যুদ্ধকালের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ ডিসেম্বর ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে স্বপন চৌধুরীর একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীটি ব্যতিক্রমী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আঁকা ১৩০টি ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন। এর সঙ্গে রয়েছে সম্প্রতি করা কিছু চিত্রকর্ম। কাগজের ওপর কলম, প্যাস্টেল, জলরং, চারকোল, মিশ্র মাধ্যম প্রভৃতিতে করা ছবিগুলো মুক্তিযুদ্ধের সময়কে ধারণ করে আছে। স্বপন চৌধুরী তখন ঢাকা আর্ট কলেজের ছাত্র। শুধু রেখা দিয়ে ড্রয়িং কিংবা রঙে চিত্রিত ছবি, যেটাই হোক না কেন, তা যুদ্ধকে সরাসরি তুলে আনেন। শিল্পীর পরিণত দৃষ্টিভঙ্গির প্রতিফলনে যুদ্ধের সময়কে ধারণ করেও প্রতিটি ছবি হয়ে উঠেছে একটি স্বতন্ত্র। আতঙ্কের শহর, বিক্ষুব্ধ বাংলা, জ্বলন্ত গ্রাম, আহত নদী, বীভৎস নগর, বেদনার্ত বাউল, কলঙ্কিত পশুবধ, সারা বাংলায় যুদ্ধ, বিদায় সাক্ষাৎ, আহত প্রকৃতি, যুদ্ধজয়ের আনন্দ প্রভৃতি ছবি নিরীক্ষাধর্মী। বিষয়বস্তুকে ছাপিয়ে শিল্পের শৈলীগত উৎকর্ষ প্রধান হয়ে উঠেছে। এ কারণে যুদ্ধের সাক্ষ্য হিসেবে যেমন, তেমনি শিল্পকর্ম হিসেবেও এগুলোর গুরুত্ব আছে। একটি উল্লেখযোগ্য ছবি ‘মায়ের জন্য যুদ্ধ’। ক্যানভাসের ওপরে তেলরঙে আঁকা এ ছবিতে ফর্মের রূপান্তরশীলতা, নিরীক্ষাধর্মিতা এবং বিষয়ের প্রতীকী উপস্থাপনের চমৎকার মেলবন্ধন ঘটেছে। অনেকটা কিউবিক পরাবাস্তব রীতিতে আঁকা এ ছবিটি মনে করিয়ে দেয় পিকাসোর ‘গোয়ের্নিকা’ ছবিটির কথা। প্রাচ্য ও পাশ্চাত্যের চমৎকার সংশ্লেষ এ ছবিটি। শুধু রেখার সাহায্যে করা তাঁর ফিগারনির্ভর ছবিগুলো যুদ্ধের মূল সুর ফুটিয়ে তুলতে পেরেছে। একটি উল্লেখযোগ্য ড্রয়িং ‘বিদায় সাক্ষাৎ’। মায়ের ও ছেলের শেষ সাক্ষাৎ ফিগারের রূপান্তরশীলতা নিয়ে উপস্থিত হয়েছে। শিল্পীর সাম্প্রতিক সময়ে করা কিছু নিরীক্ষামূলক চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। জীবন ও সময়, বর্ষা, প্রকৃতি থেকে প্রভৃতি সিরিজের ছবিগুলো তার নিরীক্ষাধর্মিতার ধারাবাহিকতার সাক্ষ্য বহন করে চলেছে। প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।