আমার জন্মের তীব্র কান্নার শপথ নিয়ে বলছি,তার ডান ঊরু আর তলপেটের ভূমির সংযোগে একটি বুলেট ঘুমিয়ে আছে। চিহ্নের মর্মর ছাড়া আমাদের চেনা, তোমাকে কোথায় যেন দেখেছি! আজ আমাকে, সহাস্যে অক্ষর পুড়িয়ে আগুন পোহানো কিছু মানুষের সামনে দাঁড়িয়ে বলতেই হচ্ছে এই সংবাদ।এক্স-রে প্লেট দেখো, আমি মিথ্যে বলছি কি-না।দুধ-সাদা আলোর বিপরীতে ধরো, দেখবে একটি ক্যাপসুলের মতো যুদ্ধদিন শুয়ে আছে মাংসের নরম মাটিতে। নাকি বাংলার মাটিতে? আমি ভেবে নিতে পারি, আমাদের পাটের টাকায় আমেরিকা, চীন থেকে অথবা ইসরায়েল থেকে পাকিস্তান ওই কার্তুজ কিনেছিল। তার মনে পড়ে, ধানখেতের ভেতর বুকে হাঁটা রাত। ঝাঁক ঝাঁক গুলি। হঠাৎ নিথর পাশের বন্ধু তাজুল। অদূরে পুড়ছে গ্রাম, পালাচ্ছে মানুষ। মনে পড়ে, হাসপাতাল। চিকিৎসার হাসি। জীবন কী সুন্দর! কপালে বেঁচে যাওয়া মার হাত।বুলেটটা বের করলে নাকি পঙ্গু হতো পা, জনন ব্যাহত হতো। ‘যুদ্ধের যুদ্ধ থাক’,‘মুক্তিযোদ্ধার প্রমাণ থাক’, ডাক্তার হেসে বলেছিল।কেন যে পূর্ণিমা আসে, কেন অমাবস্যা, কী যে ব্যথা হয়!ঘুমন্ত বুলেট নড়াচড়া করে, স্বপ্ন দেখে নাকি?কী কথা আমাকে বলে চল্লিশ বছর? রাত-পাখির নিঃসঙ্গ ডাকের ভেতর আঙুলেরা শিশির-পরানে যুদ্ধচিহ্ন সেবা করে। ‘সত্যি একটা বুলেট ঢুকেছিল?’সে কি ব্যথার কাছে এইভাবে বলে সত্যকে অতীত করে দেবে?