যা কিছু প্রথম
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না-কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। বোটানিক্যাল গার্ডেনপৃথিবীর প্রথম বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয় খ্রিষ্টপূর্ব ৬৯৫ সালে প্রাচীন আসিরীয় রাজ্যের নিনেভাহতে। এই বোটানিক্যাল গার্ডেনে তৎকালীন আসিরিয়াতে জন্ম নেওয়া সব ধরনের গাছগাছালি প্রদর্শিত হতো। বিশাল আসিরিয়া রাজ্যে জন্মানো সব উদ্ভিদকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ে আসাটা সে সময়ের বিচারে যথেষ্টই কঠিন ছিল। তার পরও এই অসম্ভব কাজটি করে সবাইকে হতবাক করে দিয়েছিলেন নিনেভাহর সেই বোটানিক্যাল গার্ডেনের কর্মীরা। টাইগ্রিস নদীর তীরে অবস্থিত নিনেভাহ শহরের সেই বোটানিক্যাল গার্ডেন থেকে বর্তমান মধ্যপ্রাচ্যের অনেক দেশ যেমন—জর্ডান, সিরিয়া, তুরস্ক, লেবানন, পশ্চিম ইরান, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো প্রভৃতি দেশে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রপ্তানি করা হতো।শতবর্ষ পরে এই বোটানিক্যাল গার্ডেনের ধারণা থেকেই মেসোপটেমিয়ার সম্রাট নেবুসাদনেজার ব্যাবিলনের সেই বিখ্যাত শূন্যোদ্যানের পরিকল্পনা করেছিলেন।বাগান করার বইঅতীতে অনেক সম্রাটেরই বাগান করার নেশা ছিল। তাঁদের প্রাসাদের সঙ্গে অথবা আলাদা কোনো জায়গায় বিশাল এলাকাজুড়ে গড়ে উঠত দারুণ সব বাগান। সেই বাগানগুলো ছিল ফুলের, ফলের কিংবা কেবলই বিভিন্ন প্রজাতির উদ্ভিদের প্রদর্শনী কেন্দ্র। সম্রাটেরা বিভিন্ন সফরে গিয়ে আরেকজনের কাছ থেকে বাগানের ধারণা নিতেন। তবে পৃথিবীতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বাগান করার বিভিন্ন উপায় ও ধারণা-সংবলিত বই প্রকাশিত হয় প্রাচীন চীনে। চীনা লেখক উই ওয়াংয়ের লেখা এই বইটি ছিল বাগানে ফুল ও ফলের গাছ পরিচর্যা করা সংক্রান্ত। ঐতিহাসিকদের মতে, এটিই বাগান পরিচর্যা বিষয়ে বিশ্বে প্রথম প্রকাশিত বই।ভাষান্তর: নাইর ইকবাল