যুগান্তকারী আবিষ্কারে রুবহানা
এত দিন যক্ষ্মা শনাক্ত হতো কফ-থুতু কিংবা বুকের এক্স-রে পরীক্ষার মাধ্যমে, এ পরীক্ষায় বিপুলসংখ্যক রোগী পজিটিভ প্রমাণিত হলেও তাদের শরীরে সক্রিয় যক্ষ্মা আছে কি না তা এক শ ভাগ নিশ্চিত করে বলা যেত না। রুবহানা রকিবের যুগান্তকারী গবেষণায় এখন শুধু রক্ত পরীক্ষার মাধ্যমেই খুব সহজে শরীরে যক্ষ্মার জীবাণুর উপস্থিতি শনাক্ত করা সম্ভব হচ্ছে। গত প্রায় ৫০ বছর যক্ষ্মার নতুন কোনো ওষুধ পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। যক্ষ্মাকে দরিদ্র মানুষের ব্যাধি বলা হয়। অনেকে অভিযোগ করেন, দরিদ্র দেশ ও মানুষের মধ্যে যক্ষ্মার প্রাদুর্ভাব বেশি হওয়ার কারণে নতুন ওষুধ আবিষ্কারের ব্যাপারে ধনী দেশগুলোর আগ্রহ কম। সুখের খবর, বাংলাদেশেই সেই নতুন ওষুধ আবিষ্কারের গবেষণা শুরু হয়েছে। এই গবেষণার পুরোভাগে আছেন ড. রুবহানা রকিব। তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি প্রাণরসায়ন পরীক্ষাগারের প্রধান। প্রথম আলোকে রুবহানা রকিব বলেছেন, ‘যক্ষ্মার সম্ভাব্য একটি নতুন ওষুধ নিয়ে আমরা গবেষণা করছি। বছর দুই পরে এই গবেষণার ফলাফল জানা যাবে।’ এই গবেষণার সঙ্গে জড়িত আছে সরকারের জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল।যক্ষ্মা বিষয়ে রুবহানা রকিবের প্রথম গবেষণা ছিল যুগান্তকারী। আইসিডিডিআরবিতে তিনি এবং তাঁর সহগবেষকেরা রক্ত পরীক্ষার মাধ্যমে যক্ষ্মা নির্ণয়ে নতুন প্রণালি (ডায়াগনস্টিক মেথড) আবিষ্কার করেছেন। আবিষ্কৃত এই প্রণালির নাম অ্যান্টিবডিজ ইন লিম্ফোসাইট সুপারন্যাট্যান্ট (এএলএস)। এই প্রণালিতে রক্ত পরীক্ষা করেই শরীরে যক্ষ্মার জীবাণুর উপস্থিতি শনাক্ত করা যাচ্ছে। রুবহানা রকিব ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৯৫ সালে সুইডেন থেকে ইমিউনোলজিতে পিএইচডি এবং যুক্তরাষ্ট্র থেকে ২০০৫ সালে পুষ্টি বিষয়ে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। গবেষণা-জীবনের এই পর্যায়ে এসে এখন তাঁর মনে হচ্ছে, তিনি একটা পথ খুঁজে পেয়েছেন।‘আগে গবেষণা করেছি নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য ছাড়াই। এখন একটা ট্র্যাক খুঁজে পেয়েছি।’ বর্তমানে একাধিক গবেষণা করছেন সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে।মায়ের কাজে অনুপ্রাণিত হয়ে ছেলে তাঁর গবেষক হতে চেয়েছিলেন। কিন্তু সন্তান গবেষক হোক তা এই বিজ্ঞানী মা চান না। ছেলে ও মেয়েকে তা জানিয়েও দিয়েছেন। নিজের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছেন, গুরুত্বপূর্ণ মৌলিক গবেষণার জন্য বহু অর্থের প্রয়োজন হয়। অর্থ সংগ্রহের জন্য মূল্যবান সময় ব্যয় করতে হয়। ঠিক সময়ে প্রয়োজনীয় অর্থ পাওয়াও যায় না।যক্ষ্মা রোগ নির্ণয়ের নতুন প্রণালি সারা পৃথিবীতে সাড়া ফেলেছে। এই প্রণালিতে ব্যক্তির শরীর থেকে রক্ত নিয়ে রক্তরস (সিরাম) ও রক্তকোষ (সেল) আলাদা করা হয়। এরপর রক্তকোষ কালচার (বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার জন্য জীবকোষ বাঁচিয়ে রাখার পদ্ধতি) করা হয়। যক্ষ্মার জীবাণু থাকলে রক্তকোষে অ্যান্টিবডি (রক্তে উৎপন্ন হওয়া ক্ষতিকর জীবাণু প্রতিরোধক) তৈরি হয়। কালচার করার পর এলাইজার (রং নির্ণয় পরীক্ষার মাধ্যম) মাধ্যমে রক্তকোষের অ্যান্টিবডি মাপা হয়। অ্যান্টিবডি পাওয়ার অর্থই হলো শরীরে যক্ষ্মার জীবাণু আছে।যক্ষ্মা বিশেষজ্ঞরা এই আবিষ্কারকে যুগান্তকারী বলছেন এই কারণে যে প্রচলিত পদ্ধতিতে কফ পরীক্ষার মাধ্যমে যক্ষ্মা নির্ণয় করা হয়। এতে শুধু ফুসফুসের যক্ষ্মা নির্ণয় করা সম্ভব। ফুসফুস-বহির্ভূত যক্ষ্মা কফ পরীক্ষা করে নির্ণয় করা সম্ভব না। কিন্তু মানুষের শরীরের নানা অঙ্গে যক্ষ্মা হয়। এ ছাড়া শিশুদের কফ সংগ্রহ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না বলে শিশুদের ক্ষেত্রেও প্রচলিত পদ্ধতি কাজে লাগে না। এএলএস পদ্ধতিতে শরীরে যক্ষ্মার জীবাণু থাকলেই শনাক্ত করা যাবে। নতুন এই উদ্ভাবন সারা পৃথিবীতে যক্ষ্মা নিয়ন্ত্রণে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। এই প্রণালিতে রোগ নির্ণয়ের সময় আগের চেয়ে কম লাগবে। এতে রোগ নির্ণয়ে যথার্থতার হারও বেশি। রুবহানা রকিব ২০০২ সালে এই প্রণালি নিয়ে গবেষণা শুরু করেন। আর ২০০৯ সালের ডিসেম্বরে এই উদ্ভাবনের স্বত্ব নিবন্ধন (প্যাটেন্ট) করেন যুক্তরাষ্ট্রে। রুবহানা রকিব জানান, এই প্রণালি আরও সহজ করার জন্য গবেষণা অব্যাহত রেখেছেন তিনি। একটি রাসায়নিক পাত (স্ট্রিপ) উদ্ভাবনের কাজ করছেন। যক্ষ্মা রোগ নির্ণয়ে উচ্চপ্রযুক্তির যন্ত্রপাতির প্রয়োজন হবে না। এই পাত ব্যবহার করে দুই দিনের কম সময়ে ফলাফল জানা সম্ভব হবে। এতে রোগ নির্ণয়ে খরচও কমে আসবে। ইতিমধ্যে পৃথিবীর একাধিক দেশে এই প্রণালির ওপর গবেষণা শুরু হয়েছে।এই বিজ্ঞানী সারা দিন ব্যস্ত থাকেন নিজের গবেষণা নিয়ে বা অন্যের গবেষণা তদারকে। সপ্তাহের ছুটির দিনে অষ্টম শ্রেণীতে পড়া মেয়েকে সঙ্গে করে গবেষণাকেন্দ্রে আসেন। বললেন, সংসার, আত্মীয়স্বজন সবকিছু ঠিক রেখে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। শ্বশুর ও মা উচ্চতর ডিগ্রির জন্য অনুপ্রাণিত করেছিলেন। স্বামী চট্টগ্রামে কাজ করতেন, কর্মস্থল ও কাজ পরিবর্তন করে ঢাকায় এসেছেন তাও অনেক বছর হলো। ‘অফিসে এত সময় ব্যয় হচ্ছে, সংসারে ক্ষতি হচ্ছে’—এই অভিযোগ পরিবারের কেউ কখনো করেননি, বরং সবাই সমর্থন করেছেন। পরিবার ও আত্মীয়স্বজন তাঁর কাজটিকে মূল্য দেয়। ‘আমার ছেলে ও মেয়ে দেখছে সবাই আমাকে সম্মান করে। ওরাও এটা শিখছে বলে আমার মনে হয়।’ ছেলেমেয়েকে সব কাজই করতে শেখাচ্ছেন। বিদেশে থাকার সময় দেখেছেন, সব কাজ সবার। ছেলেরা রান্না করছে। মেয়েরা ছেঁড়া বিদ্যুতের তার জোড়া দেয়। বললেন, ‘আমি যা শিখেছি আমার ছেলে ও মেয়ের ক্ষেত্রে তা ব্যবহার করছি। ওরা সেভাবেই বড় হচ্ছে।’ তবে তিনি বিশ্বাস করেন, পরিবারে একজন কর্তা থাকবেন, একটা হাইয়ারআর্কি থাকবে, শৃঙ্খলা থাকবে। কথার মাঝে নিজের কর্মক্ষেত্রেরও প্রশংসা করলেন এই বিজ্ঞানী। নারী হিসেবে কোনো বৈষম্যের শিকার হননি কখনো। প্রতিভাবান তরুণ বিজ্ঞানী ও গবেষকদের জন্য আদর্শ প্রতিষ্ঠান আইসিডিডিআরবি। প্রতিভা বিকাশে প্রায় সব রকম সহায়তা করে এই প্রতিষ্ঠান। দেশ ও দেশের মানুষ নিয়ে আশাবাদী এই বিজ্ঞানী। তিনি সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের পরিবর্তন দেখতে পান। বললেন, ‘এখন বহু মানুষকে জাতীয় পতাকা হাতে রাস্তায় দেখা যায়। এটা আশা জাগায়। আমি আমার পরিচিত ও প্রিয়জনদের বলি, বিদেশে পড়াশোনা করছ ভালো কথা, কিন্তু পড়া শেষে দেশে ফিরে এসো, দেশের জন্য কিছু করো। সন্তানদের ব্যাপারেও একই বক্তব্য।’নিজের গবেষণা ও সংসারের অভিজ্ঞতা থেকে এখন রুবহানা রকিব মনে করেন, এগিয়ে যেতে হলে নিজেকে পরিবর্তন করতে হয়, পরিবর্তন মেনে নিতে হয়। বললেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নরম প্রকৃতির ছিলাম। কিন্তু এখন শক্ত হয়ে পথ চলি।’