যা কিছু প্রথম
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না-কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। উইম্বলডন টেনিসআর কদিন পরই উইম্বলডন টেনিসের উত্তেজনায় কাঁপবে টেনিস বিশ্ব। ঐতিহ্যগতভাবে এই প্রতিযোগিতাকে টেনিসের সবচেয়ে মর্যাদার আসর করা হয়। যেকোনো টেনিস তারকারই শ্রেষ্ঠত্বের অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয় উইম্বলডন আসরে তাঁর সাফল্য। টেনিসে বেশ কটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেগুলোর শিরোপাকে ‘গ্র্যান্ড স্লাম’ হিসেবে অভিহিত করা হয়। যেমন ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন। উইম্বলডনও এমনই একটি গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা। তবে মর্যাদার দিক দিয়ে এর অবস্থান অন্য তিনটি গ্র্যান্ড স্লামেরও ওপরে। রসিকতা করে অনেকেই একে ‘ব্রিটিশ ওপেন’ হিসেবে অভিহিত করেন। কারণ, উইম্বলডন অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের মাটিতে।টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার আয়োজক অল ইংল্যান্ড ক্রোকুয়েট অ্যান্ড লন টেনিস ক্লাব। ১৮৭৭ সালে এই ক্লাব নিজেদের তহবিল গঠনের উদ্দেশ্যে একটি টেনিস প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয়। লন্ডন শহরের একটু বাইরে অবস্থিত ‘উইম্বলডনে’ প্রতিবছর জুন-জুলাই মাসে এটি আয়োজনের সিদ্ধান্ত হয়। প্রথম উইম্বলডন আসর ছিল দারুণ লাভজনক। এতে একক শিরোপা জেতেন স্পেনসার গোর। ১৮৭৯ সালে উইম্বলডন প্রতিযোগিতায় জুটিভিত্তিক বা ডাবলস টেনিসের প্রচলন হয়।উইম্বলডনে মেয়েদের অন্তর্ভুক্তিটা কিন্তু ছিল দারুণ কণ্টকাকীর্ণ। প্রথমে অল ইংল্যান্ড ক্লাব মেয়েদের প্রতিযোগিতায় কোনো কাপ বা ট্রফি প্রদানে ছিল দারুণ অনিচ্ছুক। অনেক বিতর্ক ও জলঘোলার পর অবশেষে ১৮৮৪ সালে আনুষ্ঠানিকভাবে উইম্বলডনে মেয়েদের প্রতিযোগিতা চালু হয়। প্রথম নারী হিসেবে উইম্বলডনের শিরোপা জেতেন মিস এম ওয়াটসন।ভাষান্তর: নাইর ইকবাল