যা নিয়ে আছি
প্রাণটা শীতল করে দেয়কাইয়ুম চৌধুরী। এ দেশের চিত্রকলাকে যাঁরা নিজস্ব স্বকীয়তায় অনন্য করে তুলেছেন, তিনি তাঁদের একজন। আমাদের প্রচ্ছদশিল্পেরও পুরোধাদের অন্যতম তিনি। দীর্ঘ শিল্পীজীবনে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন ২০০০ সালে।পীরবংশের কথকতাএকসঙ্গে অনেক বই ঘুরিয়ে-ফিরিয়ে পড়া আমার অভ্যাস। একটি বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে অন্যটি খুলে বসি—এভাবেই একে একে শেষ হয় বইগুলো। সাধারণত সন্ধ্যার পর থেকে রাত যত গভীর হয়, বইয়ের সঙ্গে আমার ওঠাবসাও তত গভীর হতে থাকে। এখন বেশ কয়েকটি বই পড়ছি একসঙ্গে। এর মধ্যে সৈয়দ শামসুল হকের আত্মজীবনী প্রণীত জীবন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা ও পুর্ণেন্দু পত্রীর কবিতার বই অন্যতম। সৈয়দ হকের আত্মজীবনীর পাতা ওল্টাতে ওল্টাতে বিচিত্র উপলব্ধি হলো। দেখলাম, একজন মানুষ কী অধ্যবসায় আর স্ট্রাগলের মধ্য দিয়েই না আজকের অবস্থানে উঠে এসেছেন। প্রণীত জীবন-এর পাতায় পাতায় লেখা আছে সেসব। বইটির একটি বিশেষ অংশ সৈয়দ শামসুল হকের পারিবারিক বৃত্তান্তে ভরপুর। তাঁর বংশলতিকা, পিতা-মাতার কথা...তিনি পীরবংশের সন্তান, পীর হিসেবে মুরিদদের বাড়িতে অহরহ ভ্রমণ করছেন তাঁর পূর্বপুরুষেরা—এমন সব বিচিত্র তথ্যে বইটি বেশ সুখপাঠ্য।কণ্ঠ ও যন্ত্রের ঐকতানেযন্ত্র এবং কণ্ঠ—সংগীতের দুই মাধ্যমই আমাকে ছুঁয়ে যায় সব সময়। যখন ওস্তাদ আলী আকবর খান কি আমজাদ আলী খানের সরোদ শুনতে শুনতে ক্লান্ত লাগে, তখন শুনি অজয় ভট্টাচার্যের গান। আর কমল দাশগুপ্তের সেই সুরগুলো কী যে অসাধারণ! মাঝেমধ্যে নিজের মধ্যে অসহায়ত্ব বোধ জেঁকে বসে—তখন সুচিত্রা মিত্রের কণ্ঠে প্রাণ ভরে শুনি ‘জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো...।’ আসলে রবীন্দ্রনাথের গানে তো বাণীকে অবলম্বন করে সুর আসে, তো সেই সুর প্রাণটা শীতল করে দেয়।অপর্ণার ছবির গল্পহাল আমলে হলে বসে ফিল্ম দেখা হয় না। যা দু-একটা দেখি, ওই ডিভিডিতেই। শেষ দেখলাম অপর্ণা সেনের ছবি জাপানিজ ওয়াইফ। এক বাঙালি যুবকের সঙ্গে জাপানি মেয়ের প্রেমের বিয়োগান্ত মুভি এটি। তবে অপর্ণার অন্যান্য ছবির তুলনায় এটি আমার কাছে বেশ দুর্বল মনে হয়েছে।রং-রেখার মাঝেআমি ছবির মানুষ। প্রদর্শনীতে বিভিন্ন শিল্পীর কাজ দেখতে আমার ভালো লাগে। বেশ কিছুদিন আগে ওয়াশিংটনে এক রেড ইন্ডিয়ান শিল্পীর একটি প্রদর্শনী দেখে চোখ জুড়িয়ে গিয়েছিল। ‘আর্টস অ্যান্ড ক্রাফট’ শিরোনামের ওই প্রদর্শনীটি ছিল অয়েল ও অ্যাক্রোলিক মাধ্যমে। ওই ছবিগুলো চোখে লেগে আছে আজও। কিন্তু আমাদের এখানে যত প্রদর্শনী হয়, এর মধ্যে কিছু কিছু ভালো কাজ থাকলেও মনের গভীরে তীব্রভাবে দাগ কাটার মতো ছবি দেখি না অনেক দিন। তবে শিল্পী শাহাবুদ্দিন, মনিরুল ইসলামের কাজ আমাকে টানে। সাক্ষাত্কার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ