ম্যান্ডেলার মন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যান্ডেলার পথচলার মূল মন্ত্র কী? রিচার্ড স্টেঙ্গেলের বই ম্যান্ডেলা’স ওয়ে থেকে এ সময়ের এই অবিসংবাদিত নেতার ১০টি দুর্লভ গুণ তুলে ধরা হলো অন্যঅলোর পাঠকদের জন্য, যা তাঁর সংগ্রামী জীবনে কাজ করেছে মূল মন্ত্র হিসেবে।আমরা সাগ্রহে নায়কদের জন্য অপেক্ষায় থাকি, কিন্তু খুব কমই তাঁদের দেখা মেলে। নেলসন ম্যান্ডেলা সে রকম নায়কদেরই একজন এবং সম্ভবত এই গ্রহে তিনিই খাদহীন, নিষ্কলঙ্ক সর্বশেষ নায়ক। তিনিই একমাত্র হাস্যোজ্জ্বল আত্মত্যাগ আর ঋজুতার প্রতীক, লাখো মানুষের হূদয়েই যাঁর অবস্থান জীবন্ত এক ঋষির মতো। কিন্তু সহজ অর্থে এই প্রতিকৃতি একক মাত্রার, কারণ তিনি প্রথমেই প্রতিবাদ জানিয়ে বলবেন যে তিনি কোনো ঋষি নন, একজন ঋষির সঙ্গে যোজন যোজন তফাত তাঁর। আর তাঁর এই বিনয় মোটেই মেকি নয়।মানুষ হিসেবে নেলসন ম্যান্ডেলার মধ্যে স্ববিরোধিতা অনেক। গন্ডারের মতো মোটা চামড়ার অধিকারী হলেও তিনি আহত হন সহজেই। অন্যদের দুঃখ-কষ্টের ব্যাপারে তিনি যথেষ্ট সংবেদনশীল, কিন্তু তিনি প্রায়শই উদাসীন তাঁর কাছের লোকদের ব্যাপারে। জেনেশুনে তিনি পোকামাকড় মাড়িয়ে যাবেন না, কিন্তু তিনিই ছিলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র শাখার প্রথম সেনাপতি। তিনি গণমানুষের প্রতিনিধি, কিন্তু তাঁকে ঘিরে উৎসব করেন খ্যাতিমানেরা। তিনি ব্যগ্র থাকেন অন্যকে সন্তুষ্ট করতে, কিন্তু ভীত নন না বলতে। তিনি কৃতিত্ব নিতে পছন্দ করেন না, কিন্তু অন্যকে কৃতিত্ব দিতে পিছপা হন না। আচরণে তিনি অতিশয় বিনয়ী, যার শিক্ষা তিনি পেয়েছেন ব্রিটিশ ঔপনিবেশিক স্কুল থেকে, যে স্কুলের প্রধান শিক্ষক নিয়মিত পড়াতেন চার্লস ডিকেন্স এবং ডিকেন্স তখনো জীবিত এবং পুরোদমে লিখে চলেছেন। ১. ভয়শূন্যতা সাহসী হওয়ার মূল কারণ নয় বেশির ভাগ মানুষ বলবে, সাহসিকতা বা মনোবল ম্যান্ডেলা একেবারে নিজের করে নিয়েছেন। কিন্তু ম্যান্ডেলা নিজে সাহসিকতার সংজ্ঞা দিয়েছেন বেশ কৌতূহলোদ্দীপক উপায়ে। তাঁর মতে, সাহস সহজাত এমন কোনো ব্যাপার নয়, অথবা এটা এমন কোনো মহৌষধও নয় যে খেয়ে ফেললাম, আর গতানুগতিক কোনো উপায়ও নয় যে অনুশীলন করে রপ্ত করে নিলাম। তাঁর মতে, আমরা যা হতে চাই, তা-ই হই। জন্মগতভাবে কেউ সাহসী হয়ে জন্মায় না, পুরো বিষয়টিই নির্ভর করে বিভিন্ন পরিস্থিতিতে কে কীভাবে সাড়া দেবে। ম্যান্ডেলা সারা জীবন পরীক্ষা দিয়ে গেছেন। জেলখানায় তিনি যখন বন্দী, এটা ১৯৮০ সালের প্রথম দিকের ঘটনা, ম্যান্ডেলাকে রোবেন আইল্যান্ডে রাখা হয়েছে; এক বন্দী শেক্সপিয়ারের রচনাসংগ্রহ নিয়ে হাজির হলো সেল ব্লক সির রাজনৈতিক বন্দীদের কাছে, শেক্সপিয়ারের রচনা থেকে তাঁদের প্রিয় অংশটি দাগ দিয়ে দেওয়ার জন্য। ম্যান্ডেলা একমুহূর্ত ইতস্তত না করে জুলিয়াস সিজারের দৃশ্য ২-এ গোলাকার বৃত্ত আঁকলেন। ম্যান্ডেলার চিহ্নিত অংশটি ছিল, বিখ্যাত সেই উক্তি: ‘একজন কাপুরুষ মরে বারবার,বীরের মৃত্যু হয় একবারই।’নিজেকে সাহসী প্রমাণে একজন কাপুরুষ এই উক্তিতে দাগ দিতে পারে, কিন্তু ম্যান্ডেলার কাছে এটা কোনো বাহাদুরি নয়, এটা তার জন্য এক সরল বাস্তবতা। ২. বিপদে শান্ত থাকাম্যান্ডেলার সঙ্গে পেছনের আসনে বসে যাচ্ছি একবার, তাঁর বর্মসংযোজিত বিএমডব্লিউতে, তাঁর ড্রাইভার পথ হারিয়ে ফেলেছেন। মরিয়া হয়ে ড্রাইভার গাড়ির স্পিড বাড়াচ্ছেন, কমাচ্ছেন, বাড়াচ্ছেন। ম্যান্ডেলা শান্তমুখে সামনে ঝুঁকে ড্রাইভারকে বললেন, ‘শান্ত থাকো, বাছা।’শান্ত থাকো। বিপৎসংকুল উত্তাল পরিস্থিতিতে ম্যান্ডেলা শান্ত থাকেন এবং অন্যদের কাছেও শান্ত আচরণ প্রত্যাশা করেন।ম্যান্ডেলাকে মাত্র দুবার রাগতে দেখেছেন তাঁর তিন যুগেরও বেশি কারাবাসের সময়কার সঙ্গী আহমেদ খাদরা। সেই দুবারই কারারক্ষীরা উইনি ম্যান্ডেলার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন।৩. সামনে থেকে নেতৃত্বগোটা জীবনই ঝুঁকি নিয়েছেন ম্যান্ডেলা, নেতা হিসেবে। তাঁর মতে, একজন নেতার শুধু নেতৃত্ব দেওয়াই কাজ নয়, তিনি নেতৃত্বে আছেন, সেটাও দৃশ্যমান হতে হবে। রোবেন আইল্যান্ডে বন্দী থাকাকালে ম্যান্ডেলা সব সময় সামনে থেকে কারা কর্তৃপক্ষের সমস্ত বিদ্রূপ, অত্যাচার মোকাবিলা করেছেন।৪. পেছন থেকেও নেতৃত্ব‘তুমি যখন গরুর পালকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, তোমাকে পেছন থেকে ওদের তাড়াতে হয়। এ সময় খেয়াল করবে, পালের চালাক, উদ্যমী কয়টি গরু নিজে থেকেই সামনে এগিয়ে যাচ্ছে—ঠিক তুমি যেদিকে চাইছ, সে পথেই এগোচ্ছে, এবং অন্যরাও তাদের অনুসরণ করতে শুরু করেছে। অর্থাৎ এদরে তুমি পথ দেখাচ্ছ পেছন থেকে।’৫. মানুষ যাচাইআমরা অন্য মানুষকে বোঝার জন্য তাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে টানাটানি করি। কিন্তু ম্যান্ডেলা মনে করেন, অন্যকে বোঝার জন্য নিজেকে কীভাবে উপস্থাপন করছি, সেটা জানাও জরুরি। ম্যান্ডেলা সচেতন তাঁর পরিধেয় নিয়ে—শার্টের রং নিয়ে, তিনি কীভাবে ঋজু হয়ে তাঁর সমর্থকদের সামনে দাঁড়ান, সেটাও তাঁর কাছে গুরুত্বপূর্ণ।৬. আদর্শনেলসন ম্যান্ডেলা একজন নীতিনিষ্ঠ মানুষ। তিনি বিশ্বাস করেন: সবার জন্য সমান অধিকার, সেটা বর্ণ কি নারী-পুরুষ—সব ক্ষেত্রেই।৭. অন্যের মাঝেও ভালো গুণ দেখাম্যান্ডেলা অন্যদের ভালো দিকটা প্রথমে দেখতে চান, কারণ এটা তাঁর স্বভাবজাত। একই সঙ্গে এর সঙ্গে তাঁর নিজের স্বার্থও জড়িত। একসময় এটাকে মনে করা হতো অবিবেচনাপ্রসূত, কিন্তু তার পরও তিনি স্বপ্রণোদিত হয়েই এই ঝুঁকিটা নিয়েছেন।‘অনেক মানুষ মনে করে, আমি মানুষের মধ্যে খুব বেশি ভালো দেখতে পাই।’ ম্যান্ডেলা একসময় বলেছিলেন আমাকে। ‘আমাকে এই সমালোচনা মেনে নিয়েই চলতে হয়েছে। আমি চেষ্টা করেছি মানিয়ে নিতে, কারণ এতে আমি ক্ষতির চেয়ে লাভই দেখেছি বেশি।’৮. তোমার শত্রুকে চিনতে শেখোম্যান্ডেলা যখন সশস্ত্র আন্দোলনে, তখনই শত্রু-মিত্র সম্বন্ধে ওয়াকিবহাল হতে শুরু করেন। নানা সংগ্রামের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় নিশ্চিত হওয়ার পরও শত্রুর ব্যাপারে ম্যান্ডেলার মনোভাব ছিল: যখন তুমি শত্রুর ওপর বিজয় লাভ করবে, কখনোই আত্মতৃপ্তিতে ভুগো না। তুমি বিজয়োল্লাস করবে তখনই, যখন শত্রুকে তুমি ক্ষমা করতে পারবে। কোনো অবস্থাতেই শত্রুকে অপমানিত কোরো না। তাদের মুখ রক্ষার সুযোগ দাও।’৯. কখন ‘না’ বলতে হবে, তা জানতে হবেমানুষকে কখনোই হতাশ করতে চান না ম্যান্ডেলা, কিন্তু মানুষকে ‘না’ বলায় ম্যান্ডেলা খুবই কুশলী। ‘আমাকে ভাবতে দাও,’ কিন্তু যখন তিনি জানেন যে এর উত্তর ‘না’, তখন তিনি ‘না’ বলতে দ্বিধা করেন না। এবং এটা মোটেও সহজ কাজ নয়। আমরা ভুলে যাই না একটি সম্পূর্ণ বাক্য।১০. ভালোবাসতে পারা ভালোবাসার প্রশ্নে ম্যান্ডেলা রোমান্টিক। তাঁর জীবনের বেশির ভাগ সময় ভালোবাসা ছিল অনেক দূরে, তাঁর ভালোবাসার বসবাস ছিল কল্পনায়। আর বাস্তবে যা সামান্য ভালোবাসা পেয়েছেন, তা হয়েছে বেদনার কিংবা নিছক সান্ত্বনার। এর পরও তাঁর ‘জীবনে ভালোবাসা মিলবে না’—এ আশা তিনি কখনোই ছাড়েননি।অনুবাদ: আলীম আজিজরিচার্ড স্টেঙ্গেল: ব্যবস্থাপনা সম্পাদক টাইম ম্যাগাজিন। ম্যান্ডেলার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম লেখার কাজে তিন বছর সহযোগী হিসেবে ছিলেন নেলসন ম্যান্ডেলার সঙ্গে।