যা কিছু প্রথম
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না-কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। কমিউনিস্ট বিপ্লবখ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে রোমানরা গ্রিস ও পশ্চিম এশিয়ার মোটামুটি পুরো অঞ্চলেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এ সময় শ্রেণীবৈষম্য এ অঞ্চলগুলোতে মাথাচাড়া দিয়ে ওঠে। সম্পদের অসম বণ্টনের কারণে ধনী ও দরিদ্রশ্রেণীর মানুষের মধ্যে ব্যাপক বৈষম্য দেখা দেয়। ধনীশ্রেণী প্রভূত ক্ষমতার অধিকারী হয়ে দরিদ্রশ্রেণীর ওপর নির্যাতনসহ বিভিন্ন অপকর্মে যুক্ত হয়ে পড়ে। এ সময় পশ্চিম এশিয়ার রোমান শাসনের অধীনে প্যারগামোন রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন অ্যাটলাস। এই প্যারগামোনই হচ্ছে আজকের দিনের তুরস্ক। রাজা অ্যাটলাসের মৃত্যুর পর তাঁর সৎ-ভাই অ্যারিসটোনিকাস সিংহাসনে আরোহণ করেন। অ্যারিসটোনিকাসের চিন্তাভাবনা ছিল অ্যাটলাসের চেয়ে অনেকটাই ভিন্ন। তিনি সবার সম-অধিকার ও সম্পদের সুষম বণ্টনের কথা চিন্তা করেন। এ সময় তিনি অনেকটাই কমিউনিস্ট চিন্তাধারার মতো তত্ত্বে রাজ্য পরিচালনা করা শুরু করেন। অ্যারিসটোনিকাসের পরিষদে ব্লসিয়াস নামের একজন দার্শনিক ছিলেন, তাঁর উৎসাহ ও পরামর্শেই অ্যারিসটোনিকাস মূলত প্যারগামোনে কমিউনিস্ট রাজ্য প্রতিষ্ঠা করেন। সময়টা ছিল খ্রিষ্টপূর্ব ১৩৩ সাল। অ্যারিসটোনিকাসের নেতৃত্বে এ সময় বিদ্রোহ সংঘটিত হয় রোম সম্রাটদের বিরুদ্ধে। এই বিদ্রোহ মূলত ছিল বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে। বিদ্রোহে প্রচুর ক্রীতদাসও অংশ নেন। বিদ্রোহের মাধ্যমে অ্যারিসটোনিকাস এশিয়া মাইনরের এক বিরাট অংশে রোমানদের পরাজিত করেন। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম কমিউনিস্ট বিপ্লব।ভাষান্তর: নাইর ইকবাল