যদি ঝড়ে পড়ে আম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহরের রানীবাজার মুন্সীডাঙ্গা এলাকার গিরিধারী আমের আচার তৈরি করে নগরের বিভিন্ন বিদ্যালয়ের সামনে বিক্রি করেন। কিন্তু আমের মৌসুম শেষ হলেই তাঁর আচার বিক্রি শেষ হয়ে যায়। আবার একসঙ্গে সারা বছরের জন্য আচার তৈরি করে রাখার মতো মসলা কেনার পুঁজিও গিরিধারীর পরিবারের নেই। আগের দিন ঝড় হয়েছে। ঝড়ে পড়া আম অনেকটা সস্তায় পাওয়া যাচ্ছে। এই আম এখন কিনে রেখে দিতে পারলে সারা বছরই আচার তৈরি করা যায়। তাই গিরিধারীর স্ত্রী টুনটুনি (৪০) এসেছেন মোহাম্মদ আলীর কাছে। তিনি জানেন কীভাবে কাঁচা আম দিনের পর দিন অবিকল রেখে দেওয়া যায়। গিরিধারীর স্ত্রীর সঙ্গে এসেছেন মহল্লার আরও বেশ কয়েকজন দুস্থ নারী।১০ কেজি আম এক কেজি লবণ ও ১০০ গ্রাম হলুদ পরিমাণমতো পানিতে ডুবিয়ে রাখলে অবিকল থাকবে এক বছর বা তারও বেশি।পাঁচ বছর ধরে মোহাম্মদ আলী রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় আম সংরক্ষণের এই পদ্ধতি নিজ উদ্যোগে মানুষকে শেখান। পাঁচ বছর ধরে সভা-সমিতি যেখানেই তিনি যান, কোথাও দুই-পাঁচজন মানুষ পান, সেখানেই তিনি তাঁর এই পদ্ধতির কথা বলেন। ইতিমধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা তার কাছ থেকে এই সহজ উপায় রপ্ত করে সংগঠনের দুস্থ নারীদের প্রশিক্ষণ দিয়েছেন। পাশাপাশি তাঁরা আম সংরক্ষণ করছেন। আবার আচার তৈরি করে বিক্রিও করছেন।মোহাম্মদ আলীর ডাকনাম কামাল। বয়স ৬০ বছর। পৈতৃক নিবাস চাঁপাইনবাবগঞ্জে। ১৯৬৯ সাল থেকে রাজশাহী শহরের রানীবাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। মোহাম্মদ আলী ২০০১ সালে ভারতের মালদহ গিয়ে লবণ-হলুদ পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণের এই পদ্ধতি দেখেন। আমের আঁটি শক্ত হওয়ার পর থেকেই এই পদ্ধতিতে আম সংরক্ষণ করা যায়। তিনি দেশে ফিরে এসে নিজেই অনুপাত পরীক্ষা শুরু করেন। বেশ কয়েকবার নষ্ট হয়ে গেলেও হাল ছাড়েননি তিনি। অবশেষে ২০০৫ সাল নাগাদ তিনি নিশ্চিত হন যে ১০ কেজি কাঁচা আম এক কেজি লবণ ও ১০০ গ্রাম হলুদের গুঁড়ায় মাখিয়ে পানিতে ডুবিয়ে রাখলে দুই বছর পর্যন্ত রাখা সম্ভব। মোহাম্মদ আলী বলেন, আম এই অঞ্চলের অন্যতম অর্থকরি ফসল। এই আমের একটি বিরাট অংশ ঝড়ে পড়ে যায়। কিন্তু এখন তারা তা সংরক্ষণ করতে পারছে। ঝড়ের আম আর ফেলেদিতে হচ্ছে না। আবুল কালাম মুহম্মদ আজাদ