যতির যাতনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্জন জলাশয়ের পাশে কান পেতে বসে আছি। ওপার থেকে সাঁতরে আসছে সবুজ-রঙা শিশু জলঢোঁড়া সাপ। যেন ঘৃণাসিন্ধু পার হয়ে মুখে করে আনছে দিগন্তে ছুড়ে দেয়া কতিপয় প্রশ্নের উত্তর।ওর কাছেই শুনি, কিছুই হচ্ছে না আমার...কিস্যু না...কবিতা হবে না, আমাকে দিয়ে হবে নাকাশফুলের চাষাবাদ। ভাঙা গলায় সুরবালার গাওয়া শাস্ত্রীয় সংগীতের মতো পৃথিবীতে গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা নামে। পালকে শ্যাওলার ঘ্রাণ মেখে হোগলা বনের ভেতর দিয়ে খলবল করে খোঁয়াড়ে ফেরা পাতিহাঁসের মতো ফিরে আসি আসি মানুষের কাছে। চেনাগুলোকে খুব অচেনা লাগে, অচেনাকে মনে হয় সুদূরের বিলীয়মান ক্রন্দন। দেখি মানুষের নিজস্ব ঘ্রাণ মিশে যাচ্ছে মুঠো মুঠো অন্ধকার জমে ঘন হওয়া রাত্রির আঁশে।বাড়িতে বালিশে মুখ গুঁজে বউ কাঁদে। পড়া ফেলে ঘরকন্না খেলে কন্যা। উনুনে হাঁড়িতে ফোটা চালের শব্দ আর উথলে ওঠা বুদ্বুদকে ভয় লাগে। বিভ্রম জাগে, মনে হয় দূরে মর্মরের বুক চিরে এইমাত্র জন্ম হলো কোনো ঝরনার। নুড়ির ওপর দিয়ে সশব্দে ছুটে চলেছে তার স্বচ্ছ জল...