যানের জট হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আলী পেশায় ক্যাবচালক। তাঁর প্রস্তাবিত পরিকল্পনা গ্রহণ করেই ঢাকার কাঁচপুর, বনানীর কাকলি ও র‌্যাডিসন হোটেল পয়েন্টে ইউ লুপ পদ্ধতিতে যানজট নিরসনের এক মহাপরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে, যা সফল হলে নগরবাসী পাবে এক নতুন ঢাকা। পেশায় তিনি একজন ক্যাবচালক। পড়াশোনা চতুর্থ শ্রেণী পর্যন্ত। দারিদ্র্যের কারণে খুব অল্প বয়সেই গাড়ি মেরামত কারখানায় কাজ শুরু করেন। পরে পেশা হিসেবে বেছে নেন গাড়ি চালনাকে। আর গাড়ি চালাতে গিয়েই দেখলেন, যানজটের কারণে গাড়ি চালানো যাচ্ছে না। গন্তব্যে পৌঁছাতে সব সময়ই দেরি হয়ে যাচ্ছে। কাজেই সময়ের কাজ কখনোই সময়মতো করা যাচ্ছে না। যানজটে পড়ে অসুস্থ রোগীর তাঁর ট্যাক্সিতেই শেষনিঃশ্বাস ত্যাগ করার ঘটনা ঘটেছে, যা স্বচক্ষে দেখেছেন তিনি বেশ কয়েক বার। গাড়ির মধ্যে মৃত মানুষটিকে ঘিরে তার স্বজনের হাহাকার-কান্না অনেকবার মোহাম্মদ আলীকে ছুঁয়ে গেছে। তখন থেকেই মোহাম্মদ আলী ভাবতে শুরু করলেন এই দুঃসহ যানজট থেকে কীভারে মুক্তি পাওয়া যায়! তিনি ঘুরে বেড়াতে লাগলেন ঢাকার বিভিন্ন যানজটপ্রবণ পয়েন্টে। মালিবাগ, মগবাজার, গুলিস্তান, কাঁচপুর, আমিনবাজার, গাবতলী, ধানমন্ডি—সব জায়গায় গিয়ে তিনি দেখলেন, কিছু নির্দিষ্ট এলাকায় প্রয়োজনীয় কিছু অবকাঠামো না থাকায় এই যানজট হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা ঢাকার সিগন্যাল পয়েন্টগুলো, চার রাস্তার মোড়ে গাড়ির যত্রতত্র ডান দিকে মোড় নেওয়া এবং সিগন্যাল ছাড়ার পর গাড়িগুলোর বাধাহীনভাবে দ্রুত চলে যেতে না পারা। এসব দেখে তিনি চিন্তা করলেন এমন এক ধরনের পদ্ধতির কথা, যাতে কোনো সিগন্যাল থাকবে না, ডানে মোড় থাকবে না এবং রাস্তার চারদিক দিয়ে আসা সব গাড়ি একই সঙ্গে চলাচল করতে পারবে বাধাহীনভাবে। এমনকি সেখানে প্রয়োজন নেই ট্র্যাফিক পুলিশের। কয়েকটি ক্লোজ সার্কিট ক্যামেরার সাহায্যেই এই পদ্ধতিতে গাড়ির গতিবিধি চমৎকারভাবে পর্যবেক্ষণ করা সম্ভব।মোহাম্মদ আলী ভেবেই ক্ষান্ত হননি, তিনি তাঁর ভাবনাটা ছড়িয়ে দিতে চেয়েছেন দেশের প্রশাসনিক মহলেও। এপযার্েয় পরিবহন বিশেষজ্ঞ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তাব্যক্তি—সবাই এক বাক্যে স্বীকার করেছেন, এই স্বল্পশিক্ষিত ক্যাবচালক খুলে দিয়েছেন অনেক নীতিনির্ধারকেরই চোখ। কেবল সদিচ্ছা আর চিন্তায় সততা থাকলে কি না হয়, তার প্রকৃষ্ট প্রমাণ এই ক্যাবচালক মোহাম্মদ আলী।‘ইউ লুপে’ যানজট নিরসনযানজট নিরসনে মোহাম্মদ আলী তাঁর এই চিন্তাভাবনা প্রথম দেখানোর সুযোগ পান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ শামসুল হককে। তাঁর ক্যাবে ওঠা একজন যাত্রীই তাঁকে অধ্যাপক শামসুল হকের কাছে নিয়ে যান। আলী তাঁর বক্তব্য তুলে ধরেন অধ্যাপক হকের কাছে। মোহাম্মদ আলী সম্পর্কে শামসুল হক বলেন, ‘এটি পুরকৌশলেরই একটি বিষয়। ব্যাপারটি বিস্ময়কর এ কারণে যে সে তো কোনো দিন পুরকৌশল পড়েনি। সে ইন্টারনেট দেখতে জানে না, সে বিদেশেও কখনো যায়নি। তাই একজন স্বল্পশিক্ষিত লোকের পক্ষে যানজটের এমন নিখুঁত সমাধান বের করা সত্যিই অভাবনীয়।’ শামসুল হকের মতে, ‘মোহাম্মদ আলী যানজট সমস্যার মূল নিয়ে ভেবেছে। ধন্যবাদটা সে কারণেই তাকে বেশি করে দিতে হবে।’শামসুল হক মোহাম্মদ আলীকে যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন বৈঠকে নিয়ে যান। সেখানে যানজট নিরসনে মোহাম্মদ আলীর কাজ ও ভাবনা দেখে বিস্মিত হন অনেকেই। ঢাকার সাবেক পুলিশ কমিশনার শহীদুল হকও মোহাম্মদ আলীর এই ভাবনাকে বাস্তবায়ন করার উদ্যোগ নেন। এখন ঢাকার কয়েকটি পয়েন্টে মোহাম্মদ আলীর পদ্ধতি প্রয়োগ করে যানজট দূর করার সিদ্ধান্ত নিয়েছেন নীতিনির্ধারকেরা। এই লক্ষ্যে ঢাকার কাঁচপুর, বনানীর কাকলি ও র‌্যাডিসন হোটেল পয়েন্ট এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মোহাম্মদ আলীর ভাবনা প্রয়োগ করা হবে, যা দিয়ে বাস্তবায়িত হবে মোহাম্মদ আলীর যানজটমুক্ত ঢাকার স্বপ্ন। একই সঙ্গে দূর হবে এই মেগাসিটির বিভিন্ন অংশের কোটি কোটি মানুষের প্রতিদিনকার অসহনীয় দুর্ভোগ।শেষ কথামোহাম্মদ আলীর জীবনের একমাত্র চাওয়া-পাওয়া অর্থ নয়, বিত্ত নয়; তাঁর চাওয়া ঢাকা নগরে গাড়ি চলবে বাধাহীন, রাজসিক গতিতে। সেই গতি সঞ্চারিত হবে এ দেশের প্রতিটি মানুষের মধ্যে। কর্মমুখর একটি দিনে মানুষ একসঙ্গে অনেক কাজ করবে, সেটাও তাঁর জীবনের পরম চাওয়া।