সবার আগে রূপকথার কল্পলোকের অমর সৃষ্টি হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনের দ্য লিটল মারমেইড-এর ছোট্ট মৎস্যকন্যার গল্পটি মনে করা যাক। সাগরসম্রাট বাবা, দিদিমা ও পাঁচ বোনের সঙ্গে সমুদ্রের তলদেশে ছোট্ট মৎস্যকন্যার বসবাস। সেখানকার নিয়ম হলো, ১৫ বছর বয়স হলেই কেবল মেয়েরা সাগরে ভেসে উঠতে পারে, পৃষ্ঠদেশে সাঁতার কাটতে পারে, পৃথিবীর আলো-বাতাস ও সৌন্দর্য দেখতে পারে। মৎস্যকন্যার তখনো ১৫ হয়নি। বড় আপুরা যখন সাগরে সাঁতার কেটে ফিরে আসে, পৃথিবী ও মানুষের গল্প বলে, মৎস্যকন্যা মনপ্রাণ দিয়ে শোনে আর অস্থির হয়ে প্রতীক্ষা করে, কখন তার পালা আসবে। মৎস্যকন্যা ১৫ ছুঁতেই লেজ দুলিয়ে নিপুণ সাঁতারুর মতো সমুদ্রপৃষ্ঠ চষে বেড়াচ্ছে—দূরের জাহাজে সুদর্শন রাজপুত্রকে দেখে তার প্রেমে আকুল হয়ে পড়ল। এমন সময় এক ভয়াবহ ঝড় যখন জাহাজটিকে আছড়ে ফেলে ডুবিয়ে দিল, মৎস্যকন্যা মৃত্যুর মুখ থেকে ডুবন্ত অজ্ঞান রাজপুত্রকে উদ্ধার করে দূরের একটি মন্দির-সংলগ্ন সৈকতে সযত্নে রেখে এল। মন্দিরের এক সুন্দরী তরুণী তার সেবার দায়িত্ব নিল। কিন্তু প্রকৃত উদ্ধারকারী মৎস্যকন্যাকে তার দেখা হলো না। এরপর নানান বেদনার কাহিনি। ১৮৩৬ সালে লেখা এই মৎস্যকন্যাকে ধরা যায়, ছোঁয়া যায়, তার বেদনা অনুভব করা যায়। এমন করেই ঠিক শতবর্ষ আগে ১৯১৩ সালে যে বছর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেলেন, ভাস্কর এডওয়ার্ড এরিকসেনের হাতে উন্মোচিত হলো ধাতব মৎস্যকন্যা লিটল মারমেইড স্ট্যাচু। কালসবার্গ কোম্পানির ধনকুবের মালিকের পুত্র কার্ল জ্যাপবসেন ১৯০৯ সালে কোপেনহেগেন রয়্যাল থিয়েটারে মৎস্যকন্যার রূপকথাভিত্তিক ব্যালে নাচ দেখে মুগ্ধ হয়ে প্রধান ব্যালেরিগ এলেন প্রাইসকে তাঁর পরিকল্পিত একটি মৎস্যকন্যা মূর্তির মডেল হতে অনুরোধ করেন। এডওয়ার্ড এরিকসেনকে এ দায়িত্ব দেন। এরিকসেন ব্রোঞ্জ দিয়ে এটি তৈরি করেন, এর মুখমণ্ডল এলেন প্রাইসের অনুকৃতি, কিন্তু তিনি নির্বসন হতে রাজি না হওয়ায় ভাস্কর তাঁর নিজের স্ত্রী এলাইন এরিকসেনকে মডেল হিসেবে ব্যবহার করেন। একটি মূর্তিতে দুজন নারী: ব্যালেরিনা এলেন ও ভাস্করপত্নী এলাইন। মূর্তিটির উচ্চতা ১.২৫ মিটার (৪ ফুট ১ ইঞ্চি) এবং ওজন ১৬৫ কিলোগ্রাম। কোপেনহেগেনে বন্দরে একটি পাথরের ওপর বসানো এই ধাতব মৎস্যকন্যা উন্মোচিত হয় শতবর্ষ আগে, ১৯১৩ সালের ২৩ আগস্ট। ভাস্কর এডওয়ার্ড এরিকসেন (জন্ম ১০ মার্চ, ১৮৭৬; মৃত্যু ১২ জানুয়ারি, ১৯৫৯) ডেনিস-আইসল্যান্ডিজ ভাস্কর। তিনি কাঠখোদাইয়েও পারদর্শী ছিলেন। মৎস্যকন্যা ভালোবাসার ও বেদনার মূর্তি হয়ে বিরাজ করছে কোপেনহেগেন আইকন হিসেবে। ব্রোঞ্জের এই মৎস্যকন্যা মানুষের ভালোবাসা যেমন পেয়েছে, তেমনি মানুষের নির্মম আক্রমণেরও শিকার হয়েছে। ১৯৬০-এর দশকে বহুবার আক্রান্ত হয়েছে, এর চেহারা বিকৃত করা হয়েছে। প্রতিবারই একালের শিল্পীদের চেষ্টায় মূর্তিটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। ১৯৬৪ সালের ২৪ এপ্রিল মৎস্যকন্যার মাথাটাই কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এটা আর উদ্ধার করা সম্ভব হয়নি; ১৯৮৪ সালের ২২ জুলাই ভেঙে নিয়ে গিয়েছিল ডান বাহু; ১৯৯০ সালে আবারও মাথা কাটার একটি চেষ্টা ব্যর্থ হয়; কিন্তু ঘাড়ে রয়ে যায় সাত ইঞ্চি গভীর একটি ক্ষত। ১৯৯৮ সালের ৬ জানুয়ারি আবার মাথা কেটে নিয়ে যায়। ২০০৩ সালের ১০ সেপ্টেম্বর একটি বিস্ফোরণ ঘটানো হলে মৎস্যকন্যা মুখ থুবড়ে পড়ে, এর কনুই ও হাঁটুতে ক্ষত সৃষ্টি হয়। ২০০৪ সালে তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রতিবাদে মৎস্যকন্যাকে বোরকায় ঢেকে ফেলা হয়। ১৯৬৩, ২০০৬ ও ২০০৭ সালে মূর্তিটির গায়ে রং ঢেলে দেওয়া হয়। চেষ্টা করা হয় একে অশ্লীল অবয়ব দেওয়ার। সূত্র: দ্য ডেনিশ পাইওনিয়ার ডটকম