
মানুষের শরীর মডেল করে তেলরঙে বাস্তবধর্মী ছবি আঁকার শিল্পীর সংখ্যা এখন হাতে গোনা। বিটপ শোভন বাছাড় সেই স্বল্পসংখ্যক শিল্পীদেরই একজন। সম্প্রতি ‘জীবনে যা চাই, আর যা পাই’ শিরোনামে তাঁর প্রথম একক প্রদর্শনী হলো আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে। প্রথম দেখায় শোভনের ছবিগুলো বাস্তববাদী শৈলীর মনে হলেও আঙ্গিক ও করণকৌশলের বিশেষত্বে এবং নানা প্রতীক ব্যবহারে হুবহু বাস্তববাদী শৈলীর প্রাধান্য পায়নি।
গ্যালারির অধিকাংশ ছবিই বড় আকৃতির, আঁকা হয়েছে ক্যানভাসে তেলরঙে। প্রদর্শনীতে সমাজের বঞ্চিত, হতাশাগ্রস্ত, ভাগ্যবিড়ম্বিত খেটে খাওয়া মানুষের শরীর মডেল করে মানুষের অভ্যন্তরীণ যাতনার গীতিকাব্য এঁকেছেন শিল্পী। এখানে হতাশ মানুষের অন্তর্জ্বালা, ছিন্নমূল শিশুদের নেশাগ্রস্ততা, স্বপ্নভঙ্গ শ্রমিকের ক্লান্তি, অসহায় মায়ের যন্ত্রণাক্লিষ্ট মুখ—আছে দুঃখপীড়িত নানান বাস্তবতার রূপ। তবে কয়েকটি ছবিতে স্বপ্নও দেখিয়েছেন শোভন।
তাঁর উপস্থাপিত মানব মুখমণ্ডল কখনো আনত, কখনো অবনত, কখনো-বা উদাসী হয়ে বিশ্ববিধাতার পানে তাকানো। তাই দর্শকের সঙ্গে চোখাচোখি হয় না। ফলে হতাশা কিংবা অন্তর্ভাবনার কথা অনুমান করলেও ভেতরের দহনের গল্পগুলো শুনতে পাওয়া যায় না সেভাবে।
গুলশান হত্যাকাণ্ডের পরবর্তী সময়কালে প্রাসঙ্গিক হয়ে উঠেছে শোভনের দুটি সিরিজচিত্র। ‘ঠাকুরদার সাথে নাতি’ সিরিজচিত্রের ছবিতে দেখা যায়, দাদুর কাছে দোতারা বাজানোর শিক্ষা নিয়ে নির্মল সময় কাটাচ্ছে শিশু। অপরপক্ষে ‘পথশিশুর শৈশব’-এ দেখানো হয়েছে অভিভাবকহীন পথশিশুদের নেশাগ্রস্ততা।
নেপথ্যে বিধ্বস্ত অবকাঠামোয় চাপা পড়া মানুষের অঙ্গপ্রত্যঙ্গ উপস্থাপন করেছেন বলেই হয়তো ছবিগুলোতে প্রকৃতির ছোঁয়া ব্যবহার করেননি শোভন। তাঁর মডেলরা প্রকৃতির সবুজ ছোঁয়ার বাইরে। মানুষের শরীরে জৌলুশ নেই তাঁর চিত্রে। তেলরং যেন ম্যাটমেটে, পোড়া রং অর্থাৎ বাদামি, ধূসর ও ছাই রঙের প্রাধান্যই দেখা যাবে এখানে। শরীরগুলো গতিহীন। বাংলার লোকজ প্রতিমাশিল্পে কাঁদামাটির প্রলেপ দেওয়া গড়নের মতো মডেলের শরীরগুলো স্তম্ভিত। মুখমণ্ডল, হাত-পায়ের আঙুল, নখ, চুল প্রভৃতির পুঙ্খানুপুঙ্খ আকারের প্রতি দৃষ্টি নেই শিল্পীর। শ্রমজীবী মানুষের অনাবৃত শরীর উপস্থাপনে বালির আস্তরণ বা টেকচার দিয়ে একধরনের বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করেছেন তিনি। এসবই তাঁর প্রতীকায়নের নিদর্শন। মসৃণ ক্যানভাসে উজ্জ্বল রঙে মানুষের মানবেতর দিনলিপি আঁকতে চাননি শিল্পী, চেয়েছেন জীবনের ঘাত-প্রতিঘাতের মতো তুলির ঘষাটানে শরীরে কষ্টের আঘাত সৃষ্টি করতে।
তাঁর ছবিতে শরীরের কাঠামোগত বলিষ্ঠতা থাকলেও মানসিক জড়তা, হতাশা ও ভারাক্রান্ত হৃদয়ই যেন বেশি। ছায়াচ্ছন্ন মুখ, শকুন, কঙ্কাল, অর্ধমৃত মানুষের হাত-পায়ের অংশ ও নানান সংকেতচিহ্ন বিন্যাসিত হয়েছে ছবিগুলোতে।
আরেকটি কথা, শোভনের ছবিতে প্রাচ্যরীতির বহুমাত্রিক দৃষ্টিকোণের সমাবেশে সাজানো হয়েছে মডেলদেরকে। আলোছায়া ব্যবহারেও ফটোগ্রাফির নির্দেশিত আলোছায়া অনুমান করা যায়। সামাজিক চাপ এবং ভগ্নহৃদয়ের সিরিজচিত্র শিল্পী কামাল উদ্দিনের বহুল ব্যবহৃত মডেল ও বিষয়চিন্তনের উপস্থাপনের ধরন দ্বারা প্রভাবিত। তবে তেলরঙের শ্রম, সাধনানির্ভর চর্চায় এ প্রদর্শনী অবশ্যই প্রশংসনীয়।
২২ জুলাই শুরু হয়ে প্রদর্শনীটি শেষ হয়েছে ২ আগস্ট।