>

‘হে কলম, উদ্ধত হ’য়ো না, নত হও, নত হতে শেখো’—কবিতায় এভাবেই নম্রভাষ্যে কথা বলতেন তিনি। বাংলা ভাষার অন্যতম কবি রফিক আজাদ চলে গেলেন ১২ মার্চ
রফিক আজাদ ও ষাটের দশকের কবিবন্ধুদের সঙ্গে আমার নিবিড় পরিচয় অনেকটা পরে। কারণ, প্রথা ভাঙা নানা ছোটকাগজকে কেন্দ্র করে আমাদের ষাটের দশকের কবি-লেখকেরা যে নতুন তরঙ্গ সৃষ্টি করেছিল, তাদের সেই উত্তাল সৃষ্টিমুখর সময়টিতে জীবনের পাকেচক্রে আমি ছিলাম দেশ থেকে কিছুটা দূরে, কলকাতায়। কিন্তু রফিক আজাদের সাহিত্যিক সূত্রপাত ও উত্থানপর্বের খোঁজখবর পেতাম কলকাতায় বসেই, কফি হাউসের আড্ডায়—ওপার বাংলার সাহিত্যের নতুন নক্ষত্রদের আলাপে। ক্বচিৎ ঢাকা থেকে নানা বাধা উজিয়ে নিকট প্রবাসে পেয়ে যেতাম স্বাক্ষর, সাম্প্রতিক, কণ্ঠস্বর কিংবা আরও কোনো ছোটকাগজের দু-একটি সংখ্যা।
ক্লেদজ কুসুমের কুলগুরু ফরাসি শার্ল বোদলেয়ারের নাছোড় প্রভাব কলকাতায় শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং ঢাকায় রফিক আজাদ, প্রশান্ত ঘোষাল, আবদুল মান্নান সৈয়দ প্রমুখের লেখাজোকায় উপচে পড়েছিল প্রবল বেগে। একই সঙ্গে মার্কিন মুলুকের বিট জেনারেশনও দূরাগত শীতের মতো জাঁকিয়ে বসেছিল গত শতকের এসব বঙ্গীয় কবিকুলের মানস-মহলে। বিশেষ করে রফিক আজাদের কবিতার কনফেশনাল ভঙ্গি আমাকে আকৃষ্ট করেছিল ভীষণভাবে। কবিতা চর্চার শুরু থেকেই জীবন ও কবিতার মাঝখানে কোনো যতিচিহ্ন টানেনি রফিক। ওর কবিতায় মানবসভ্যতার এক প্রতিনিধি হিসেবে নিজেকে আদিম-উদোম অথবা নির্খোলস ভঙ্গিমায় উপস্থাপনের যে মুনশিয়ানা লক্ষ করেছি, তা বজায় ছিল শেষাবধি।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর আমি যেমন দেশে—ঢাকায় ফিরে আসি, অনুরূপভাবে রফিক আজাদের প্রথম কবিতার বই অসম্ভবের পায়ে বের হয় স্বাধীনতার পরে। এ প্রসঙ্গে এখনকার তরুণ কবিদের জন্য এক শিক্ষণীয় উদাহরণ রেখে গেছে রফিক। স্বাধীনতার আগেই কবি হিসেবে প্রবল খ্যাতিমান রফিক আজাদের প্রথম বইয়ের প্রকাশ সাল ১৯৭৩, বাংলাদেশের জন্মেরও দুই বছর পর। জানা যায়, অন্তরঙ্গ দীর্ঘশ্বাস নামে ওর প্রথম বই প্রকাশের পরিকল্পনা থাকলেও পরে সেই বইয়ের নাম বদলে গিয়ে নির্বাচিত হয় রবীন্দ্র পঙ্ক্তি-আহরিত অসম্ভবের পায়ে। আরও মজার ব্যাপার, ফেলে আসা দীর্ঘশ্বাসের জন্য হাহাকারের মতোই রফিক আজাদ মৃত্যুর বছর কয়েক আগে অন্তরঙ্গ দীর্ঘশ্বাস নামে নিজের একটি কবিতার বই প্রকাশ করেছিল।
যা হোক, মেঘে মেঘে বেলা হলো ঢের। স্বাধীন স্বদেশে জীবন-জীবিকা-পরিবার ইত্যাদি নানা জাগতিক কারণে আমরা যেমন ভিন্ন ভিন্ন উপান্তে ছিটকে পড়ি, কবিতার অমোঘ টানে আবার একও হই। বলা ভালো, প্রথম পরিচয়েই রফিক আজাদ আনুষ্ঠানিক পরিচয়ের নিকুচি করে যেন রসে-বসে জীবন কাটানোর ইশতেহার তুলে দেয় আমার হাতে। আরও বলতে হয়, ওর সঙ্গে আমার যে বন্ধুত্ব, তা তো কেবল দ্বিপক্ষীয় নয়, একের সঙ্গে দুই, দুই পেরিয়ে চার, চার পেরিয়ে আট—এমন অসংখ্য বন্ধুবৃত্ত সংক্রামক স্বর্ণাভ ব্যাধির মতো বিস্তারি; বিস্তার করে চলে হররোজ চায়ের আড্ডায়, পানশালার চুমুকে-গেলাসে, রফিকের বাংলা একাডেমির আপিসে, কি ওর পরের কর্মস্থল রোববার বা ঘরে বাইরে–তে। উল্টোদিকে আমার উড়নচণ্ডী এলেবেলে পেশাজীবনে কখনো সচিত্র সন্ধানী কিংবা ভারত বিচিত্রা আপিসের চেয়ার-টেবিলেও আভা ছড়িয়েছে এই বন্ধুবৃত্ত। আর আমাদের বন্ধুবৃত্তের পেছনে বয়সী বটের ঝিলিমিলি ছায়া হয়ে থাকতেন শামসুর রাহমান, আবু জাফর ওবায়েদুল্লাহ ওরফে সেন্টু ভাই, সব্যসাচী সৈয়দ শামসুল হক, বুধবার রাতে-এর কিংবদন্তি লেখক সাইয়িদ আতীকুল্লাহ, সন্ধানীর পুরোধা গাজী শাহাবুদ্দিন। সমসাময়িক গুলতানি মারার অধিকারে যুক্ত ছিলেন ‘ওস্তাদ’ শহীদ কাদরী, মাহমুদুল হক, আবদুল মান্নান সৈয়দ, আসাদ চৌধুরী, সিকদার আমিনুল হক, রবিউল হুসাইন, হাবিবুল্লাহ সিরাজী আরও কত কে!
এবং অতি অবশ্যই কবিতার সংগঠন ‘পদাবলি’ আমাদের বন্ধুতা ও কবিতায় নতুন ঘোর বয়ে এনছিল। কত দিন কত রাত আবু জাফর ওবায়েদুল্লাহর বদান্যে রফিক আজাদসহ আরও আরও কবি-লেখকদের ফেনিল আড্ডা-আসরে রাত্রি গুলজার করেছি, তার ইয়ত্তা নেই কোনো। সব আসরেই রফিক আজাদ ছিল বিশিষ্ট ও স্বতন্ত্র—তূরীয় দক্ষতায়। পদাবলির সেই কবিতা-ঘোরগ্রস্ত সময়েই অনুধাবন করেছি কবির পাশাপাশি সংগঠক হিসেবেও সে কতটা অনন্য। আমার বিশ্বাস আরও পোক্ত হয়েছে পরবর্তীকালে জাতীয় কবিতা পরিষদের সভাপতি হিসেবে রফিকের ঐকান্তিকতা ও নিষ্ঠা দেখে।
সম্পাদক হিসেবে রফিক আজাদের যোগ্যতা যে তুলনারহিত তা স্বাক্ষর, টিপসহি থেকে বাংলা একাডেমির সাহিত্যপত্র উত্তরাধিকার, রোববার, ঘরে বাইরে প্রভৃতির মধ্যেই দৃশ্যমান। বুদ্ধদেব বসু মারা যাওয়ার অব্যবহিত পর তাঁকে নিয়ে উত্তরাধিকারের যে বিশেষ সংখ্যা রফিকের মেধায়-শ্রমে ও প্রেমে প্রকাশিত হয়েছিল, দুই বাংলার সুধী মহলেই সেটি ফেলেছিল সমান সাড়া। তা ছাড়া হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলনের মতো তৎকালীন তরুণ প্রতিভাদের সম্পাদক রফিক আজাদ শনাক্ত করেছিল পাকা জহুরির মতো। আর বাংলা কাব্য জগতে কত যে তরুণ-তরুণী ওর প্রণোদনায় শামিল হয়েছে সাহিত্যিক শোভাযাত্রায়, তার শুমার নেই কোনো।
এই লেখককেও যে রফিক ওর কাগজে বাধ্য করেছে কবিতা ও গদ্য লিখতে, সেটি কি এখানে নতুন করে লিখতে হবে! আবার আমার আহ্বানে সে-ও সোৎসাহে সাড়া দিয়েছে সব সময়, আমার সম্পাদিত কাগজে লিখেছে দু-হাত খুলে। মণিমুক্তার মতো ওর সেই সব লেখা কাগজগুলোর মর্যাদা বাড়িয়েছিল বৈকি!
১৯৭৬-এর ৩০ জানুয়ারি প্রয়াত সম্পাদক শাহাদাত চৌধুরীর বিচিত্রায় ‘কবি-কবিতা-ঢাকা’ শিরোনামে আমার একটি দীর্ঘ গদ্য প্রকাশিত হয়। এই লেখায় বাংলাদেশে সেই সময়ের সক্রিয় নির্বাচিত কবিদের সম্পর্কে সাধারণ আলোচনা যেমন ছিল, তেমনি এই অধম গৃহীত কবিতার তিন ভুবনের নক্ষত্রত্রয়ী শহীদ কাদরী, আবদুল মান্নান সৈয়দ এবং একক ও অদ্বিতীয় রফিক আজাদের কবিতা-বিষয়ক নাতিদীর্ঘ সাক্ষাৎকারও সন্নিবেশিত ছিল। নিজের কবিতার মতো সেই সাক্ষাৎকারেও রফিক যেন খাপখোলা তলোয়ার। পাঠকের স্মৃতিকে উসকে দিতে সেই সাক্ষাৎকারের অংশবিশেষ উদ্ধৃত করা গেল: