যুক্তি-তর্ক-গল্পে সত্তর দশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্তর দশক, খণ্ড এক—সম্পাদনা: অনিল আচার্য, অনুষ্টুপ, কলকাতা, প্রচ্ছদ: হিরণ মিত্র, ২৮৮ পৃষ্ঠা, বাংলাদেশে ৩৬০ টাকাআমাদের চোখ ফোটার কাল থেকেই জানি, এক অগ্নিগর্ভা যুদ্ধে সার্বভৌমত্বের মাদুলি পেয়েছি আমরা। যুদ্ধকালীন ১৯৭১-এ আমাদের অনেকের হয়তো জন্ম হয়নি কিন্তু পরবর্তী পর্যায়ে সেই কালের কীর্তিগাথা শুনতে শুনতে জেনেছি অনেক কিছু। কেউ কেউ বলেন, সে একসময় ছিল! বস্তুত, সত্তরের পুরো দশকটাই এক অগ্নিগর্ভা সময়। এই সময়ে এপার বাংলায় আমরা যেমন নতুন দেশের মানচিত্র পেয়েছি, তেমনি কাঁটাতারের ওপাশে ওপার বাংলাও ছিল উত্তাল। নকশালবাড়ি আন্দোলন, শ্রমিক বিদ্রোহসহ নানামাত্রিক প্রপঞ্চ ভারতরাষ্ট্রের এই ভূখণ্ডকে অস্থির করে রেখেছিল সেই সময়ে। ওপার বাংলায় কেমন ছিল তার রূপ অবয়ব? জানা যাবে অনিল আচার্য সম্পাদিত সত্তর দশক (খণ্ড এক) শিরোনামাঙ্কিত সংকলনের পৃষ্ঠায় পৃষ্ঠায়। ‘ওদের স্বপ্ন কি ব্যর্থ হয়ে যাবে, হাজার হাজার তরুণের স্বপ্ন?’— মৃণাল সেনের মহাপৃথিবী চলচ্চিত্রে মায়ের এই সংলাপটি সংবেদনশীল যেকোনো মানুষের বুকে অভিঘাত তুলবে। নকশালবাড়ি আন্দোলন এবং তার ব্যর্থতার পরম্পরায় চলচ্চিত্রে মা এই প্রশ্নটি ছুড়ে দেন দর্শকদের সামনে। তবে সেই যে নকশালবাড়ি আন্দোলন আর তার প্রেক্ষাপটে কলকাতার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর চোখে নতুন স্বপ্নের বীজাঙ্কুর, বিপরীতে পুলিশের দমন-পীড়ন, এসব এখন ইতিহাস। সেই ইতিহাসের এক টুকরো হয়তো জানি আমরা, অন্ততপক্ষে আমাদের মতো সাধারণ পাঠক। এবার একটি উত্তাল দশকের খেরোখাতা পুরোটা জানার সুযোগ ঘটে গেল। বস্তুত, সত্তর দশক নামের পুস্তকটি তৎকালের সামাজিক-অর্থনৈতিক তথা আর্থ-সামাজিক রাষ্ট্রকাঠামো ও জীবনব্যবস্থার বয়ান, ইতিহাস তুল্যমূল্যের ক্ষেত্রে যার স্বতঃ মূল্য রয়েছে। অনিল আচার্য সম্পাদিত সত্তর দশকের সামাজিক-রাজনৈতিক, সাহিত্য ও সংস্কৃতির দলিল সংবলিত বইয়ে সত্তর দশকের চালচিত্র বিধৃত হয়েছে ১০টি প্রবন্ধের পরিসরে। সমর সেনের সত্তর দশকের চালচিত্র, সুমন্ত বন্দ্যোপাধ্যায়ের নকশালবাড়ি আন্দোলন ও সত্তর দশক, এবং মহাশ্বেতা দেবী রচিত সত্তর দশক এবং তারপরে এমন সব রচনায় সেইসব দিনরাত্রির উত্তাল স্রোতচিহ্ন যেমন লভ্য, তেমনি আছে বিশ্লেষণও। তা ছাড়া এই বইয়ের ভূমিকা-অংশ সত্তর দশকের পূর্বাপর উপলব্ধির ক্ষেত্রে পাঠকের জন্য সিঁড়ি হিসেবে কাজ করবে। —আলতাফ শাহনেওয়াজ