যা কিছু প্রথম
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটি সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। অন্য যেকোনো কিছুর চেয়ে পৃথিবীতে সুরের প্রথম আবির্ভাবের বিষয়টি অনেক বেশি ধোঁয়াশা। অধিকাংশ বাদ্যযন্ত্রই লোকসংস্কৃতির ওপর ভর করে তৈরি হয়েছিল। তা ছাড়া সংগীতজগতের বিভিন্ন ধারাও সেভাবে সুনির্দিষ্ট না হওয়ায় এসব ধারার প্রথম সুর, গান কিংবা বাদ্যযন্ত্র কী ছিল, তাও আর এখন নির্দিষ্ট করে বলা যায় না। তার পরও কোনো কোনো সংগীতবোদ্ধা কিছু বাদ্যযন্ত্রের উৎপত্তি খোঁজার চেষ্টা করে কিছুটা অগ্রসরও হয়েছেন। তেমনই কিছু বাদ্যযন্ত্রের প্রথম ব্যবহার নিয়ে আলাপ করা হলো:বীণাজাতীয় বাদ্যযন্ত্র লিউট: তার যুক্ত বাদ্যযন্ত্রের মধ্যে প্রাচীনতমটি হচ্ছে লিউট। পাঁচ হাজার বছর আগে পূর্ব ও পশ্চিম এশিয়ায় পৃথকভাবে এটি ব্যবহূত হতে দেখা যায়। এগুলোতে আঙুল সঞ্চালনের মাধ্যমে সুর সৃষ্টি করা হয়। সুর ও শব্দ নিয়ন্ত্রণের জন্য থাকে কিছু ছোট নবের মতো যন্ত্রাংশ। প্রাচীন লিউটের সঙ্গে বর্তমানের এ ধারার বাদ্যযন্ত্রগুলোর অনেক পার্থক্য দেখা যায়। আগে এর নিচের দিককার বৃত্তাকার অংশটি চামড়ায় আবৃত থাকত। খ্রিষ্টপূর্ব তিন সহস্রাব্দ আগে বর্তমানের তুরস্ক ও উত্তর ইরাকে এ ধরনের চামড়াঢাকা যন্ত্র খুঁজে পাওয়া গেছে। বেঞ্জো এমনই একটি বাদ্যযন্ত্র।বেহালা: এটিও লিউট-গোত্রীয় বাদ্যযন্ত্র। বেহালা হিসেবে প্রথম একে পাওয়া যায় উত্তর ইতালিতে পনেরো শ খ্রিষ্ট পূর্বাব্দের কিছু আগে। ১৫০৫-০৮-এর মধ্যে চিত্রকর ফেরারার আঁকা একটি ছবিতে সে সময়কার বেহালার ছবি পাওয়া যায়। এটি দেখতে অনেকটা এখনকার বেহালার মতোই ছিল। দেখতে একই রকম হলেও প্রযুক্তিগত দিক থেকে অনেক ঘাটতি ছিল তখনকার বেহালায়। তার চেয়ে বরং পনেরো শতকের শেষ দিকের ‘লিরা দ্য ব্রাচ্চিও’ নামের বাদ্যযন্ত্রটি আজকের বেহালার সঙ্গে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। এ সময়কার বেহালাগুলোতে পাঁচটি তার থাকত। বাদ্যযন্ত্রটির দ্রুত জনপ্রিয়তায় এর উত্তরোত্তর উন্নতি হতে থাকে। এরই ধারাবাহিকতায় আসে চার তারের বেহালা।বাঁশিজাতীয় বাদ্যযন্ত্র প্যান পাইপ: চীনের সংগীতপ্রেমী শাসক সুন (shun) প্যান পাইপ তৈরি করেন বলে ধারণা করা হয়। তিনি বাইশ শ খ্রিষ্টপূর্ব সময়ে চীনের শাসক ছিলেন। তবে আদি প্যান পাইপের তেমন কোনো সুনির্দিষ্ট রূপ ছিল না। পাখির পালককে বিশেষভাবে সাজিয়ে এ বাদ্যযন্ত্র তৈরি করা হতো। ওই সময়কার প্যান পাইপগুলোতে ১০টি নল থাকত এবং দুই ফুটের মতো লম্বা হতো।মাউথ অর্গান: প্যান পাইপ থেকে পরবর্তী সময়ে চীনা সংগীতশিল্পীরা বিভিন্ন ধরনের কাঠের বাঁশিজাতীয় বাদ্যযন্ত্র তৈরি করেন। এক হাজার খ্রিষ্ট পূর্বাব্দে জো শাসনামলের প্রথম দিকে তারা এই কাঠের বাঁশিজাতীয় বাদ্যযন্ত্রকে মাউথ অর্গানের রূপ দিতে সক্ষম হন। ইউরোপে এ মাউথ অর্গান এসে পৌঁছায় ১৭৭৭ খ্রিষ্টাব্দে। এখানকার সংগীতপ্রেমীদের হাতে পড়ে চীনা মাউথ অর্গান নতুন রূপ পায়। সুরেও আসে ভিন্নতা। মাউথ অর্গান থেকেই ধীরে ধীরে আসে পশ্চিমা বাদ্যযন্ত্র এক্রোডিয়ন।পিয়ানো: ইতালিয়ান বাদ্যযন্ত্র হাপসিকোডের একজন প্রস্তুতকারক বার্তোলেমিও ক্রিস্টোফেরি (১৬৫৫—১৭৩১ খ্রিষ্টপূর্ব) ১৬৯৮-এ প্রথম পিয়ানো তৈরির কাজে হাত দেন। ১৭০০ সাল নাগাদ ফ্লোরেন্সের মেডিসি আদালতে নতুন আবিষ্কৃত বাদ্যযন্ত্র হিসেবে পিয়ানো তালিকাবদ্ধ হয়। তার মানে ওই সময়ের মধ্যে অন্তত একটি পিয়ানো তৈরি হয়ে গিয়েছিল। আধুনিক পিয়ানোর তুলনায় সে সময়কারগুলো অনেক অনুন্নত ছিল। তাঁর তৈরি বাদ্যযন্ত্রটি একেবারে উনিশ শতক পর্যন্ত চলেছিল। তারপর এটি আরও সংস্কার হয়ে বর্তমান রূপ পায়।ভাষান্তর: ইসরাত জাহানসূত্র: দ্য পেঙ্গুইন বুকস অব ফার্স্ট