ম্যান্ডেলার কারাজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদবিরোধী মহান নেতা নেলসন ম্যান্ডেলার জীবনের আড়াই দশকের বেশি সময় কেড়ে নিয়েছে রবেন আইল্যান্ডের কঠোর কারাবাস।ম্যান্ডেলার কারাগারের ছকবাঁধা জীবন ছিল বেদনাদায়ক, কঠোর এবংস ভয়ংকর। ম্যান্ডেলা ও তাঁর বন্ধুদের কারাগারের একটি অংশে আলাদাভাবে রাখা হয়েছিল। প্রত্যেক বন্দীর জন্য ছিল একটি করে ছোট কক্ষ। এসব কক্ষ ছিল রড-সিমেন্ট দিয়ে ঢালাই করা বাংকারের মতো। দিনের বেলায় এই সংকীর্ণ কক্ষে গ্যাঁট হয়ে থাকত আঁধার। সন্ধ্যায় জ্বলে উঠত ৪০ ওয়াটের বৈদ্যুতিক বাতি। টিমটিমে আলো হলেও এতে কিছুটা স্বস্তি পেতেন বন্দীরা। তবে এই আলোর অত্যাচারও কম ছিল না। কারারক্ষীরা রাতভর জ্বেলে রাখতেন বাতি। এই আলোর মধ্যেই ঘুমানোর চেষ্টা চলত বন্দীদের। ঘুম হোক বা না হোক, খুব ভোরে জেগে উঠতে হতো তাঁদের। পাকা মেঝেতে মুগুর মেরে বিকট শব্দ করে বন্দীদের জাগাতেন রক্ষীরা। তারপর সবাইকে একে একে নিয়ে যেতেন বাইরে। খানিকক্ষণ শরীরচর্চা করিয়ে নাশতা দেওয়া হতো বন্দীদের। সে নাশতায় পেট ভরত না কারও। এবার কায়িক শ্রমের পালা।কারা চত্বরে বসে বছরের পর বছর রোদে পুড়ে পাথর ভাঙতে হয়েছে ম্যান্ডেলাকে। একঘেয়েভাবে হাতুড়ি চালিয়ে গ্রানাইটের চাঁই ভেঙে গুঁড়ো করতে হয়েছে। দৃশ্যত কাজটি ছিল অর্থহীন। এর মধ্যে তৎকালীন আফ্রিকান সরকারের নিগূঢ় যে লক্ষ্য ছিল, তা হচ্ছে খাটিয়ে মেরে রাজবন্দীদের মনোবল ভেঙে দেওয়া।জুন ও জুলাই রবেন আইল্যান্ডে সবচেয়ে দুর্ভোগের মাস। সে দুর্ভোগের স্মৃতিচারণা করতে গিয়ে ম্যান্ডেলা বলেছেন, ‘তাপমাত্রা কখনো ৪০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠেছে বলে মনে হয় না। পাতলা একটি খাকি শার্ট থাকত আমার গায়ে। এতে কনকনে হিম বাতাসে গায়ে কাঁপুনি ধরে যেত। হাড়কাঁপুনি কাকে বলে, সেখানে প্রথম টের পাই। হাড়ভাঙা খাটুনির মধ্যে দুপুরে খাওয়ার জন্য সামান্য বিরতি দেওয়া হতো।’এ পরিস্থিতিতে কোনো নিঃসঙ্গ মানুষের গভীর হতাশায় ডুবে যাওয়া স্বাভাবিক। এমনকি এ হতাশা থেকে মৃত্যু ঘটাও বিচিত্র নয়। কিন্তু সহযোগী রাজবন্দীদের সান্নিধ্য ম্যান্ডেলার নিঃসঙ্গতা দূর করেছে। রক্ষীরা প্রায়ই তাঁদের কথা বলায় বাদ সাধতেন। তখন আকার-ইঙ্গিতে ভাব বিনিময় করতেন তাঁরা। পরবর্তী সময়ে ম্যান্ডেলা বলেছেন, কারাবাসের ওই সময়টা তাঁর জীবনের জন্য বিরাট এক শিক্ষা। কয়েক বছর একটানা পাথর ভাঙার পর আরও কঠিন সময় আসে। তা হচ্ছে একটি খাঁড়ি থেকে চুনাপাথর তোলা।ম্যান্ডেলা ও তাঁর বন্ধুদের একটি বাসে করে প্রতিদিন চুনাপাথর তুলতে নিয়ে যাওয়া হতো। দিনের বেশির ভাগ সময় সেখানে কাটাতে হতো। সে কঠোর পরিশ্রমের কথা কল্পনাও করা যায় না। মাথার ওপর হরদম থাকত প্রখর রোদ। চুনাপাথরে প্রতিফলিত হয়ে সে রোদ আরও সতেজ হয়ে উঠত। এই চোখ ধাঁধানো আলোয় তাকিয়ে থাকা ছিল অসম্ভব। এর মধ্যেই চুনাপাথর ভাঙতে বাধ্য করা হতো বন্দীদের। এতে অনেকের চোখ ক্ষতিগ্রস্ত হয়। এই যন্ত্রণা থেকে বাঁচতে বারবার রোদচশমার জন্য অনুরোধ করেও লাভ হয়নি। কয়েক বছর পর যখন কর্তৃপক্ষ এ অনুরোধ রক্ষা করল, তত দিনে ম্যান্ডেলার চোখের যা ক্ষতি হবার তা হয়ে গেছে। কিছু রক্ষী ছিলেন ভয়ংকর রকমের জুলুমবাজ। চুনাপাথর ভাঙার সময় বন্দীদের মোটেও কথা বলতে দিতেন না তাঁরা। এ নিপীড়নের মধ্যেও কিঞ্চিৎ দম ফেলার ফুরসত মিলত গুটি কয়েক সদয় কারারক্ষীর কল্যাণে। কাজের ফাঁকে বন্দীদের কথা বলায় বাধা দিতেন না তাঁরা। আরও পরে রক্ষীরা যখন বুঝতে পেরেছেন বন্দীরা পালাবেন না, তখন কাছেপিঠে না থেকে দূরে গিয়েও পাহারা দিয়েছেন তাঁরা। রবেন আইল্যান্ডের বন্দীজীবনে ম্যান্ডেলার অনেক কষ্টকর অভিজ্ঞতার মধ্যে একটি বড় বিষয় ছিল স্বজনদের কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্নতা। তিনি কারারুদ্ধ হওয়ার পর স্ত্রী উইনি তাঁর সঙ্গে একটিবার দেখা করতে অনেক কাঠখড় পুড়িয়েছেন। অনেক পরে ছয় মাসে একবার করে স্বামীর সঙ্গে দেখা করার অনুমতি পান তিনি। ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাতের জন্য উইনিকে হাজার মাইল পাড়ি দিতে হয়েছিল। আর সময় পেয়েছিলেন মাত্র আধা ঘণ্টা। কারাবাসে উইনির প্রথম সাক্ষাতের স্মৃতিচারণা করতে গিয়ে ম্যান্ডেলা বলেন, ছোট একটি জানালাহীন ঘরে উইনির মুখোমুখি বসানো হয় তাঁকে। তাঁদের মাঝখানে ছিল পুরো কাচের দেয়াল। উইনিকে যে একটু ছুঁয়ে দেখবেন, সে উপায়ও ছিল না। কাচের গায়ে খুব ছোট কয়েকটি ছিদ্র ছিল, যাতে তাঁরা আলাপটা করতে পারেন। তবে তাঁদের চেঁচিয়ে কথা বলতে হয়েছিল।অনেক দিন পর উইনিকে দেখে কান্নায় ভেঙে পড়েন ম্যান্ডেলা। উইনিও বাদ যাননি। উইনি খুব রোগা হয়ে গিয়েছিলেন বলে তাঁকে ভালোভাবে খাওয়াদাওয়া করতে বলেন ম্যান্ডেলা। উইনি তাঁকে দুটি খবর দেন। এর মধ্যে একটি হচ্ছে, ম্যান্ডেলার মায়ের শরীর ভালো যাচ্ছে না। আর হূদয়ভাঙা দ্বিতীয় খবরটি হচ্ছে, তাঁর ছেলে থেমবি আর নেই। এর পরই কারারক্ষী বজ্রপাতের মতো ঘোষণা দেন, সময় শেষ। ওই সময় বুকভরা বেদনা নিয়ে ম্যান্ডেলা কোন অতল সাগরে ডুবছিলেন, তা বলার অপেক্ষা রাখে না।স্যামুয়েল উলার্ড ক্রম্পটনের মর্ডান পিসমেকারস নেলসন ম্যান্ডেলা বই থেকেভাষান্তর: শরিফুল ইসলাম ভূঁইয়া