, ওই গান তাঁর জন্য নয়?
ম্যান্ডেলার জীবনের শেষ দিনগুলোতে মাঝেমধ্যে আমি তাঁর সঙ্গে দেখা-সাক্ষাৎ করেছি। জোহানেসবার্গের যে অভিজাত শহরতলির বাড়ি তাঁকে দেওয়া হয়েছিল, সেই বাড়ি ছিল তুলনামূলকভাবে বড় আর আরামদায়ক। সেই বাড়িতে গিয়ে জর্জ আর আমি তাঁর সঙ্গে প্রায়ই নাশতা করতাম। একটু বেলা করে তিনি উঠতেন, বয়স হয়েছিল তো, ফলে সেই প্রাতরাশ প্রায়ই প্রাত-দ্বিপ্রাহরিক খাবারে পরিণত হতো। সে সময় তিনি যা হারিয়ে ফেলেছিলেন, সেটা হলো তাঁর বুদ্ধিদীপ্ত কৌতুক করার ক্ষমতা, আকস্মিকভাবে ছুড়ে দেওয়া রসবোধ, যা ছিল তাঁর স্বভাবজাত।
মানুষকে বোঝার ক্ষমতা আর তাঁর মানবিক বোধ ছিল তীব্র, নানাভাবে তা প্রকাশ পেত। একদিন আমি তাঁর বাড়িতে গিয়েছি। কিছুক্ষণ পর দেখি উইনির গর্ভে জন্ম নেওয়া ম্যান্ডেলার ছোট মেয়ে জিন্দজি এসেছে বাবার সঙ্গে দেখা করতে। বাবা ও মেয়ে পরস্পরকে আলিঙ্গন করার পর ম্যান্ডেলা জিজ্ঞেস করলেন কী দিয়ে তাকে আপ্যায়ন করা যায়। জিন্দজি বলল, অনেক তাড়া তার, হাতে সময় নেই, মা বাইরে গাড়িতে অপেক্ষা করছেন। ম্যান্ডেলা নিজের মাথা আর কাঁধটা আরেকটু তুলে মেয়ের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বললেন, ‘বলো কী, এখনই যাও, তাকে ভেতরে নিয়ে আসো।’ কয়েক মিনিট পর উইনি এসে ঘরে ঢুকলেন। হাসিমুখে ম্যান্ডেলা অতিথিকে স্বাগত জানালেন, যাঁর সঙ্গে কারাগারের দিনগুলোতে তিনি তাঁর ব্যর্থ ভালোবাসাকে ভাগাভাগি করে নিয়েছিলেন আর দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার জন্য করেছিলেন দীর্ঘ সংগ্রাম।
সংক্ষেপিত
আগুনের স্ফুলিঙ্গ
ভূমিকা, সংকলন ও অনুবাদ: মাসুদুজ্জামান
বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়ে জীবদ্দশাতেই, ফিদেল কাস্ত্রোর ভাষায়, ‘বিশ্বপ্রতীক’ হয়ে উঠেছিলেন নেলসন ম্যান্ডেলা। নোবেলজয়ী কথাসাহিত্যিক ন্যাডিন গর্ডিমার ছিলেন তাঁর ব্যক্তিগত বন্ধু। তিনি জানিয়েছেন, ম্যান্ডেলার জীবনসংগ্রামে উদ্বুদ্ধ হয়ে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সদস্য হয়েছিলেন। ‘নেলসন ম্যান্ডেলা, আমার কাছে পৃথিবীর একমাত্র প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক।’ বলেছেন আরেক নোবেলজয়ী ঔপন্যাসিক টনি মরিসন।
কবিরা ম্যান্ডেলাকে নিয়ে অজস্র কবিতা লিখেছেন। ওলে সোয়িঙ্কা একটি বইয়ের নামই রেখেছেন ম্যান্ডেলা’জ আর্থ অ্যান্ড আদার পোয়েমস। ম্যান্ডেলাকে নিয়ে ‘হালালা মাদিবা: নেলসন ম্যান্ডেলা ইন পোয়েট্রি’ শিরোনামে কবিতার সবচেয়ে বড় সংকলনটি বের হয় ২০০৬ সালে। তাতে স্থান পায় শিমাস হিনি, ওলে সোয়িঙ্কা, অ্যান্ড্রু মোশনসহ ২৫টি দেশের কবির কবিতা। মুখবন্ধ লেখেন ন্যাডিন গর্ডিমার।
কারাবন্দী ম্যান্ডেলাকে নিয়ে ১৯৮৭ সালে বেরোয় ফর নেলসন ম্যান্ডেলা নামে ফরাসি দার্শনিক জাক দেরিদা ও মুস্তাফা তিলি সম্পাদিত প্রভাবশালী সংকলন। এটি ছিল বিশ্বখ্যাত কবি-লেখকদের রচনার এক অনুপম কোলাজ। এতে ব্যবহূত হয়েছে স্যামুয়েল বেকেট, জন অ্যাশবেরি, অ্যালেন গিন্সবার্গ, জাক দেরিদা, সুসান সনটাগ, উইলিয়াম বারোজ, ন্যাডিন গর্ডিমারের রচনা।
ম্যান্ডেলা কবিতা পছন্দ করলেও কখনো লেখেননি। একবার এক বন্ধুর অনুরোধে আত্মজীবনীর কিছু পঙিক্ত সাজিয়ে কবিতা করার অনুমতি দিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর শিরোনামহীন এই কবিতাটি অনলাইনে প্রকাশিত হয়েছে (therumpus.net/2013/12/david-biespiels-poetry-wire-the-poetry-of-nelson-mandela/)। এখানে সেটি ছাপা হলো। ম্যান্ডেলা স্মরণে দ্য নিউইয়র্কার-এ প্রকাশিত ন্যাডিন গর্ডিমারের লেখার অংশবিশেষও এখানে থাকল। ছাপা হলো মার্কিন তরুণ কবি লি বব ব্ল্যাকের কবিতার অংশ, যা আসলে ম্যান্ডেলার আত্মজীবনীর কাব্যরূপ। এ কবিতাও অনলাইন সূত্রে প্রাপ্ত (www.leebobblack.com/poems/nelson-mandela-i-am-prepared-to-die)।
নেলসন ম্যান্ডেলা ছিলেন এক পবিত্র আগুন। সেই আগুনের কিছু স্ফুলিঙ্গ ধরা থাকল এই আয়োজনে।