যা দেখবে এই বছরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শেষ পর্যন্ত চলেই এল আরেকটা নতুন বছর! নতুন বছর মানে একসঙ্গে নতুন অনেক কিছু! নতুন বই, ক্লাস, খাতা, নতুন আরেকটা জন্মদিন...আর এসব নতুনের খাঁটি আনন্দ আরও বাড়িয়ে দিতে এ বছর হাজির হচ্ছে মজার মজার দারুণ সব অ্যানিমেশন চলচ্চিত্র! আমি জানি অ্যানিমেশন ছবি তোমাদের সবারই খুব পছন্দ। চুপিচুপি বলি, অ্যানিমেশন ছবি দেখতে আমারও খুব ভালো লাগে! তাই তোমাদের জন্য আজ থাকছে নতুন বছরের বেশ কিছু অ্যানিমেশন ছবির কথা!
বছরের প্রথম মাস জানুয়ারিতে মুক্তি পাবে স্টুডিও ঘিবলির নতুন অ্যানিমেশন ছবি দ্য রেড টার্টল। রবিনসন ক্রুসোর গল্প জানো? সেই যে একা রবিনসন ক্রুসো আটকা পড়ে গিয়েছিল একটা দ্বীপে? এই চলচ্চিত্রের গল্পটাও সেই রকম। জাহাজডুবির পর একজন মানুষ একা এক দ্বীপে গিয়ে ওঠে, সেখানে তার সঙ্গে পরিচয় হয় একটা লাল টুকটুকে কচ্ছপের। সেই কচ্ছপটাই তার জীবনটা পালটে দেয়। এই ছবির মজার বিষয় হচ্ছে, এ ছবিতে কোনো সংলাপই নেই!

.
.

যারা সুপারহিরোদের নিয়ে বানানো ছবি দেখতে ভালোবাসো, তাদের জন্য এই বছর থাকছে দম ফাটানো হাসির একটা ছবি, ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস। দুই দুষ্ট ছাত্র তাঁদের স্কুলের বদমেজাজি অধ্যক্ষকে পালটে দেয় কমিক বইয়ের এক মজার চরিত্রে। তারপর? জানতে হলে অপেক্ষা করতে হবে জুনের দুই তারিখ পর্যন্ত!
‘সিক্যুয়েল’ হলো কোনো চলচ্চিত্রের পরের অংশ। তোমাদের প্রিয় অনেকগুলো ছবির সিক্যুয়েলও বের হচ্ছে এই বছর। ডেসপিকেবল মি ৩, কারস ৩, দ্য লেগো: ব্যাটম্যান মুভি, দ্য ক্রুডস ২, দ্য নাট জব ২, স্মার্ফস: দ্য লস্ট ভিলেজ— অ্যানিমেশনগুলোতে এই বছর তোমার প্রিয় চরিত্রগুলোকে আবার দেখতে পারবে নতুন করে!
মাই লিটল পনি গেমটা যারা খেলেছ, তাদের নিশ্চয়ই এই গেমটা খুব ভালো লেগেছে! এই ছোট ছোট ঘোড়াদের নিয়ে আছে খেলনা, চাবির রিং, কার্টুন...সেই গেমের গল্প থেকেই এই বছরের অক্টোবরে বের হচ্ছে নতুন ছবি মাই লিটল পনি।
পিক্সার বিখ্যাত তাদের অ্যানিমেশন চলচ্চিত্রের জন্য। চলতি বছরেও আসছে তাঁদের নতুন একটি অ্যানিমেশন ছবি কোকো। ১০০ বছরের পুরোনো এক রহস্য উদ্ধারের কাজে নামে ১২ বছরের মিগুয়েল, রহস্যটা কি সে উদ্ধার করতে পারবে? জানতে অপেক্ষা করো নভেম্বর মাস পর্যন্ত!
আর বছরের শেষ মাসে বের হবে ফার্দিনান্দ। ষাঁড়ের লড়াই করায় ভয়ানক অনীহা তরুণ ষাঁড় ফার্দিনান্দের। কিন্তু দুর্ভাগ্য দেখো, তাকেই কি না অংশ নিতে হলো মাদ্রিদ শহরের বিখ্যাত এক ষাঁড়ের লড়াইয়ে, তা-ও আবার মূল তারকা হিসেবে! ভাবো অবস্থাটা একবার। কী করে এই পরিস্থিতি সামাল দেবে সে? ডিসেম্বরেই জানতে পারবে এর উত্তর!

.
.

এগুলো ছাড়াও এ বছর দেখতে পারো নতুন আরও বেশ কিছু অ্যানিমেশন ছবি। দ্য বস বেবিতে দেখতে পাবে চটপটে, দুষ্ট এক বাচ্চাকে; যে তার সাত বছরের বড় ভাইয়ের সঙ্গে দল বেঁধে নেমে পড়ে নতুন ‘অ্যাডভেঞ্চারে’। দেখতে পারো রক ডগ, ভেড়ার পালের পাহারাদার কুকুরের মজার সব কাহিনি দেখে মজা পাবে নিশ্চিত! আরও আছে লিপ। তোমাদের বয়সী ছোট্ট একটা মেয়ের নাচ শেখার গল্প নিয়ে এই ছবির গল্প। এ ছাড়াও এই বছর আরও যেসব মজার অ্যানিমেশন মুভি বের হবে তার মধ্যে আছে স্পার্ক, দ্য ইমোজি মুভি, দ্য স্টার, মনস্টার ট্রাকস, দ্য লেগো নিনজাগো মুভি, ব্লেজিং সামুরাই...
তো বুঝতেই পারছ, এই বছর তোমাদের আনন্দের কমতি কিন্তু নেই! বছরের প্রতিটা মাসেই নতুন নতুন সব অ্যানিমেশন ছবি, আর কী লাগে বলো তো! পড়াশোনার ফাঁকে সময় করে দেখে নিও এসব মজার ছবি।
সূত্র: মুভি ওয়েব