যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটি সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না কেউ এ রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। স্যাটায়ারপ্রাচীন সাহিত্যের বিভিন্ন রচনায় বিক্ষিপ্তভাবে ব্যঙ্গাত্মক বাক্যের ব্যবহার দেখা যায়, কিন্তু সবচেয়ে পুরোনো ও পূর্ণাঙ্গ স্যাটায়ার হিসেবে ব্যাবিলনের এক রচনা পাওয়া যায়। এ রচনায় একজন প্রভু ও তাঁর ভৃত্যের মধ্যে কথোপকথন চলে। রচনাটি ১৫০০ থেকে ১৬০০ খ্রিষ্টপূর্বাব্দের যেকোনো সময়ে রচিত। এতে একটি অসম সম্পর্কের চিত্র আঁকা হয়েছে। তা ছাড়া এতে ওই সময়কার মানুষ, ঈশ্বরের ক্ষমতা, স্বার্থপরতা, স্বাধীন ইচ্ছা, জীবন ও মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যঙ্গাত্মক ভাষায় উঠে এসেছে।ছোটগল্পপ্রাচীন সমাজ-সংস্কৃতি নিয়ে রচিত প্রথম দিককার গল্পগুলো রচিত হয়েছিল গানে গানে। মেসোপটেমিয়ান সভ্যতায় এ ধরনের বর্ণনাত্মক কবিতা চোখে পড়ে। খ্রিষ্টপূর্ব তৃতীয় মিলেনিয়ামে এগুলো রচিত। এসব কাব্যগীতিই পরবর্তী সময়ে মিসরীয় সাহিত্যিকদের হাতে প্রথম ছোটগল্প হিসেবে রূপ পায়। একজন অজ্ঞাত লোকের হাতে রচিত প্রথম ছোটগল্পটি ছিল দ্য স্টোরি অব সিনুহ, এতে নায়ক তাঁর জীবনের কঠিন সময় বর্ণনা করেন।কল্পকাহিনিমিসরের ১২তম শাসকের শাসনামলে গদ্যসাহিত্যের ব্যাপক চর্চা হয়। এ সময়ই দেশটির সাহিত্যিকেরা আমাদের উপহার দেন প্রথম রূপকথার গল্প। এটির নাম ছিল দ্য কাস্টঅ্যাওয়ে। এটি ছিল একজন লোকের অদ্ভুত অভিজ্ঞতার গল্প। এখানে লোকটি জাহাজডুবি হয়ে এক দ্বীপে ওঠে। এ দ্বীপটি শাসন করত ১৫ মিটার লম্বা, দাড়ি-গোঁফওয়ালা গুরুগম্ভীর কণ্ঠের এক লোক।ভৌতিক গল্প৪০০ বছরের বেশি সময় ধরে ভৌতিক কল্পকাহিনি আমাদের সাহিত্যে ঠাঁই করে নিয়েছে। সাহিত্যের ভুবনে নায়ক হয়ে ওঠা গোয়েন্দা, প্রেমিক কিংবা বীর যোদ্ধাদের পাশাপাশি এসব ভূত-প্রেতও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এদের ঘিরে গড়ে উঠেছে কল্পনামোদি একটি বড় পাঠকগোষ্ঠী। ভৌতিক গল্পের প্রাচীনতম সংকলনটি হলো টেলস অব মারবেলস। এটি রচনা করেন তাসাও পি (১৮৭ খ্রিষ্টপূর্ব-২২৬)। সংকলনটি করা হয় তৃতীয় শতকের শুরুর দিকে। পুরো সংকলনটিকে সময়ের হাত থেকে রক্ষা করা না গেলেও এর কিছু গল্প বিচ্ছিন্নভাবে পাওয়া গেছে। এগুলোই ভৌতিক গল্প-উপন্যাসের প্রাচীনতম রচনা হিসেবে বিবেচিত হয়।উপন্যাসপ্রথম উপন্যাসটির নাম হলো সাইরোপেডিয়া, গ্রিক ঔপন্যাসিক জেনোফন এটি রচনা করেন। ঐতিহাসিক এ উপন্যাসটি পারস্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরোসের জীবন-কাহিনির ওপর ভিত্তি করে রচিত। উপন্যাসটির রচয়িতা জেনোফন ব্যাপকভাবে পারসিয়া রাজ্য ভ্রমণ করেছেন এবং প্রচুর নন-ফিকশন বই লিখেছেন। সাইরোপেডিয়া উপন্যাসটি তিনি রচনা করেন খ্রিষ্টপূর্ব ৩৬০ শতাব্দীতে।সূত্র : দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট ভাষান্তর: ইসরাত জাহান