যদি কাঁদতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিথর পড়ে আছে বক্সার বাবার দেহ। পাশে দাঁড়িয়ে তাঁর নয় বছর বয়সী ছেলে। সোনালি চুল, নীল চোখে মায়াবী চাহনি। সেই চোখ জোড়ায় বান ডেকেছে অশ্রুর। বাবার মৃত্যু সে মেনে নিতে পারছে না কোনোমতেই। ‘ওয়েক আপ, চ্যাম্প’ বলে বারবার কাঁদছে আর বাবার মৃতদেহ ধরে ঝাঁকুনি দিচ্ছে। ছোট্ট দুই হাতে কতটুকুই বা শক্তি ধরে। তার পরও ঝাঁকাচ্ছে। আর বলছে, ‘ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, চ্যাম্প।’ তার ধারণা, বাবা মরেনি, ঘুমিয়ে পড়েছে। বাবা মরতে পারে না। ঝাঁকুনি দিয়েও কাজ হচ্ছে না দেখে একে একে ছুটে যাচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা বাবার বন্ধু-পরিচিতদের কাছে। অনুরোধ করছে বাবার ঘুম ভাঙাতে। কোনোমতেই তাকে বোঝানো যাচ্ছে না, যাচ্ছে না শান্ত করা।১৯৩১ সালে অস্কারজয়ী ছবি দ্য চ্যাম্প নতুন করে ১৯৭৯ সালে বানিয়েছিলেন পরিচালক ফ্রাংকো জেফিরেল্লি। না, এবার আর ব্যবসায়িক সাফল্য খুব একটা আসেনি, পায়নি সমালোচকদের সুদৃষ্টিও। কিন্তু সাধারণ মাপের সেই ছবিই হয়ে উঠল অসাধারণ তার শেষ দৃশ্যের কারণে। টি জে ফ্লিনের চরিত্রে নয় বছর বয়সী রিকি স্করডার করল দুর্দান্ত অভিনয়। তার ‘ওয়েক আপ, চ্যাম্প’ সংলাপ বারবার সুচের মতো গিয়ে বিঁধল দর্শকের হূদয়ে। ছবির সেই দৃশ্যটা হয়ে উঠল মনোবিজ্ঞানীদের গবেষণার দুর্দান্ত এক অস্ত্র। মানুষের মন খারাপ করিয়ে দিতে এই ছবির শেষ দৃশ্যের জুড়ি মেলা ভার। তাই বিশ্বের সবচেয়ে মন খারাপ করে দেওয়া ছবি বা ‘দ্য স্যাডেস্ট মুভি এভার’ তকমা জুটে গেল দ্য চ্যাম্প-এর নামের পাশে।সাধারণ সেই ছবির এমন অসাধারণ হয়ে ওঠার গল্পটা জানতে আমাদের চলে যেতে হবে ১৯৮৮ সালে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক রবার্ট লেভেনসন আর তাঁর ছাত্র (পরে তিনিও স্বনামধন্য অধ্যাপক হয়েছেন) জেমস গ্রস এমন কিছু ছবির দৃশ্য খুঁজছিলেন, যেগুলো মানুষের মনে নিমেষেই জমিয়ে দিতে পারে মন খারাপের মেঘ, যে দৃশ্যগুলো মন খারাপের মেঘকে আবার ঝরাতে পারে চোখের জলের বৃষ্টিধারায়। কাজটা যত সহজ মনে হয়েছিল, ততটা সহজ হলো না। নানা লোকমুখে শুনতে শুনতে ২৫০টির বেশি ছবি বা ছবির ক্লিপ জমা হয়ে গেল তাঁদের কাছে। অনেক যাচাই বাছাই শেষে কয়েক মিনিট দৈর্ঘ্যের ৭৮টি ভিডিও ক্লিপ তৈরি করলেন তাঁরা। এরপর ৫০০ জন দর্শককে দেখানো হলো সেই ক্লিপগুলো, রেকর্ড করা হলো তাদের প্রতিক্রিয়া। গবেষণা থেকে পাওয়া তথ্য লেভেনসন আর গ্রস প্রথম প্রকাশ করেন ১৯৯৫ সালে। তারা ১৬টি ভিডিও ক্লিপিংয়ের নাম বললেন, যেগুলো রাগ, ক্ষোভ, হতাশা, বিস্ময়, আনন্দ—এ রকম মানবীয় অনুভূতি তৈরি করতে সক্ষম।কিন্তু সেই সময় তাঁদের এই আবিষ্কার নিয়ে খুব একটা আলোচনা হয়নি। হচ্ছে সমপ্রতি। স্মিথসোনিয়ান ম্যাগাজিনে এ নিয়ে নতুন করে একটি নিবন্ধ প্রকাশিত হওয়ার পর। নতুন করে ভাবনার দুয়ার যেন খুলে দিয়েছেন লেভেনসন আর গ্রস। সাধারণ ধারণা বলছে, মানুষ দুঃখ থেকে পালিয়ে থাকতে চায়। কিন্তু আর্শ্চযের বিষয় হলো, সেই মানুষই আবার জেনে-শুনে নিজের পকেটের টাকা ঢেলে দুঃখের সিনেমা দেখতে যায় কিংবা এমন উপন্যাস কেনে যা কান্নায় ভাসিয়ে দিতে পারে।মানুষের আচরণের এই বৈপরিত্য কেন? কেন মানুষ ইচ্ছে করেই দুঃখকে টেনে আনে? সেই উত্তরও খোঁজার চেষ্টা করেছেন দুই গবেষক। তাঁদের গবেষণা শুধু ‘দুঃখ’র মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, সেই সময় মানুষ কেমন আচরণ করে, সেটাও তাঁরা খুঁজে বের করেছেন। বেশি দুঃখ পেলে আমরা কি বেশি কাঁদি, বেশি খাই, বেশি ধূমপান করি, বেশি টাকা খরচ করি?সবচেয়ে সুবিধা তারা যেটি করে দিয়েছেন, এখন আর মনোবৈজ্ঞানিক গবেষণাগারে পরীক্ষণপাত্রের মনে দুঃখের অনুভূতি তৈরি করতে বেশি বেগ পেতে হয় না। দ্য চ্যাম্প-এর শেষ আড়াই মিনিট দেখালেই কাজ হয়ে যায়। নিজে বহুবার দেখেছেন, গবেষণাগারেও দেখিয়েছেন বহুবার, কিন্তু তার পরও স্মিথসোনিয়ান ম্যাগাজিনকে ড. গ্রস বলছেন, ‘এখনো ছবির ওই শেষ দৃশ্যটা দেখলে আমার চোখে বান ডাকে।’সবাই যে এই দুই গবেষকের সঙ্গে একমত, তা-ও কিন্তু নয়। তবে এ কথা ঠিক, মন খারাপের গুমোট বাতাসে যদি হূদয়টা ভার হয়ে থাকে আপনার, তখন একমাত্র মুক্তির পথ সব দ্বিধা ঝেড়ে ফেলে হু হু কান্নায় ভেঙে পড়া। দেখবেন, অশ্রুর সঙ্গে কেমন বের হয়ে যাচ্ছে সব কষ্ট। আর কান্না যদি না আসে এমনিতে, দ্য চ্যাম্প-এর শেষ দৃশ্যটা চালিয়ে একবার দেখতেই পারেন। সূত্র: ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ অনলাইন