যা কিছু প্রথম
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক কাল হোক, কেউ না কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। ইনসুলিন১৯২১ সালে ইউনিভার্সিটি অব টরেন্টোর একদল গবেষক ইনসুলিন আবিষ্কার করেন। ফ্রেডরিক ব্যানটিং নামের একজন চিকিৎসক তাঁর গবেষণা দল নিয়ে ইনসুলিনের সফল উদ্ভাবন ঘটান। তাঁরা প্রমাণ করেন, মানুষের অগ্ন্যাশয়ে এমন কিছু উপাদান রয়েছে, যেগুলো রক্তে চিনির মাত্রা অনেকটাই কমিয়ে দেয়। ফ্রেডরিক ব্যানটিং এই গবেষণার ধারণাটা পেয়েছিলেন আরও আগে। ১৮৮৯ সালে ওসকার মিনওয়াস্কি ও ব্যারন জোসেফ নামের দুই গবেষক লক্ষ করেন, সাধারণত কুকুরের প্রস্রাবে মাছি বসে না। তাঁরা তখন কুকুরের অগ্ন্যাশয়ের কিছু উপাদান সেই প্রস্রাবে মেশালে দেখতে পান, তাতে মাছি বসা শুরু করেছে। তাঁরা আরও কিছু গবেষণার পর সিদ্ধান্তে আসেন, কুকুরের অগ্ন্যাশয়ে এমন কিছু রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা অনেকটাই কমিয়ে দেয়। তবে মিনওয়াস্কি ও জোসেফের সেই গবেষণা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে ফ্রেডরিক ব্যানটিংয়ের গবেষণার পর। এটাই ইনসুলিন আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস। ১৯২২ সালে ফ্রেডরিকের গবেষণালব্ধ ইনসুলিন দিয়ে প্রথম কোনো ডায়াবেটিস রোগীর চিকিৎসা করা হয় কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে।সূত্র: দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট ভাষান্তর: নাইর ইকবাল